বড় সাধের 'লন্ডনি কইন্যা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপশহর, সিলেটের সবচেয়ে অভিজাত এলাকা। সিলেটের অভিজাতদের বেশির ভাগ পরিবারই ইংল্যাণ্ডপ্রবাসী। তাদের সবাই ‘লন্ডনি’ হিসেবেই পরিচিত।
একবার উপশহরের এই অভিজাত ভবনগুলোর একটিতে ‘লন্ডনি কইন্যা’ দর্শনের আশায় গিয়েছিলাম। কলিং বেলে টিপ দেওয়ার সঙ্গে সঙ্গে মধ্যবয়স্ক এক ভদ্রলোক দরজা খুলে দিলেন। ভেতরে গেলাম। সোফায় আঁটসাঁট হয়ে বসে আছি। কিছুক্ষণের মধ্যে চা-নাশতা এল। ঘণ্টাখানেক বসেছিলাম। শুধু একবার অনুভব করলাম কেউ একজন যেন ও পাশের রুম থেকে দরজার পর্দা একটু নাড়ছে। তবে কারও চেহারা দেখার সৌভাগ্য হলো না। আমরা দুজন, আমি আর ওই ভদ্রলোক পরস্পরের মুখোমুখি হয়ে বসে আছি। কারও মুখে কোনো কথা নেই।
এভাবে প্রায় আধ ঘণ্টার মতো অতিবাহিত হলো। অনুভব করলাম, আমার কিছু একটা বলা দরকার। ‘আমি কি উঠব’, আমতা-আমতা করে জিজ্ঞেস করলাম। ভদ্রলোক যেন আমার বিদায়ের অপেক্ষাতেই ছিলেন। বললেন, ‘হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই।’
ধীরে দাঁড়াতে দাঁড়াতে আড়চোখে লোকটার দিকে তাকাচ্ছিলাম এই আশায় যে, যদি বলেন, ‘একটু দাঁড়ান। ও দিকের রুমটায় একটু আসুন।’ না, সে রকম কিছুই হলো না। মনের মধ্যে খুব ঘুরপাক খাচ্ছিল, ‘কখন লন্ডনি কইন্যার দর্শন হবে?’ না, লন্ডনি কইন্যা তো দেখা হলো না।
এমন লন্ডনি কইন্যা দর্শনের অভিজ্ঞতা জীবনে অনেকবারই হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই পাত্রীপক্ষের সিদ্ধান্ত থাকত ঝুলন্ত। সর্বশেষে আমেরিকার আশ্রয় গ্রহণের সিদ্ধান্ত যখন চূড়ান্ত, তখন দেখি পেছনে লাইনে দাঁড়িয়ে আছেন দুজন ‘লন্ডনি কইন্যার’ অভিভাবক। কী আর করা! এখন তো আমিই রেফারি। তাই বিলম্ব না করে সরাসরি লালকার্ড দেখাতে হলো।