ব্লাজিওর সামনে কঠিন পথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কে ১১ নভেম্বর প্রবীণ দিবসের প্যারেডে মেয়র ডি ব্লাজিও
নিউইয়র্কে ১১ নভেম্বর প্রবীণ দিবসের প্যারেডে মেয়র ডি ব্লাজিও

রিপাবলিকান প্রার্থীকে গুঁড়িয়ে দিয়ে বিজয়ী হয়েছেন ৫৬ বছর বয়স্ক বিল ডি ব্লাজিও। ডেমোক্র্যাট ব্লাজিও পেয়েছেন ৭ লাখ ২৬ হাজার ৩৬১ ভোট, যা মোট প্রদত্ত ভোটের ৬৬ শতাংশ। আর রিপাবলিকান প্রার্থী ৩৬ বছর বয়স্ক নিকোল মালিয়াটকিস পেয়েছেন ৩ লাখ ৩ হাজার ৭৪২ ভোট, যা মোট প্রদত্ত ভোটের ২৮ শতাংশ। ব্লাজিও কয়েক যুগের মধ্যে প্রথম ডেমোক্র্যাট, যিনি পুনর্নির্বাচিত হলেন। ইতিপূর্বে এডওয়ার্ড আই কোচ ১৯৮৫ সালে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছিলেন (তখন পরপর দুইবারের মেয়াদের সীমা বহাল ছিল না)।

‘এটা প্রগতিশীলদের জন্য একটি শুভরাত্রি’ জয়ের পরে এভাবে অভিব্যক্তি জানালেন ব্লাজিও। ব্রুকলিন জাদুঘরে বিজয় উৎসবের ওই রাতে তাঁর পাশে ছিলেন স্ত্রী সারলিন ম্যাকার্থী ও পুত্র ইয়েল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ডানটে। তিনি বলেন, ‘৩২ বছরের মধ্যে প্রথমবার নিউইয়র্ক সিটিতে একজন ডেমোক্রেটিক মেয়র পুনর্নির্বাচিত হয়েছেন। এটাই প্রগতিশীল ডেমোক্র্যাটদের নতুন যুগের শুরু। ভবিষ্যতেও এই জয় অব্যাহত থাকবে।’

যদিও ব্লাজিওর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন অনেকটাই নির্ভর করছে ওয়াশিংটন ও আলবেনির ওপর। প্রেসিডেন্ট ট্রাম্প ও রিপাবলিকান কংগ্রেসের ফেডারেল বাজেটের সামাজিক কার্যক্রম যেমন স্বাস্থ্যসেবা, বাসস্থান ইত্যাদিতে ছাঁটাইয়ের ফলে ব্লাজিওর নিউইয়র্ক সিটির জন্য গৃহীত বিশেষ করে সাশ্রয়ী মূল্যের বাসস্থান প্রকল্প বাস্তবায়ন করা খুবই কঠিন হবে। এটা সর্বজনবিদিত যে মেয়র ও নিউইয়র্ক স্টেট গভর্নর ডেমোক্র্যাট দলীয় অ্যান্ড্রু কোমোর মধ্যে অনেক দিন ধরেই কাজের সম্পর্ক খারাপ। ব্লাজিওর অনেক প্রকল্প বাস্তবায়ন করতে আলবেনির অনুমোদন প্রয়োজন হবে।
ব্লাজিও নিউইয়র্কের সম্পত্তির ট্যাক্স পদ্ধতির পরিবর্তন করতে চান, যা হবে অনেক স্বচ্ছ। এ ছাড়া তিনি নিউইয়র্কের অগ্রিম ভোটসহ ভোট দেওয়ার পদ্ধতিতে পরিবর্তন চান, যা আলবেনির অনুমোদন সাপেক্ষে বাস্তবায়ন করা সম্ভব। এ ছাড়া তিনি তিন বছর বয়সী সব শিশুর জন্য ফ্রি স্কুল এবং বিত্তবানদের ট্যাক্স বৃদ্ধি করে নিউইয়র্কের সাবওয়ে সিস্টেমের উন্নতি করতে চান। আর এসব করতেও স্টেটের অনুমোদন প্রয়োজন।
স্থানীয় বিষয় ছাড়াও ব্লাজিও জাতীয় রাজনীতির বিভিন্ন বিষয়ে স্পষ্টভাষী। তিনি কার্যকরী অভিবাসন নীতির সংস্কার চান। বন্দুক নিয়ন্ত্রণ আইন কঠোর করতে চান। ফেডারেল গভর্নমেন্টের হুমকি সত্ত্বেও নিউইয়র্ক সিটিকে ইমিগ্রান্টদের জন্য ‘অভয়ারণ্য সিটি’ হিসেবে রাখতে চান। ট্রাম্প প্রশাসন বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরোধী হলেও নিউইয়র্ক সিটি মেয়র এর পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি ২০৩০ সালের মধ্য কার্বন নিঃসরণ ৪০ শতাংশ কমানোর পক্ষে।
নিউইয়র্কের মেয়র মানে বিশ্বের রাজধানী বলে খ্যাত শহরের মেয়র। এই শহরে প্রায় ৯০ লাখ লোকের বাস। আয়তন হলো ৩০৪ দশমিক ৬ বর্গ মাইল। পাঁচটি বোরো সমন্বয়ে গঠিত এই শহরের একদিকে হাডসন নদী, আরেক দিকে আটলান্টিক মহাসাগর। এই সিটি হলো পৃথিবীর ব্যবসায়িক, বাণিজ্যিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। আর সেই সিটির মেয়র মানে বাস্তবিকই ব্যতিক্রম কিছু।
আশা করা যায়, পথ বন্ধুর হলেও মেয়র তা সাফল্যের সঙ্গে অতিক্রম করতে পারবেন।
লেখক: গল্পকার, ই-মেইল: [email protected]