ভাবমূর্তি সংকটে প্রবাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে গণপরিবহনে উঠলে একটি বাক্য খুব নজরে পড়ে—‘ব্যবহারে বংশের পরিচয়’। কথাটি লেখা থাকে মানুষকে ভদ্র ব্যবহারের কথা স্মরণ করিয়ে দিতেই। সঙ্গে বংশ বিষয়টি জুড়ে দেওয়ার কারণ, মানুষ নিজেকে তুচ্ছ করতে প্রস্তুত থাকলেও পরিবার-পরিজনকে কারও কাছে কাছে ছোট করতে চায় না। এই সাধারণ আবেগটিকেই এখানে কাজে লাগানো হয়।

কারও বংশের উচ্চতা বা নীচতা নির্ণয়ের উদ্দেশ্য নিশ্চয়ই গণপরিবহনওয়ালাদের নেই। যা আছে, তা হলো একটি নির্ঝঞ্ঝাট যাত্রা নিশ্চিত করার ইচ্ছা। ঠিক একইভাবে রাস্তাঘাটে কেউ বাজে আচরণ করলে গুঞ্জন ওঠে, ‘পরিবার থেকে কিছুই শিক্ষা পায়নি।’ অর্থাৎ মানুষের আচরণ দিয়েই তার উৎস সম্পর্কে প্রাথমিক ধারণাটি করা হয়। তাই সব সময় নিজের আচরণকে সুন্দর করতে সচেষ্ট থাকার উপদেশ দেন গুরুজনেরা। এই উপদেশ ভিনদেশে থাকা মানুষের জন্য আরও বেশি করে প্রযোজ্য।

বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশিদের অর্জন যেমন বাংলাদেশের মাথাটা উঁচু করে দেয়, তেমনি ব্যক্তির কলঙ্কও কলঙ্কিত করে দেশকে। দুঃখজনক হলেও সত্য, নিজেদের মধ্যকার দ্বন্দ্বের কারণেই এখন আমেরিকায় পরিচিতি পাচ্ছে বাংলাদেশিরা। শুধু দ্বন্দ্ব বললেও ভুল হবে। নিউ জার্সি অঙ্গরাজ্যের প্যাটারসনে বাংলাদেশি কমিউনিটি যে কারণে আলোচনায় এসেছে, তা ভুলে যেতে পারলেই বরং ভালো।

আলোচনার কেন্দ্র হতে পারত প্যাটারসন সিটি কাউন্সিল নির্বাচনের প্রধান দুই প্রতিদ্বন্দ্বীই বাংলাদেশি হওয়ার কারণে। কিন্তু হলো না। আলোচনার কেন্দ্রে চলে এল ভোট জালিয়াতি। আট বছর ধরেই প্যাটারসন সিটির ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলম্যানের দায়িত্বটি বাংলাদেশির কাঁধে রয়েছে। প্রথম মেয়াদে এই দায়িত্ব পেয়েছিলেন মোহাম্মদ আক্তারুজ্জামান। দ্বিতীয় মেয়াদে পান শাহীন খালিক। গত মে মাসে ছিল নির্বাচন। হিসাব অনুযায়ী এতে শাহীন খালিক বা আক্তারুজ্জামানের মধ্যে একজনের জয়ী হওয়ার কথা। যেকোনো একজনের জয়ই বাংলাদেশ ও বাংলাদেশিদের সম্মানিত করত। কিন্তু গোল বাধল অন্য জায়গায়। যেকোনোভাবে নির্বাচনে জয় পেতে ভুল পথ অনুসরণের মধ্য দিয়ে বরং বাংলাদেশ নামটিই সমালোচিত হলো।

প্রাথমিক ফলে শাহীন খালিক জয়ী হয়েছেন ঘোষণার পর ভোট পুনর্গণনার আবেদন করা হয়। এভাবে তিনবার গণনার পর দুই প্রার্থীর মধ্যে টাই হয়। এ অবস্থায় তদন্তে নামে নির্বাচন কমিশন, যেখানে শাহীন খালিকের ভাই ও তাঁর নির্বাচনী প্রচার দলের এক সদস্যের বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে এখনই স্পষ্ট করে কিছু বলার সুযোগ নেই। কিন্তু সেলিম খালিক ও আবু রেজওয়ানের বিরুদ্ধে যে ধরনের ভোট জালিয়াতির অভিযোগ উঠেছে, তা এরই মধ্যে মাথা হেঁট করে দিয়েছে বাংলাদেশের। অনেকে এ ক্ষেত্রে তৃতীয় কোনো গোষ্ঠীর ষড়যন্ত্রের কথা বলছেন, যা একধরনের দায় এড়ানো বক্তব্য। এ ধরনের বক্তব্য অপরাধকে বাড়তে দেয়।

প্যাটারসনের নির্বাচনের এই পরিস্থিতি নিয়ে এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত টুইট করেছেন। সেখানে পৃথক রাজনীতি আছে সত্য। কিন্তু বিষয়টি নিয়ে মার্কিন সংবাদমাধ্যমে বাংলাদেশের নাম যেভাবে নেতিবাচকভাবে উঠে আসছে, তা কোনোভাবেই কাম্য নয়। এই পরিস্থিতিতে আগামী আগস্ট মাসে পুনর্নির্বাচন হবে। আবারও মুখোমুখি হতে যাচ্ছেন দুই বাংলাদেশি প্রার্থী। এবার তাঁরা অন্তত দেশের সম্মানের কথা মাথায় রেখে নির্বাচনী আচরণবিধি মেনে চলবেন—এমনটাই প্রত্যাশা। কারণ, যে ভোটার ভিতের ওপর দাঁড়িয়ে তাঁরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব করছেন, যেনতেনভাবে জয়ের চেষ্টা করছেন, তাঁদের মুখ্য পরিচয়—বাংলাদেশি। এই পরিচয়য়ের সম্মান রক্ষা না করতে পারলে ভবিষ্যতে কোথাও আর ব্যক্তি হিসেবে সম্মানটাও পাওয়া যাবে না।