ভাদেশ্বর অ্যাসোসিয়েশন অব নিউজার্সির উৎসব

নিউজার্সিতে ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চবিদ্যালয় ও কলেজের শতবার্ষিকী উদ্যাপন এবং মহান বিজয় দিবস উপলক্ষে উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি নিউজার্সির প্যাটারসন সিটির একটি হলে ভাদেশ্বর অ্যাসোসিয়েশন অব নিউজার্সি ইন্ক এই উৎসবের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ প্রবাসী আনসার আহমেদ। এনায়েত করিম খোকা ও বদরুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যাটারসন সিটি মেয়র আন্দ্রে সাইহা।
মেয়র আন্দ্রে সাইহা তাঁর বক্তব্যে বাংলাদেশের বিজয় দিবস পালন উপলক্ষে নিউর্জাসিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, বাংলাদেশিরা খুবই পরিশ্রমী। তারা স্বীয় মেধা, দক্ষতা ও পরিশ্রম দিয়ে এ প্রবাসে নিজেদের সঙ্গে সঙ্গে বাংলাদেশের নামও উজ্জ্বল করছেন। অর্থনীতি, শিক্ষা, ব্যবসা প্রতিটি ক্ষেত্রে তাদের অবদানের ফলাফল বাংলাদেশ বুলেভার্ড নামে সড়কের নামকরণ, শহীদ মিনারসহ আরও অনেক কিছু।
নাছির উদ্দিন উচ্চবিদ্যালয় ও কলেজের সাবেক ছাত্র এবং অনুষ্ঠানের সভাপতি আনসার আহমেদ বলেন, এ বিদ্যালয়ের ছাত্ররা শুধু দেশেই নয়, প্রবাসেও বিদ্যালয়ের নাম সমুজ্জ্বল করেছেন। সরকারের বিভিন্ন পর্যায়ে থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন নামকরা প্রতিষ্ঠানেও তাঁরা কাজ করে যাচ্ছেন।
ব্যবসায়ী মনসুর আহমেদ বলেন, ভাদেশ্বর অ্যাসোসিয়েশন অব নিউজার্সির একজন সদস্য হিসেবে তিনি গর্বিত এবং যেকোনো সময়ে যেকোনো প্রয়োজনে তিনি অ্যাসোসিয়েশনের পাশে থাকবেন।
বিপুলসংখ্যক ভাদেশ্বরবাসীর উপস্থিতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—সিটির বর্তমান কাউন্সিলম্যান শাহীন খালিক, সাবেক কাউন্সিলম্যান মোহাম্মদ আক্তারুজ্জামান ফয়সল, সিটি কমিশনার কবির আহমেদ, সুনামগঞ্জ জেলা জনকল্যাণ সমিতির হোসেন পাঠান, নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সভাপতি আজমল আলী, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দে, চ্যানেল ৫২-এর সিইও এনামুল হক চৌধুরী, নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম চৌধুরী, মোহাম্মদ আবদুল হামিদ, সাংগঠনিক সম্পাদক আসকার আহমেদ, সাঈদ উর রহমান, শামসুল আলম, নিউজার্সি স্টেট আওয়ামী লীগের উপদেষ্টা আবদুল মতিন, ভাদেশ্বর অ্যাসোসিয়েশন অব নিউজার্সির অন্যতম সদস্য বুরহান উদ্দীন, মুবিন আহমেদ, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলম্যান পদপ্রার্থী মোসলেহ উদ্দিন ও নিউজার্সি স্টেট আওয়ামী যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক দিপঙ্কর দাস।
অনুষ্ঠানের আনন্দ উৎসবের অংশ হিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এতে গান ও নাচ পরিবেশন করেন অতিথি শিল্পী শম্পা জামানসহ স্থানীয় শিল্পীরা।