বড়দিন উপলক্ষে শিশুদের উপহার দিল মজুমদার ফাউন্ডেশন

অভিবাসী সম্প্রদায়ের অধিকার আন্দোলনের কর্মী মোহাম্মদ এন মজুমদারের প্রতিষ্ঠান মজুমদার ফাউন্ডেশনের উদ্যোগে বড়দিন উপলক্ষে শিশুদের উপহারসামগ্রী দেওয়া হয়েছে। গত ২৩ ডিসেম্বর ব্রঙ্কসের ১২২২ হোয়াইট প্লেইনস রোডে এই উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে ৪ থেকে ১২ বছর বয়সী বালক-বালিকাদের হাতে বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেন মজুমদার ফাউন্ডেশনের বোর্ড মেম্বার কফিল উদ্দিন চৌধুরী ও স্থানীয় বোর্ড মেম্বার অ্যাঞ্জেল মার্টিনেজ, ওয়েলফেয়ারের প্রতিনিধি মান্না মোন্তাসির এবং ইউনাইটেড হেলথ কেয়ারের নজরুল ভূঞা।
উপহার দেওয়ার অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এন মজুমদার বক্তব্য রাখেন। তিনি বলেন, কোনো জাতীয় উৎসবে জাতিধর্ম-নির্বিশেষে অংশগ্রহণ বিশ্ব ভ্রাতৃত্বকে সমৃদ্ধ করে। তিনি অনুষ্ঠানের সব সহযোগী, বিশেষ করে পার্কচেষ্টার মেডিকেল, নাহিদ খান ও সাবি রাম নারায়ণকে উপহারসামগ্রী সরবরাহের জন্য ধন্যবাদ জানান।