ব্লাজিওর সামনে অনেক সমস্যা অগ্রাধিকার পাচ্ছে বিদ্যালয়
দ্বিতীয়বারের মতো নিউইয়র্ক নগরের মেয়র নির্বাচিত হওয়ার পর নগরের অনেক সমস্যা বিল ডি ব্লাজিওর সামনে এসে দাঁড়িয়েছে। এর মধ্যে বিদ্যালয়গুলোর বিদ্যমান সমস্যা দূর করাই হবে সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ। একে তিনি অগ্রাধিকার ভিত্তিতে শেষ করবেন বলে নির্বাচনী প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
৭ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ধস নামানো বিজয়ের পরের দিনই মেয়র বিল ডি ব্লাজিও এ ঘোষণা দেন। তিনি বলেন, তিনি নগরের স্কুল ব্যবস্থাকে সম্পূর্ণ ভিন্ন রূপে ঢেলে সাজাবেন।
মেয়র বিল ডি ব্লাজিওর প্রথম মেয়াদে দায়িত্ব গ্রহণের কয়েক মাস পর ইউসিএলএ (ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া লস্ এঞ্জেলেস্)-এর পরিচালিত গবেষণায় দেখা গেছে, নগরের সরকারি বিদ্যালয়গুলো যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ে ভীষণ বিচ্ছিন্ন অবস্থানে রয়েছে। অনেকেই মনে করছেন,
বিদ্যালয়গুলোর বিদ্যমান সমস্যা ব্লাজিও ঠিক কীভাবে সমাধান করবেন তা দেখার সময় এখনো আসেনি।
মেয়রের দ্বিতীয় চ্যালেঞ্জ হলো আবাসন সমস্যা। আবাসন সমস্যার সমাধানে তিনি নিউইয়র্ক অঙ্গরাজ্য সরকারের কাছে কিছু পরামর্শ তুলে ধরার পরিকল্পনা করছেন। এর মধ্যে বেশি গুরুত্ব বাড়ির মালিকদের ইচ্ছে মতো ভাড়া বাড়ানোর প্রবণতাকে থামিয়ে দেওয়া। যথেচ্ছ ভাড়া বৃদ্ধিকে আইনি নিয়ন্ত্রণের মধ্যে আনার উদ্দেশ্যে কঠোর আইন প্রণয়নের অনুরোধ করবেন। পরিবহন খাতে আরও অর্থ জোগানের উদ্দেশ্যে তিনি ম্যানশন ট্যাক্স এবং মিলিয়নর ট্যাক্স বাড়ানোর প্রস্তাব রাখবেন। উল্লেখ্য এ সবই অঙ্গরাজ্যের গভর্নর এবং আইন-প্রণেতাদের ওপর নির্ভর করে। এর আগেও এ ধরনের প্রস্তাব নাকচ হয়ে যায়।
এ ধরনের সমস্যা ছাড়াও ব্লাজিও আয়ের বৈষম্য হ্রাস, জননিরাপত্তা নিশ্চিত এবং উত্তম শাসন প্রতিষ্ঠিত করার পথে বিদ্যমান বাধার মতো সমস্যা দূরীকরণে উদ্যোগ নেওয়ার আশা রাখেন।