ভক্তের সংখ্যা কমলেও ট্রাম্পের সমালোচনা করবেন এমিনেম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন নীতির কঠোর সমালোচক হিসেবে বেশ পরিচিত এমিনেম। বেট হিপহপ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে গিয়েও ট্রাম্পের সমালোচনা করেছেন তিনি।
ট্রাম্পের ওপর ক্ষোভ প্রকাশ করতে গিয়ে নিজের ভক্তদের মধ্যে ট্রাম্প সমর্থকদেরও সমালোচনা করেন তিনি। এ নিয়ে কোনো অনুতাপ নেই বলে জানিয়েছেন এমিনেম।
ডেট্রয়েটের জনপ্রিয় র্যাপারের ভাষ্য, ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে অন্যায়ের সমালোচনা করায় যদি ভক্তের সংখ্যা কমে যায়, তাহলেও তিনি খারাপ বোধ করবেন না।
বিনোদন সম্পর্কিত জনপ্রিয় ওয়েবসাইট বিলবোর্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে এমিনেম বলেন, ‘শেষ পর্যন্ত এই (প্রেসিডেন্টের সমালোচনার) কারণে যদি আমার ভক্তের সংখ্যা অর্ধেকেও নেমে আসে, তবে তাই হোক। কারণ আমার মনে হচ্ছে, আমি ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছি। আমি বুঝতে পারি না একজন মধ্যবিত্ত কী করে নিজেকে একটু একটু করে হত্যার সুযোগ বিত্তবানদের দিতে পারে। কি করে বিশ্বাস করে যে, ধনাঢ্যরা তাদের সহায়তা করবে।’
এমিনেম বলেন, ‘আর আমার কোনো ভক্ত যদি তাঁর সমর্থক হয়ে থাকে, তবে আমি বালিতে রেখা টেনে বলতে চাই, তুমি হয় এদিকে আছ, নয়তো ওদিকে। আর কাকে বেছে নেবে সে বিষয়ে তুমি যদি নিশ্চিত না হও, তবে বলে রাখছি তুমি নিজের পরিচয় সম্পর্কেই নিশ্চিত নও। আমি এটি তোমার জন্যই করছি।’
এ বিষয়ে ডোনাল্ড ট্রাম্প কিংবা হোয়াইট হাউস থেকে এখনো কোনো প্রতিক্রিয়া আসেনি।
এর আগে গত ডিসেম্বরে এমিনেম তাঁর রাজনৈতিক অ্যালবাম ‘রিভাইভাল’ প্রকাশ করেন। ওই অ্যালবামে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে সরাসরি আঘাত করেন। বিলবোর্ডকে তিনি বলেন, ‘ট্রাম্প এবং আমি দুই মেরুর। অরাজনৈতিক শুদ্ধবাদীতার সঙ্গে আমাকে তুলনা করা হয়। কিন্তু আমি বলতে চাই, যারা তাঁর (ট্রাম্পের) সঙ্গে আছেন, তারা আমার গান ভালোবাসতে পারেন না—এমন অনুভূতি আমার প্রগাঢ়।’