ভার্চ্যুয়াল বিতর্কের প্রস্তাব, ট্রাম্পের ‘না’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় বিতর্ক ভার্চ্যুয়াল হবে বলে জানিয়েছে বিতর্ক তত্ত্বাবধানকারী দ্য কমিশন অন প্রেসিডেনশিয়াল ডিবেটস (সিপিডি)। আজ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে তারা। তবে এই বিতর্কে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টির প্রার্থীর মধ্যে তিনটি বিতর্ক সরাসরি অনুষ্ঠিত হয়। গত ২৯ সেপ্টেম্বর প্রথম বিতর্কটি অনুষ্ঠিত হয়। দ্বিতীয় বিতর্ক হবে ১৫ অক্টোবর। আর তৃতীয় ও শেষ বিতর্কটি হবে ২২ অক্টোবর।
প্রথম বিতর্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাটদের প্রার্থী জো বাইডেনের মধ্যে ব্যাপক তপ্ত বাক্যবিনিময় হয়। এ ফলে বিতর্কের নিয়ম বদলানোর ঘোষণাও দেয় সিপিডি। কিন্তু ঘট বাধায় ট্রাম্পের করোনা। ২ অক্টোবর ট্রাম্প নিজেই জানান, তিনি ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প করোনায় আক্রান্ত। এ ছাড়া বিগত কয়েক দিনের মধ্যে হোয়াইট হাউসের আরও কয়েকজন করোনায় আক্রান্ত হন। ফলে বেঁকে বসেন বাইডেন। তিনি বলেন, ‘ট্রাম্প যদি করোনায় আক্রান্ত থাকেন, তাহলে আমাদের বিতর্কে অংশ নেওয়া উচিত হবে না।’ যদিও ট্রাম্প বলেছিলেন, তিনি এই বিতর্কের জন্য প্রস্তুত। এরপর সিপিডি ঘোষণা দিল, দ্বিতীয় বিতর্ক ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হবে।
তবে ট্রাম্প এখন এই ভার্চ্যুয়াল বিতর্কে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছেন। ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সিপিডি বিতর্কের যে নতুন কাঠামো ঘোষণা করেছে, তা গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, ‘আমি এই বিতর্কে যোগ দেব না।’
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, এদিকে বিতর্ক ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হলেও এর ধরন একই রকম থাকছে। বিতর্ক হলের আদলেই এই কথোপকথন হবে বলে জানিয়েছে সিপিডি। তারা জানিয়েছে, ট্রাম্প ও বাইডেন ফ্লোরিডার মিয়ামির হলে থাকবেন না। তাঁরা অন্য কোথাও থেকে এই বিতর্কে অংশ নেবেন। তবে ভোটার ও সঞ্চালক ঘটনাস্থলেই থাকবেন। ভোটার ও সঞ্চালক মায়ামি থেকেই তাঁদের প্রশ্ন করবেন।