ভারত ও চীনের বাতাসকে ‘নোংরা’ বললেন ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বিতীয় ও শেষ বিতর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ছবি: এএফপি

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের পরিকল্পনার সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সময় তিনি ভারত ও চীনের বাতাসকে ‘নোংরা’ বলে মন্তব্য করেছেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় ও শেষ বিতর্কে অংশ নিয়ে বাইডেনের সমালোচনার পাশাপাশি ভারত-চীনের বাতাস নিয়ে ট্রাম্প ওই মন্তব্য করেন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় (বাংলাদেশ সময় শুক্রবার সকাল) দেশটির টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিলে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন বিতর্কে মুখোমুখি হন।

বিতর্কে অংশ নিয়ে জলবায়ু পরিবর্তন–সম্পর্কিত বৈশ্বিক পদক্ষেপের ফের সমালোচনা করেন ট্রাম্প। তিনি বলেন, এসব পদক্ষেপ যুক্তরাষ্ট্রের জন্য অন্যায্য ছিল।
বিতর্কের একপর্যায়ে ট্রাম্প বলেন, ‘চীনের দিকে দেখুন, এটা কত নোংরা। রাশিয়ার দিকে দেখুন, ভারতের দিকে দেখুন, এগুলো নোংরা। তাদের বাতাস নোংরা।’

ট্রাম্প অভিযোগ করেন, বাইডেনের জলবায়ু-সংক্রান্ত পরিকল্পনাটি টেক্সাস, ওকলাহোমার মতো তেলসমৃদ্ধ অঙ্গরাজ্যের জন্য অর্থনৈতিক বিপর্যয় বয়ে আনতে পারে।

বাইডেন বলেছেন, ‘জলবায়ু পরিবর্তন মানবতার অস্তিত্বের জন্য একটি হুমকি। এই হুমকি মোকাবিলা করার জন্য আমাদের নৈতিক বাধ্যবাধকতা রয়েছে।’

জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর উষ্ণতা ইতিমধ্যে বেড়ে গেছে। পৃথিবী ও তার অধিবাসীদের জলবায়ু পরিবর্তনের খেসারত দিতে হচ্ছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে সামনে আরও বিপদ আছে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।

জলবায়ু পরিবর্তন ইস্যুতে শুরু থেকেই ট্রাম্প বিতর্কিত অবস্থানে। তিনি ক্ষমতায় এসে যুক্তরাষ্ট্রকে বহুল আলোচিত প্যারিস জলবায়ু চুক্তি থেকে বের করে আনেন। এ নিয়ে ট্রাম্প সমালোচিত।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ও প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারের দিল্লি সফরের আগে ভারতের বাতাসের মান নিয়ে ট্রাম্প মন্তব্য করলেন।

প্রথম বিতর্কের সময়ও ট্রাম্প ভারত সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেছিলেন। তখন তিনি ভারতের করোনার তথ্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন।