ব্ল্যাক ফ্রাইডেতে শপিংমলে ক্রেতা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্ল্যাক ফ্রাইডের সকালে নিউইয়র্কের ম্যানহাটনে হেরাল্ড স্কয়ারে মেসি’স–এর শো রুমে ক্রেতাদের আনাগোনা কমই চোখে পড়েছে
ছবি: রয়টার্স

প্রতি বছর নভেম্বরের চতুর্থ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে উদ্‌যাপিত হয় থ্যাংকসগিভিং ডে। এর পরদিনই ব্ল্যাক ফ্রাইডে। মূলত ব্ল্যাক ফ্রাইডের দিন থেকেই শুরু হয় বড়দিনের কেনাকাটার মৌসুম। ব্ল্যাক ফ্রাইডে মানেই পশ্চিমা বিশ্বে বিশাল ছাড়ে কেনাকাটার ধুম। মানুষ এই ছাড়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। মানুষজন যেমন এই দিনের জন্য অপেক্ষা করেন, তেমনি অপেক্ষা করেন ব্যবসায়ীরাও। এদিন মানুষ আগে আগেই লাইনে দাঁড়ান নিজের পছন্দমতো জিনিসটা কম দামে কেনার জন্য। কিন্তু এবার এই চিত্র পুরো পাল্টে গেছে করোনার কারণে।

নিউইয়র্ক ডেইলি নিউজের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে করোনার দ্বিতীয় ঢেউ ভয়াবহ হয়ে উঠছে। আর এ কারণেই ব্ল্যাক ফ্রাইডের বিশাল ছাড় থাকলেও ক্রেতা নেই। নেই মানুষের চিরচেনা উপচে পড়া ভিড়।

জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্য বলছে, বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৩০ লাখ ৮৬ হাজার ২৬৮। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৬৪ হাজার ৮৪২ জন।

নিউইয়র্কে ব্রুকলিনের আটলান্টিক মলের একটি দোকানের কর্মী ব্রায়ান মারস বলেন, ‘এটা সবচেয়ে বাজে ব্ল্যাক ফ্রাইডে গেল। আমি এখানে গত পাঁচ বছর ধরে কাজ করছি। ব্ল্যাক ফ্রাইডেতে ক্রেতা নেই, এত ফাঁকা কখনো দেখিনি। আগে এই দিনে দুপুর পর্যন্ত দোকানে প্রায় এক হাজার ক্রেতা অন্তত ৩০ হাজার ডলারের কেনাকাটা করতেন। কিন্তু এবার এক হাজার ডলার বিক্রি খুব কঠিন হয়ে গেছে।’

প্রতিবেদনে বলা হয়, চলতি বছর কোভিড-১৯ এর কারণে সব চিত্র পাল্টে যাচ্ছে। কেনাকাটা করতে গেলে ক্রেতা-বিক্রেতা উভয়কেই বাড়তি সতর্কতা মেনে চলতে হচ্ছে। এ ছাড়া অনেকেরই আয় কমে গেছে। এ কারণে কেনাকাটায় তেমন একটা আগ্রহ নেই মানুষের।

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) আগেই সতর্ক করে দিয়েছে, ব্ল্যাক ফ্রাইডেতে বিপুল মানুষের সমাগম হলে করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকি রয়েছে। এ কারণে কেনাকাটায় মানুষের ভিড় এড়াতে ধারণক্ষমতার সীমা দিয়েছে সংস্থাটি। সরাসরি দোকানে না গিয়ে অনলাইনে কেনাকাটা করতেও উৎসাহ দিয়েছে।

নিউইয়র্কেও করোনার সংক্রমণ দ্রুত বাড়ছে। এ কারণে ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে নগরের মেয়র বিল ডি ব্লাজিও বলেছেন, এবার আর দূরে যাওয়ার দরকার নেই। নিজের বাসার কাছের দোকানে গিয়ে কেনাকাটা করুন।

নিউইয়র্কাবাসী সম্ভবত মেয়র ব্লাজিওর এই পরামর্শ মেনে চলেছেন। আর এ কারণেই ব্ল্যাক ফ্রাইডেতে এবার বিশাল ছাড় থাকলেও লোকজনের উপস্থিতি ছিল খুবই নগণ্য। ব্রঙ্কসের বে প্লাজায় মেসি’স স্টোরে এবার ধারণক্ষমতার ৫০ শতাংশ ক্রেতা উপস্থিতির নির্দেশনা দেওয়া হয়। তবে সেই সংখ্যক ক্রেতাও এবার আসেননি বলে জানিয়েছেন স্টোরের ব্যবস্থাপক।