ভবন নির্মাণে প্রাণহানি বাড়ছে নিউইয়র্কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের ঠিকাদারি প্রতিষ্ঠানের নির্মাণকাজ তদারকির সময় ভবনের ওপর থেকে পড়ে আহত মঈন পাটোয়ারীর অবস্থা আশঙ্কাজনক। ৯ এপ্রিল বিকেলে কুইন্সে তিনি দুর্ঘটনাকবলিত হন। ব্রুকলিনের বাংলাদেশি কমিউনিটির এই পরিচিত মুখ বর্তমানে সংজ্ঞাহীন অবস্থায় রয়েছেন।
ফোর এম কন্সট্রাকশন নামে একটি প্রতিষ্ঠানের মালিক মঈনের বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জে। ১০ এপ্রিল রাতে তাঁকে দেখে আসা এক স্বজন জানান, মঈন এখনো সংজ্ঞাহীন। মঈনের দুর্ঘটনা পাইপ স্ক্যাফল্ড থেকে পড়ে গিয়ে হয়েছে।
এর আগে দুর্ঘটনার কারণে জ্যামাইকার ১৫০ রোডে নির্মাণাধীন একটি বহুতল ভবনের নির্মাণকাজ বন্ধ করে দেয় সিটি প্রশাসন। বেশ কয়েক দিন আগে সেখান থেকে পড়ে গিয়ে প্রাণ হারান একজন স্প্যানিশ নাগরিক।
এর পর সিটি করপোরেশনের নির্মাণ ও ভবন পরিদর্শন ইউনিট এসে নির্মাণকাজ বন্ধের নোটিশ ঝুলিয়ে দিয়েছে। তারও বেশ কয়েক দিন আগে, জানুয়ারির ২৩ তারিখে ম্যানহাটনের পার্ক অ্যাভিনিউর কাছে ইস্ট ২৪ স্ট্রিটে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩৩ বছর বয়সী একজন শ্রমিকের মৃত্যু হয়। ১২ তলা ভবনটি নির্মাণকালে ২০১৭ সালে অন্তত ১২ ক্ষেত্রে তারা নির্মাণকাজে নিয়ম ভেঙেছে বলে প্রতিবেদন দিয়েছে নিউইয়র্ক পোস্ট।
নিউইয়র্কের জ্যামাইকা, লং আইল্যান্ড সিটি, ব্রুকলিন ও ম্যানহাটনসহ সব জায়গায় বহুতল ভবন নির্মাণের হিড়িক পড়েছে। ২০০৭ সালে শুরু হওয়া অর্থনৈতিক মন্দা কাটিয়ে এই নির্মাণকাজ শুরু হয় মূলত ২০১৬ সাল থেকে। ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর এটি আরও বিস্তৃত হয়। কিন্তু এই নির্মাণকাজের প্রসার যত হচ্ছে, শ্রমিকদের দুর্ঘটনাও ততটা বেড়েছে।
গত ৩১ জানুয়ারি সিবিএস নিউজ একটি প্রতিবেদনে জানিয়েছে, ১৪ বছরে নির্মাণকাজ চলাকালে ঘটা দুর্ঘটনায় সর্বোচ্চসংখ্যক মৃত্যু ঘটেছে ২০১৬ সালে। ওই বছরে ৭১ জন নিহত হয়েছিলেন এই ধরনের দুর্ঘটনায়। তার আগের বছরে মৃত্যুর সংখ্যা ছিল ৫৫ জন।
সাধারণত নির্মাণ ক্ষেত্রে দুর্ঘটনার কারণ হিসেবে নিরাপত্তা বিষয়ে অবজ্ঞা আর অজ্ঞানতাকে দায়ী করা হয়। পতনজনিত দুর্ঘটনাসহ সব ধরনের দুর্ঘটনা রোধে নির্মাণক্ষেত্রে নজরদারি বাড়িয়েছে নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ।
এ জন্য নতুন করে প্রচুরসংখ্যক পরিদর্শক নিয়োগ দেওয়া হয়েছে। সংস্কার করা হয়েছে পুরোনো বিধিমালাকেও। স্কাফল্ড ল নামে পরিচিত এই বিধানে দুর্ঘটনা কবলিত ব্যক্তি ও পরিবারের শতভাগ দায়িত্ব নেওয়ার বিধান সংযোজনের জন্য দেন দরবার চলছিল অনেক দিন।