ভারতে সঙ্গে সই হওয়া চুক্তি বাতিলের দাবি

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের যুক্তরাষ্ট্র শাখা বলেছে, ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তি বাংলাদেশের স্বার্থে নয়, তাই অনতিবিলম্বে এ চুক্তি বাতিল করত হবে। ২৩ এপ্রিল মুক্তিযোদ্ধা দলের পক্ষ থেকে আয়োজিত বিক্ষোভ ও প্রতিবাদ সভায় এ দাবি জানানো হয়। নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় এ বিক্ষোভের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মোহাম্মদ বাবরউদ্দিন সভায় সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ সুরুজ্জামান। বক্তব্য দেন কাজী আজহারুল হক, বাবর আলী, সোলায়মান ভূঁইয়া, গিয়াস আহমেদ, মোস্তফা কামাল পাশা, আবদুল বাতিন, আবু সুফিয়ান, মোহাম্মদ জাহাঙ্গীর প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি কোনোভাবেই হতে পারে না। বাংলাদেশের জনগণ কোনোভাবেই এ চুক্তি মেনে নেবে না। অনতিবিলম্বে এ চুক্তি বাতিল করতে হবে। তাঁরা বলেন, বাংলাদেশকে সিকিম কিংবা ভুটানের আয়নায় দেখলে ভারতকে চরম মূল্য দিতে হবে। বাংলাদেশের জনগণ যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছে, যুদ্ধ করেই বাংলাদেশকে রক্ষা করা হবে।
মুক্তিযোদ্ধা খোন্দকার ফরহাদ, গিয়াস উদ্দিন মজুমদারসহ কমিউনিটির মাহফুজ মাওলা, মুজিবুর রহমান, অধ্যাপক আহসান উল্লাহ, শাহাদাত হোসেন, কাওসার আহমেদ, মাহফুজ আলম, মো. মোতাহার হোসেন, আবু তাহের, ফরিদুল হক, জাহাঙ্গীর, ফয়েজ উল্লাহ, এ টি এম নুরুল আলম, সোয়েব আহমেদ, ওয়েস আহমেদ প্রমুখ সভায় অংশ নেন।