ভরসার জায়গা সিকিউরিটি জব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বব্যাপী চরম অস্থিরতার কারণে সব কটি বড় বড় নগরীতে নিরাপত্তার বিষয় এই মুহূর্তে প্রধান। বিশেষ করে, নিউইয়র্ক নগরীতে ৯/১১-এ সংঘটিত জঙ্গি হামলা হওয়ার পর এই শহরের সর্বত্র নিরাপত্তার বিষয়টি নিয়ে নতুন ভাবনার সঙ্গে আধুনিক নিয়মনীতির প্রবর্তন করে নগর কর্তৃপক্ষ। নতুন এই নিয়মে শহরের সব এলাকায় নাগরিক নিরাপত্তা জোরদার করা হয়। তবে সবচাইতে বেশি নজর দেওয়া হয় নগরীর অর্থনৈতিক রাজধানী ম্যানহাটানের গুরুত্বপূর্ণ ভবনসহ সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের নজরদারিতে।
নগর কর্তৃপক্ষ প্রবর্তিত নতুন নিরাপত্তাবিষয়ক আদেশ ও নির্দেশমালা প্রয়োগ হয়ে পড়ে অতি আবশ্যকীয় বিষয়। বিশেষ করে, নগরীর সব বহুতল ভবনের নিরাপত্তার সব দিক খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হয় কোনো দুর্বলতা আছে কি না। বিশেষ করে, ভবনের কর্মচারীসহ অতিথিদের ভবনে প্রবেশে আরোপ করা হয় নানা বিধিনিষেধ।
এ ছাড়া নতুন আইনে প্রতিটি ভবনের অগ্নিনিরাপত্তায় আনা হয় আমূল পরিবর্তন। যেমন ভবনের কেন্দ্রীয় অগ্নিনির্বাপক নিয়ন্ত্রণকেন্দ্রে ফায়ার সেফটি ডিরেক্টর পদমর্যাদায় সার্বক্ষণিক অগ্নি-প্রতিরোধ বিশেষজ্ঞদের নিয়োগ প্রদান। পাশাপাশি ফায়ারম্যান পদবির অনেককে এই নিয়োগপ্রক্রিয়ার আওতায় নিয়ে আসেন নগর কর্তৃপক্ষ, যা আগের চেয়ে অনেক বেশি কার্যকর বলে নগরবিদদের ধারণা।
ম্যানহাটনে রয়েছে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ নামকরা বাণিজ্যিক অফিসগুলো। আছে বিভিন্ন দেশের দূতাবাস। আর এদের সবার জন্য দরকার কার্যকর নিরাপত্তা। সে ক্ষেত্রে বলতে গেলে অনেকটা অপ্রত্যাশিতভাবে এই খাতে বহু প্রশিক্ষণপ্রাপ্ত নিরাপত্তাকর্মীর চাহিদা বেড়ে যায়। আগে এই কাজে বেতন কম ছিল। আর এ চাকরিতে আফ্রিকান আমেরিকানদের বেশি দেখা যেত। হঠাৎ বেড়ে যাওয়া চাহিদার বিপরীতে সমান সংখ্যক যোগ্য আফ্রিকান আমেরিকানদের না পেয়ে বিভিন্ন চাকরিদাতা কর্তৃপক্ষ এশিয়ানদের নিয়োগ দিতে শুরু করে।
পর্যায়ক্রমে সেই নিয়োগের তালিকায় বাংলাদেশি অভিবাসীরা নিযুক্ত হতে থাকেন। বিদেশে বাংলাদেশিরা অধিকাংশ ভদ্রলোক এবং স্বজন হিসেবে বসবাস করার সুনাম আছে। বিশেষ করে, ইংরেজি ভাষায় দুর্বল অথবা টুকটাক কথা বলতে জানা বাংলাদেশিদের এই লাইনে কাজ করা ছাড়া আর কোনো বিকল্প ছিল না। কেননা নিরাপত্তাকর্মীদের ইংরেজি ভাষায় দক্ষতার চেয়ে কাজের প্রতি নিষ্ঠার ওপর বেশি জোর দেওয়া হয়।
সুখের বিষয়, অতি অল্প সময়ে এই কাজে বাংলাদেশিরা ভালো সুনাম অর্জনে সক্ষম হন। বিশেষ করে, সময়মতো কাজে হাজির হওয়া এবং যথাসম্ভব ফাঁকি কম দেওয়াসহ যেকোনো বিরূপ আবহাওয়াতে কর্মস্থলে উপস্থিত হওয়ার মতো দক্ষতা। অধিকাংশ বাংলাদেশি অভিবাসীর এই সুনামে নবাগত অভিবাসীরা উপকৃত হন। তা ছাড়া আমেরিকান সাদা অথবা কৃষ্ণাঙ্গরা সপ্তাহের শেষে শুক্র ও শনিবারে কাজ করতে চায় না। নানা অছিলায় কামাই করে। সে ক্ষেত্রে ভরসার জায়গা হয়ে ওঠে চাকরিরত এশীয়, বিশেষত বাংলাদেশি নিরাপত্তাকর্মীরা।
বর্তমানে নিউইয়র্কে বসবাসরত অধিকাংশ পরিবারের আয়-ব্যয়ের মোটেই সমতা নেই। এর ওপর বিপুল অঙ্কের বাসা ভাড়া। সে কারণে অনেকেই মুখিয়ে থাকেন ডাক আসার। কেননা নিয়মিত ৪০ ঘণ্টা কাজের পর অতিরিক্ত ঘণ্টা কাজ করলে কর্মীর মেলে স্বাভাবিক সময়ের বেতনের দেড় গুণ, যা যেকোনো বাংলাদেশি বা অন্য দেশীয় কর্মচারীদের নিকট নিঃসন্দেহে আকর্ষণীয় বটে।
এর সঙ্গে আমি আরও একটি মূল্যবান পর্যবেক্ষণ যোগ করতে চাই। দেশ থেকে আসা অধিকাংশ পরিবারের বড়কর্তার বয়স গড়পড়তা ৫০ অথবা এর কাছাকাছি হয়। যাদেরকেও অনেক সময় কাজে যোগ দিতে হয়। মধ্য বয়সে কায়িক শ্রম করা কষ্টসাধ্য হয় বলে নিরাপত্তাকর্মীর কাজ অনেক নিরাপদ। যেহেতু বাংলাদেশি কর্মীদের সৃষ্ট সুনাম থাকায় নিউইয়র্কের নামীদামি বিভিন্ন সিকিউরিটি কোম্পানির হায়ারিং অথরিটি চাকরি প্রদানসহ সর্বক্ষেত্রে বাংলাদেশিদের সুযোগ দিয়ে থাকেন।
আজ তারই সুবাদে একসময় বাংলাদেশের অনেক চলচ্চিত্র কিংবা নাট্যাঙ্গনের তারকা ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা ভালো ভালো কোম্পানিতে সুনামের সঙ্গে সিকিউরিটি অফিসার হিসেবে কাজ করে যাচ্ছেন। বর্তমানে এই সেক্টরে কর্মীর চাহিদা কিন্তু দিন দিন বেড়েই চলছে। সঙ্গে মজুরিও। পরিসংখ্যানে জানা যায়, বর্তমানে একজন নিরাপত্তাকর্মীর বেতন শুরু ঘণ্টায় ১২ থেকে ১৫ ডলার, যা বছর দুয়েক আগের তুলনায় অনেক বেশি।
এ ছাড়া এই সাধারণ নিরাপত্তার কাজের সঙ্গে আরও কিছু বিশেষায়িত কাজের ট্রেনিং নিলে বেতন উল্লেখযোগ্য পরিমাণে বেড়ে যায়। তাই আমাদের সবার উচিত অর্জিত সুনামকে সঠিক উপায়ে কাজে লাগিয়ে আরও বেশি বেশি করে বেকার বাংলাদেশি অভিবাসীদের প্রাথমিক কিছু ট্রেনিং নিয়ে দ্রুত নিজেকে তৈরি করা। সঙ্গে সঙ্গে নিচে দেওয়া তথ্যসমূহ গভীর মনোযোগ দিয়ে পড়ে এবং জেনে নিজেকে স্বাবলম্বী করে নিজের আত্মবিশ্বাস বৃদ্ধির ব্যবস্থা করা।
প্রথমে প্রয়োজন নিউইয়র্ক স্টেট হতে সিকিউরিটি লাইসেন্স সংগ্রহ করা। আবেদনের যোগ্যতার জন্য নিচের শর্তসমূহ অবশ্যই পূরণ করতে হবে:
১. বয়স হতে হবে ১৮ বছরের বেশি।
২. আমেরিকান নাগরিকত্ব অথবা গ্রিন কার্ডধারী হতে হবে।
৩. বর্তমান সময়ে সবচাইতে জরুরি বিষয় হলো এফবিআই কর্তৃক ব্যাকগ্রাউন্ড চেক করে অনাপত্তি সনদ নেওয়া। কেউ সাজাপ্রাপ্ত হলে এর বিশদ বিবরণ দেওয়া আবশ্যক।
সিকিউরিটি গার্ডের ট্রেনিং নেওয়ার পূর্বশর্ত হলো যথাক্রমে ৮ ঘণ্টা ও ১৬ ঘণ্টার ক্লাস করে সফলতার সঙ্গে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। প্রথমে স্টেট কর্তৃক নির্ধারিত কলেজ অথবা ইনস্টিটিউট থেকে নিয়মিত ক্লাসে উপস্থিত হয়ে ৮ ঘণ্টার ক্লাস নেয়। এ ক্ষেত্রে কলেজ বা ইনস্টিটিউশন নির্বাচনে সঠিক তালিকা দেখে ট্রেনিং স্থান নির্বাচন করা। ক্লাসে উপস্থিত হলে অনেক কিছু জানা যায়, পরবর্তীকালে যা চাকরিজীবনের জন্য হয় বিরাট সহায়ক শক্তি।
স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে পাওয়া যায় সিকিউরিটি লাইসেন্সের জন্য দরখাস্তের ফরম। বিভিন্ন ভাষায় প্রাপ্ত ফর্মে আট ঘণ্টা প্রশিক্ষণ সার্টিফিকেটসহ সব তথ্য সঠিকভাবে পূরণ করে জমা দিতে হয়। সিকিউরিটি লাইসেন্সের গুরুত্বপূর্ণ অংশ হলো ফিঙ্গার টিপস বা হাতের ছাপ, যা দিয়ে সংগৃহীত তথ্য জানা যায় আবেদনকারী কখনো কোনো অপরাধে যুক্ত ছিলেন কি না।
এ ক্ষেত্রে প্রাথমিক দরখাস্তের সঙ্গে প্রয়োজনীয় ফি $ ৩৬.০০ এবং হাতের ছাপের ফি বাবদ $ ১০২.০০ ডলার মানি অর্ডার বা ব্যক্তিগত চেকের মাধ্যমে জমা দিতে হয়। দরখাস্ত জমা দেওয়ার পর প্রয়োজনীয় সময় পরে দরখাস্তকারীর দেওয়া ঠিকানায় চলে আসে বৈধভাবে কাজ করার অনুমতিপত্র।
কাজ শুরু করার অতিরিক্ত আরও ১৬ ঘণ্টার ক্লাস নেওয়া বাধ্যতামূলক। উল্লিখিত ট্রেনিংটি একজন নবাগত সিকিউরিটি অফিসারের জন্য খুবই সহায়ক। সর্বোপরি নিউইয়র্কের বিভিন্ন বাংলাদেশি অধ্যুষিত এলাকায় অনেক সাহায্যকারী প্রতিষ্ঠান আছে, যারা স্বল্প ফি গ্রহণের মাধ্যমে লাইসেন্স নিতে ইচ্ছুক ব্যক্তিদের সহায়তা প্রদান করে আসছে। কেউ কেউ আবার চাকরিপ্রাপ্তিতে এই নবাগতদের সাহায্য করেন। তবে সিকিউরিটি অফিসার বা ফায়ারগার্ডের চাকরি বেশির ভাগ ক্ষেত্রে ব্যক্তিগত যোগাযোগে হয়ে থাকে।
তাই এই মুহূর্তে যাঁরা এই পেশায় যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, তাঁদের সবার প্রতি পরামর্শ হলো, ডিউটিতে কখনো ফাঁকি দিতে চেষ্টা করবেন না। কেননা বর্তমানে নানা আধুনিক প্রযুক্তি সর্বত্র আছে বলে আপনার যেকোনো অসাধু কার্যকলাপ ধরা পড়বেই। এ ক্ষেত্রে চাকরি হারানো সময়ের ব্যাপার। এ ছাড়া বিশ্বের নানা দেশ থেকে আসা সহকর্মীদের সঙ্গে সদ্ভাব বজায় রাখুন। উপভোগ করুন ভালোবাসার নিউইয়র্কের সব কাজকে। এতে আপনিও নিরাপদ থাকুন, নিরাপদ থাকুক নিউইয়র্কবাসী।