বড়দিনের উৎসবে রঙিন যুক্তরাষ্ট্র
উৎসবের সাজে সেজে উঠেছে পুরো যুক্তরাষ্ট্র। ক্রিসমাস বা বড়দিনকে ঘিরে সবাই মেতে উঠেছে উৎসবের আনন্দে। নগর থেকে প্রান্তিক জনপদেও উৎসবের আমেজ। লাল-সবুজের ঝলকানো বাতি, সংগীতের মূর্ছনা আর ক্লাবে মানুষের ঢল। বিপণিকেন্দ্রগুলোতে অনবরত বাজছে, ‘ফেলিস নাভিদাদ…( হ্যাপি ক্রিসমাস বা শুভ বড়দিন ) প্রসপেরো আনিও ই ফেলিসিদাদ (নতুন বছর সাফল্যের হোক)।’
ঘরবাড়ি সাজানো হয়েছে রঙিন সব বাতি দিয়ে। প্রথা অনুযায়ী ক্রিসমাস ট্রি সাজানো আছে ঘরে ঘরে। সাজানো ক্রিসমাস ট্রির নিচে রাখা হচ্ছে উৎসবের মৌসুমে পাওয়া সব উপহার। ক্রিসমাসের দিন সকালে উঠে এসব উপহারের মোড়ক খোলা হবে। উপহার দেওয়া আর পাওয়ার আনন্দের মধ্যে প্রিয়জনকে নিয়ে ভোজে যোগ দেওয়াটা যুক্তরাষ্ট্রে ক্রিসমাস পালনের পুরোনো প্রথা।
লোকজন ছুটছে রাজ্য থেকে রাজ্যে। এখানে ক্রিসমাস মানুষের কাছে যতটা না ধর্মীয়, তার চেয়ে বেশি সামাজিক উৎসব। সব ধর্ম, বর্ণের এ দেশে বছরের এ উৎসবকে নিয়ে গড়ে উঠেছে বিরাট বাণিজ্য। নভেম্বরের শেষ সপ্তাহ থেকে শুরু হওয়া কেনাকাটা চলে ক্রিসমাসের আগের দিন পর্যন্ত। জামা-কাপড় থেকে শুরু করে ফ্রিজ, টিভি , গাড়ি কোনো কিছুই বাদ যায় না । চলে মূল্যহ্রাসের প্রতিযোগিতা। ক্লাবে, বারে হ্যাপি আওয়ারের আনন্দ। অফিসে, বাণিজ্যিক প্রতিষ্ঠানে বার্ষিক ভোজের আয়োজন। নিম্ন আর মধ্য আয়ের লোকজনের অতিরিক্ত কাজের মৌসুম। অধিক কাজ মানে অধিক উপার্জন। বাড়তি উপার্জনের অর্থ দিয়ে চলছে প্রিয়জনের জন্য উপহার কেনার ধুম।
এবারে এ উৎসবের মৌসুমে কেনাকাটা বেশি হয়েছে অনলাইনে। বিপণিকেন্দ্র ঘুরে জানা গেছে, প্রযুক্তির প্রভাব পড়েছে সর্বত্র। অনলাইনে কেনার পরদিনই কোনো পরিবহন মূল্য ছাড়াই গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে পণ্য। যুক্তরাষ্ট্রের অন্যতম বড় প্রতিষ্ঠান সিয়ার্স ঘুরে দেখা গেছে বাংলাদেশের তৈরি জামা কাপড়ের আধিক্য। ক্রেতারাও কেনাকাটা করছে রীতিমতো লাইন দিয়ে।
সিয়ার্সের ব্যবস্থাপক বার্ট ভালেন্টানি জানালেন, জামা কাপড় থেকে ঘর বাড়ির মেরামত সামগ্রী বিক্রি হয়েছে এ মৌসুমে। প্রযুক্তির বাজারে এবারে বিক্রি হয়েছে বেশি নতুন ধরনের বাঁকানো ‘ফোর কে’ টেলিভিশন।
অন্যদের সঙ্গে উৎসবের আনন্দে মেতে উঠেছেন প্রবাসী বাংলাদেশিরাও। এখানে জন্ম এবং বড় হওয়া প্রজন্মের কাছে ক্রিসমাস বৃহত্তম সামাজিক উৎসব।
ক্রিসমাস উপলক্ষে দেওয়া বাণীতে প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, এবারের ক্রিসমাসে মধ্যপ্রাচ্যের বহু জায়গায় গির্জাধ্বনি বাজবে না। তিনি জঙ্গি সংগঠন আইএসের সমালোচনা করেছেন কঠিন ভাষায়। বলেছেন, ভুলের পরাজয় অনিবার্য, বিশ্বের শান্তির জন্য-মানুষের কল্যাণের জন্য সত্য ও ন্যায় টিকে থাকবে।