ভারতের অভিযানে চুপ যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমান্ত পেরিয়ে মিয়ানমারে বিচ্ছিন্নতাবাদীদের ঘাঁটিতে সাম্প্রতিক ভারতীয় সেনা অভিযান সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হয়নি মার্কিন পররাষ্ট্র দপ্তর। তবে শুক্রবার এ দপ্তরের মুখপাত্র বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমিয়ে আলোচনা শুরু করতে উৎসাহ দেয় যুক্তরাষ্ট্র।
এদিকে ভারতের নিরাপত্তা বাহিনী মিয়ানমার সীমান্ত এলাকায় উত্তর-পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের ব্যবহৃত জঙ্গলের পথ বন্ধ করার চেষ্টা করছে বলে কর্মকর্তারা জানান। খবর টাইমস অব ইন্ডিয়া, পিটিআই ও এনডিটিভির।
ওয়াশিংটনে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জেফ রাথকেকে মিয়ানমারের ভেতরে ভারতীয় সেনাদের হামলার প্রসঙ্গে প্রশ্ন করা হয়। ওই হামলাকে সমর্থন করেন কি না—সরাসরি এ প্রশ্নের জবাবে রাথকে বলেন, ‘সুনির্দিষ্ট এ অভিযানের ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই।’
তবে জেফ রাথকে বলেন, ভারত-পাকিস্তানের সম্পর্কে উত্তেজনার কারণে দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা এগিয়ে নেওয়া কঠিন, তাই আমরা দুই দেশের মধ্যে উত্তেজনা কমানো এবং আলোচনা শুরুর যেকোনো উদ্যোগকে স্বাগত জানাই। ভারত ও পাকিস্তানকে এ ধরনের উদ্যোগ নিতে আমরা উৎসাহ দিই। আমরা মনে করি, দুই দেশের পারস্পরিক স্বার্থে চরমপন্থা ও সন্ত্রাসবাদের হুমকি মোকাবিলায় কাজ করতে হবে।
উত্তর-পূর্ব ভারতের মণিপুর রাজ্যে ৪ জুন বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ১৮ ভারতীয় সেনা নিহত হন। এর পরিপ্রেক্ষিতে ওই হামলাকারীদের দমনে মিয়ানমার সীমান্তের ভেতরে ঢুকে অভিযান চালায় ভারতীয় কমান্ডোরা। তবে মিয়ানমার কর্তৃপক্ষ তাদের সীমান্তের ভেতরে ভারতীয় সেনা প্রবেশের খবর অস্বীকার করেছে।
ভারতের কর্মকর্তারা বলেন, বিচ্ছিন্নতাবাদবিরোধী অভিযানের অংশ হিসেবে জঙ্গিদের ব্যবহৃত পথ বন্ধের চেষ্টা চলছে। কয়েকজন কর্মকর্তা গত শুক্রবার জানান, মিয়ানমার সীমান্তে বিচ্ছিন্নতাবাদীদের ব্যবহার করা জঙ্গলের পথ বন্ধে সেনাবাহিনী ও স্থানীয় পুলিশের সদস্যরা কাজ করে যাচ্ছেন। ওই এলাকায় ভারতের জাতীয় মহাসড়ক ২-এ (মণিপুর-নাগাল্যান্ডের মূল যোগাযোগ) নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। নিরাপত্তা বাহিনী এমন তথ্য পেয়েছে যে বিচ্ছিন্নতাবাদীরা হামলা চালিয়ে স্থানীয় অর্থনীতি ধ্বংসের পরিকল্পনা করছে।
শীর্ষ পর্যায়ের একজন ভারতীয় সেনা কর্মকর্তা জানান, মিয়ানমারের সীমান্ত থেকে ভারতের ভেতরে এক হাজার ১৩৩ কিলোমিটার পর্যন্ত মণিপুর থেকে অরুণাচল-সংলগ্ন এলাকা সবচেয়ে ঝুঁকিপূর্ণ। কিন্তু বিচ্ছিন্নতাবাদীদের মিয়ানমার ও ভারতে যাতায়াতে ব্যবহৃত জঙ্গলের পথগুলো বন্ধ করার কাজকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
উত্তর-পূর্ব ভারতের নাগাল্যান্ডের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এনএসসিএন (কে) মণিপুরে ১৮ সেনা হত্যায় জড়িত বলে অভিযোগ ভারতের। এই এনএসসিএনের (কে) মূল ঘাঁটি রয়েছে অরুণাচল, নাগাল্যান্ড ও মণিপুরের মিয়ানমার সীমান্ত-সংলগ্ন ঘন জঙ্গলময় পার্বত্য এলাকায়।
মণিপুরে তিন বিচ্ছিন্নতাবাদী গ্রেপ্তার: দমন অভিযানে মণিপুরে তিনজন বিচ্ছিন্নতাবাদী গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে দুজন এনএসসিএন (কে) সদস্য বলে বলে জানা গেছে।
মণিপুর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘আমামচাত অঞ্চলের’ এনএসসিএন (কে) ‘চেয়ারম্যান’ খুমলো আবি আনালকে ইম্ফল ওয়েস্ট জেলা পুলিশের কমান্ডোরা গ্রেপ্তার করে। গত বৃহস্পতিবার ল্যাম্ফেল থানার একটি বিপণিকেন্দ্র থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। একই দিনে এনএসসিএন (কে) কর্মী পামেই কাকিলং ওরফে কালিং ৯৩১০ কে তামেংলং জেলার একটি গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হওয়া অন্যজন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী কেসিপি-এমসির কর্মী বলে পুলিশের বিবৃতিতে জানানো হয়।