ভারতীয় অভিবাসীকে হত্যার দায়ে মার্কিন নাগরিকের যাবজ্জীবন

ওলাথিতে কারাগার থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজিরা দেয় অ্যাডাম পিউরিনটন। ফাইল ছবি: রয়টার্স
ওলাথিতে কারাগার থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজিরা দেয় অ্যাডাম পিউরিনটন। ফাইল ছবি: রয়টার্স

ভারতীয় এক অভিবাসীকে গুলি করে হত্যার দায়ে অ্যাডাম পিউরিনটন নামের মার্কিন এক নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। অ্যাডাম পিউরিনটন যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের বাসিন্দা। এএফপি খবরে বলা হয়, স্থানীয় সময় গতকাল শুক্রবার এ রায় হয়।

কানসাস সিটির শহরতলি ওলাথিতে গুলি করে শ্রীনিবাস কুচিভোলতাকে (৩২) গুলি করেন পিউরিনটন। এ সময় তিনি ‘আমার দেশ থেকে বেরিয়ে যাও’ বলে চিৎকার করছিলেন। এ হামলায় শ্রীনিবাসের ভারতীয় বন্ধু অলক মাদাসানি ও এক পথচারী আহত হয়। আয়ান গ্রিলট নামের এই পথচারী হামলায় বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের এক মাস পরের ঘটনা এটি।

শ্রীনিবাস ও মাদাসানি জিপিএস প্রস্তুতকারী প্রতিষ্ঠান গারমিনে বিমান চালনাবিষয়ক প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

এর আগেও অ্যাডাম পিউরিনটন জাতিগত হামলার দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন। গত বছরের ফেব্রুয়ারিতে মিডওয়েস্টার্ন অঙ্গরাজ্যে একটি বার ও রেস্তোরাঁয় মদ্যপ অবস্থায় হামলা চালিয়েছিলেন।

কৌঁসুলির দপ্তর জানায়, ৫২ বছর বয়সী অ্যাডাম পিউরিনটন হত্যার দায়ে সর্বোচ্চ শাস্তি পেয়েছেন। একটি হত্যাকাণ্ড ও দুটি হত্যা চেষ্টার দায়ে তাঁকে ১৬৫ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায়ের পর শ্রীনিবাসের বিধবা স্ত্রী সুনয়না দুমালা এক ভিডিও বার্তায় বলেন, তাঁর স্বামী সুন্দর ভবিষ্যতের আশায় এসেছিলেন। ‘আজকের রায় আমার স্বামীকে ফিরিয়ে আনবে না। কিন্তু এর মাধ্যমে সবার কাছে একটি কঠোর বার্তা পৌঁছাবে যে ঘৃণ্য কোনো কাজ কখনো গ্রহণযোগ্য হয় না।’