ব্ল্যাজিওকে ব্রঙ্কস-কুইন্স বোরোর ডেমোক্র্যাট প্রেসিডেন্টের সমর্থন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেয়র অফিস, নিউইয়র্ক
মেয়র অফিস, নিউইয়র্ক

নিউইয়র্ক নগরের মেয়র নির্বাচনে প্রাথমিক পর্বে ব্রঙ্কস-কুইন্সে ব্ল্যাজিওর প্রতি সুদৃঢ় সমর্থন ব্যক্ত হয়েছে। ২৭ আগস্ট ডেমোক্রেটিক দলের ব্রঙ্কস ও কুইন্স বোরো শাখার দুই প্রেসিডেন্ট নিউইয়র্ক নগরের মেয়র পদে প্রাথমিক বাছাইয়ে বর্তমান মেয়র বিল ডি ব্ল্যাজিওর প্রতি সমর্থন জানিয়েছেন।
ব্রঙ্কস বোরোর প্রেসিডেন্ট রুবেন ডিয়াজ ও কুইন্স বোরোর প্রেসিডেন্ট মেলিন্ডা ক্যাট্জ ভিন্ন ভিন্ন ই-মেইলের মাধ্যমে ব্ল্যাজিওকে সমর্থনের বিষয়টি তাদের স্ব স্ব বোরোতে প্রচার করেন। ওই সময়ে তাঁরা তাদের নিজেদের বোরোতে ব্লাজিওর সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নেন।
২৭ আগস্ট ব্ল্যাজিও কুইন্স বোরোর দুটি চার্চে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সমাবেশে বক্তৃতা করেন। ব্যস্ততম ফরেস্টহিল্‌স স্ট্রিটের বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ব্রঙ্কসের অরচার্ড বিচে বাস্কেটবল ও হ্যান্ডবল কোর্টে আসা ব্যক্তিদের সঙ্গে কথা বলেন।
ডিয়াজ জুনিয়র তাঁর ই-মেইল প্রচারণায় ভোটারদের উদ্দেশ্যে লিখেছেন, ট্রাম্পের মতো প্রেসিডেন্টের যুগে ব্রঙ্কস ও পুরো নিউইয়র্কের ঝুঁকিগ্রস্ত কমিউনিটির জন্য একজন শক্তিশালী যোদ্ধার প্রয়োজন।
ডিয়াজ জুনিয়র গভর্নর কুমোর ঘনিষ্ঠ মিত্র ও প্রায় মেয়র ব্ল্যাজিওর সমালোচনায় মুখর থাকেন।
ক্যাট্জ তাঁর ই-মেইল বার্তায় লিখেছেন, ‘আমরা এমন সময় এসে দাঁড়িয়েছি যখন নিউইয়র্কের জীবনযাত্রা হামলার মুখে। আমাদের এমন মেয়রের প্রয়োজন যিনি নিউইয়র্কবাসীর পক্ষে রুখে দাঁড়াবেন।’
১২ সেপ্টেম্বর ডেমোক্রেটিক দলের প্রার্থী প্রাথমিক বাছাইয়ের আগে দুজন বোরো প্রেসিডেন্টের ব্ল্যাজির অনুকূলে সমর্থন দেওয়া নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। দ্বিতীয় মেয়াদে মেয়র হওয়ার লড়াইয়ে প্রাথমিক বাছাইয়ে ব্লাজিওর নিজ দলের প্রতিদ্বন্দ্বী হচ্ছেন সাবেক সিটি কাউন্সিলম্যান স্যাল আলবানিজ, ভার্চ্যুয়াল রিয়্যালিটি টেকনোলজি ফার্মের প্রধান নির্বাহী কর্মকর্তা মাইক টোলকিন ও ব্রুকলিনের অ্যাটর্নি রিচার্ড ব্যাসনার। তবে মতামত জরিপ ও তহবিল সংগ্রহে ব্ল্যাজিও তাঁর প্রতিদ্বন্দ্বীদের তুলনায় বেশ এগিয়ে আছেন।