ভারতের প্রতিবাদী কৃষকদের সমর্থনে মিশিগানে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাতরীয় কৃষকদের সমর্থনে মিশিগানের ক্যান্টনেও বিক্ষোভ হচ্ছে
ছবি: সংগহৃীত

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ক্যান্টন শহরে গতকাল শনিবার ভারতের প্রতিবাদী কৃষকদের সমর্থনে এক জনসভা ও বিক্ষোভের আয়োজন করা হয়েছে। ভারত সরকার কৃষকদের জন্য নতুন আইন প্রণয়নের প্রতিবাদে দিল্লিতে বেশ কিছুদিন ধরে বিক্ষোভ করছে কৃষকেরা।

প্রচণ্ড শীত উপেক্ষা করে কয়েক শ ভারতীয় মার্কিন গতকাল মিশিগান রাজ্যের ক্যান্টন শহরের হেরিটেজ পার্কে শান্তিপূর্ণ প্রতিবাদ সভা ও বিক্ষোভে অংশ নেন। প্রতিবাদ সভায় অংশ নিয়ে মিশিগান স্টেট রিপ্রেজেনটেটিভ রঞ্জিত পুরি বলেন, ‘ভারতের কৃষকদের আমাদের সাহায্য করা দরকার। আমরা যে মূল্যবোধে বিশ্বাস করি এবং তার জন্য লড়াই করি, সে জন্য তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে।’

প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ডা. আমানজোট সরো। তিনি যখন খুব ছোট ছিলেন, তখন পাঞ্জাব থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তিনি বলেন, ‘যে কৃষকেরা আমাদের টেবিলে খাবার জোগান দেয়, তারা যখন তাদের মৌলিক মানবিক অধিকার থেকে বঞ্চিত হয়, তখন তা আমার মনে পীড়া দেয়।’

আমানজোট বলেন, ‘প্রতিবাদ সভায় এত মানুষ প্রতিবাদ জানাতে আসবে, তা আমি কল্পনাও করিনি।’

প্রতিবাদে অংশ নেওয়া ব্যক্তিরা বলছিলেন, মেট্রো ডেট্রয়েটে বসবাসরত ভারতীয় মার্কিনরা একত্রিত হয়ে ভারতে যাদের কণ্ঠরোধ করা হচ্ছে তাদের পক্ষে কথা বলে, প্রতিবাদ করে গর্ববোধ করছেন।

পুরো ভারত থেকে কৃষকেরা বিজেপি সরকারের প্রণীত নতুন আইনের প্রতিবাদ করছেন, বিক্ষোভ করছেন। প্রতিবাদকারীরা বলছেন, এই আইনে কৃষকদের ক্ষতি হবে।