প্রতিরক্ষা সহায়তা নিয়ে মার্কিন কংগ্রেসে বিল
ভারতকে সহযোগিতা বৃদ্ধি, পাকিস্তানের জন্য কাটছাঁট
ভারতের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ৬২ হাজার ১৫০ কোটি মার্কিন ডলারের প্রতিরক্ষা বিল অনুমোদন করেছে। অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষা খাতে অর্থায়নের ক্ষেত্রে আরোপ করা হয়েছে শর্ত ও বিধিনিষেধ।
কংগ্রেসের প্রতিনিধি পরিষদে অনুমোদিত ভারত-সংক্রান্ত ওই সংশোধনী বিল নিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আলোচনা করবেন। এর ভিত্তিতে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর নীতি ১৮০ দিনের মধ্যে চূড়ান্ত করা হবে। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন আইনপ্রণেতা অ্যামি বেরা ওই বিল উত্থাপন করেন। প্রথমে তা ‘ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট (এনডিএএ) ২০১৮’ হিসেবে কণ্ঠভোটে গৃহীত হয়। পরে প্রতিনিধি পরিষদে ৩৪৪-৮১ ভোটে পাস হয়।
কংগ্রেস সদস্য অ্যামি বেরা বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে পুরোনো গণতন্ত্র, আর ভারত বৃহত্তম গণতন্ত্রের দেশ। এই দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির কৌশল নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াবিষয়ক মার্কিন উপসহকারী প্রতিরক্ষামন্ত্রী ক্যারা অ্যাবারক্রোমবি বলেন, ‘বিশ্ব ব্যবস্থার দিকে নজর দিলে আমরা এশিয়ায় একটি পরিবর্তনশীল নিরাপত্তা আবহ দেখতে পাই। ভারতের উত্থান হচ্ছে এবং তার অবস্থান পাল্টাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ভারত ও যুক্তরাষ্ট্র এই অঞ্চলকে ক্রমেই অভিন্ন দৃষ্টিতে দেখতে শুরু করেছে এবং আমাদের স্বার্থের অনেক মিল আছে।’
নিউইয়র্কে আয়োজিত গ্লোবাল বিজনেস ফোরাম ২০১৭ অনুষ্ঠানে অ্যাবারক্রোমবি বলেন, দুই দেশের সম্পর্ক পেন্টাগনে বিভিন্ন বিষয়ে উচ্চপর্যায়ের আলোচনার সূত্রপাত করেছে। নিরাপত্তার স্বার্থের ব্যাপারে ভারত ও যুক্তরাষ্ট্রের অভিন্ন ভাবনা রয়েছে। পাশাপাশি পারমাণবিক নিরস্ত্রীকরণ এবং সন্ত্রাসবাদ মোকাবিলার ব্যাপারেও দুই দেশের অবস্থান এক। অর্থনৈতিক সমৃদ্ধি এবং উপলব্ধির জন্য এসব মূল্যবোধ খুবই গুরুত্বপূর্ণ।
পাকিস্তানের জন্য শর্ত
ভারতের প্রতিবেশী ও আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে প্রতিরক্ষা তহবিল দেওয়ার জন্য পেন্টাগন যেসব শর্ত দিয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে সন্ত্রাসী ও সন্ত্রাসবাদের প্রতি ‘সমর্থন বন্ধ’ করার কথা। মার্কিন কর্মকর্তা ও আইনপ্রণেতারা এ বিষয়ে অতীতে বারবার উদ্বেগ জানিয়েছেন।
পাকিস্তানের জন্য প্রতিরক্ষা তহবিল দেওয়ার বিষয়ে কঠোরতর শর্ত আরোপের ব্যাপারে প্রতিনিধি পরিষদ তিনটি আইন সংশোধনী বিলের পক্ষে ভোট দিয়েছে। নতুন তহবিল পেতে হলে ইসলামাবাদকে সন্ত্রাসবিরোধী লড়াইয়ে ‘সন্তোষজনক অগ্রগতির’ প্রমাণ দিতে হবে।
পাকিস্তান সরকার দেশটির প্রত্যন্ত উত্তর ওয়াজিরিস্তানে সক্রিয় জঙ্গি সংগঠন হাক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। বলা হচ্ছে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এ বিষয়ে অগ্রগতির ব্যাপারে সন্তুষ্ট হয়ে প্রত্যয়ন করলে পাকিস্তানকে সামরিক, আর্থিক ও কৌশলগত সহায়তা দেওয়ার কথা যুক্তরাষ্ট্র বিবেচনায় নিতে পারে।
এসব সংশোধনী বিলের দুটি প্রতিনিধি পরিষদে উত্থাপন করেন আইনপ্রণেতা ড্যানা রোরাবাকার এবং টেড পো। ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য এবং সন্ত্রাসবাদ, পরমাণু নিরস্ত্রীকরণ ও বাণিজ্য উপকমিটির প্রধান পো বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তান যে বিশ্বাসঘাতকতা করেছে, তার বিরুদ্ধে কংগ্রেস একটি পদক্ষেপ নিল।’
চরমপন্থী ও সন্ত্রাসীদের মোকাবিলায় পাকিস্তানের ভূমিকায় অসন্তুষ্ট হয়ে দেশটির সামরিক বাহিনীর জন্য মার্কিন আর্থিক সহায়তার পরিমাণ ইতিমধ্যে কমেছে।