বড়লেখা পঞ্চায়েত ইউনিটি বাফেলোর বনভোজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বনভোজনে আগত অতিথি ও সংগঠনের সদস্যবৃন্দ
বনভোজনে আগত অতিথি ও সংগঠনের সদস্যবৃন্দ

বড়লেখা পঞ্চায়েত ইউনিটি বাফেলো, নিউইয়র্কের বার্ষিক বনভোজন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ২২ সেপ্টেম্বর চিক্তাওয়াগার টাউন পার্কে এ বনভোজন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সদস্যদের নিয়ে গঠিত এ আঞ্চলিক সংগঠনের সঙ্গে যুক্ত প্রায় ৩৯টি পরিবার। বাফেলোয় বসবাসকারী এ বড়লেখাবাসীদের মধ্যে বন্ধন দৃঢ় করার লক্ষ্যেই এ সংগঠন গড়ে তোলা হয়েছে। এরই ধারাবাহিকতায় সংগঠন আয়োজন করে এ বনভোজনের।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফিলমোর ডিস্ট্রিক্টের কমন কাউন্সিল পদপ্রার্থী মিচ নোয়াকওয়াস্কি, জাহাঙ্গীর আলম ও লাভজয় ডিস্ট্রিক্টের কাউন্সিল পদপ্রার্থী ব্রায়ান বলম্যান।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত এবং বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে বেলুন উড়িয়ে বেলা ১১টার দিকে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে উপস্থিত অতিথি ও সংগঠনের সদস্যরা বক্তব্য রাখেন।

নাতিশীতোষ্ণ আবহাওয়ায় ও মনোরম পরিবেশে সংগঠনের সদস্যরা দিনব্যাপী বিভিন্ন খেলায় অংশ নেন। নানা বয়সী মানুষের জন্য ছিল খেলাধুলার আয়োজন। সদস্যরা দিনব্যাপী আড্ডা ও কোলাহলে মেতে থাকেন। বড়লেখা উপজেলার স্মৃতিচারণ উঠে আসে চিক্তাওয়াগার টাউন পার্কে।

দুপুরের খাবারের পর বিভিন্ন খেলাধুলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে লটারির মাধ্যমে অনুষ্ঠানে উপস্থিত ২৯টি পরিবারকে পুরস্কৃত করা হয়। এ পর্যায়ের অনুষ্ঠানে সহযোগিতা করেন ওয়েলকেয়ারের জাহিদ আহমদ, এমডি করিম ও মিজানুর রহমান, বিবিআইএসের জাহাঙ্গীর আলম, নূর উদ্দিন প্রমুখ।