ভবিষ্যৎ নিয়ে ওবামা

প্রেসিডেন্টের দপ্তর ছাড়ার পর কী করবেন তা এখনো চূড়ান্ত করেননি বারাক ওবামা। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের বক্তব্যের প্রতিক্রিয়ায় গত সোমবার এ কথা জানিয়েছে মার্কিন প্রেসিডেন্টের দপ্তর কাম বাসভবন হোয়াইট হাউস। মূলত এর মধ্য দিয়ে নিউইয়র্কের ওই নামী বিশ্ববিদ্যালয়ে ওবামার ফেরার সম্ভাবনা নাকচ করা হলো। ২০১৭ সালের জানুয়ারিতে দপ্তর ছাড়ার কথা মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার। এর সূত্র ধরে সম্প্রতি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট লি বলিংগার এক সমাবর্তন অনুষ্ঠানে বলেন, অত্যন্ত জনপ্রিয় প্রাক্তন ছাত্র ওবামাকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে তাঁর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ খবর গত সোমবার শিক্ষার্থীদের এক পত্রিকায় প্রকাশিত হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জোর গুঞ্জন ওঠে। তবে বিশ্ববিদ্যালয়টিতে ওবামার ভূমিকা কী ধরনের হতে পারে, তা বলা হয়নি খবরে।
রয়টার্স