ভার্জিনিয়ায় আইবিপিওর দ্বিবার্ষিক সম্মেলন ২৬ ও ২৭ আগস্ট
আমেরিকার ভার্জিনিয়া অঙ্গরাজ্যের অরলিংটনে আগামী ২৬ ও ২৭ আগস্ট দুই দিনব্যাপী ইন্টান্যাশনাল বুড্ডিস্ট পিস অর্গানাইজেশনের (আইবিপিও) দ্বি-বার্ষিক বৌদ্ধ সৌভ্রাতৃত্ব সম্মেলন অনুষ্টিত হতে যাচ্ছে।
সম্মেলনের প্রস্তুতির অংশ হিসেবে অসীম বড়ুয়াকে আহ্বায়ক, রূপক বড়ুয়া এবং জুয়েল বড়ুয়াকে যুগ্ম আহ্বায়ক করে ১৯ সদস্যবিশিষ্ট সম্মেলন উদ্যাপন পরিষদ গঠন করা হয়েছে। ওই অনুষ্ঠানে যোগদানের জন্য উত্তর আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশি বৌদ্ধদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। ইতিমধ্যে কানাডাসহ উত্তর আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর সংখ্যক বৌদ্ধ সম্মেলনে যোগদানের লক্ষ্যে অনুষ্ঠানস্থলে হোটেল বুকিং সম্পন্ন করেছেন।
সম্মেলনে ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অন্টারিওর প্রেসিডেন্ট ও ভাইস চ্যান্সেলর ড. অমিত চাকমা প্রধান অতিথি ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ ড. জিতেন্দ্র লাল বড়ুয়াকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিশিষ্ট গবেষক ড. শ্যামল চৌধুরী। স্কুল-কলেজের শিক্ষার্থীদের বৌদ্ধ ধর্ম ও সাংস্কৃতিক বিষয়ে প্রশ্নোত্তর পর্ব, মতবিনিময়, গুণী-সম্মাননা, সংবিধান পর্যালোচনা, সংগঠনের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণসহ প্রতিদিন সন্ধ্যায় থাকছে বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আগত শিল্পীদের পরিবেশনা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
আয়োজক কমিটির পক্ষ থেকে প্রবাসের সব বাংলাদেশি বৌদ্ধদের সম্মেলনে যোগ দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে।