ভার্জিনিয়ায় কবিতা-গানে কাজী আরিফকে স্মরণ

ভার্জিনিয়ার স্টার্লিংয়ে লাউডন সিনিয়র সেন্টার মিলনায়তনে ২৬ আগস্ট সন্ধ্যায় অনুষ্ঠিত হয়ে গেল প্রয়াত আবৃত্তিকার শিল্পী কাজী আরিফ স্মরণে একটি বিশেষ অনুষ্ঠান ‘কাজী আরিফ স্মরণে আমার প্রণতি’। আয়োজনে ছিলেন ইফতেখার আরিফ ও সিলিকা কণা। চমৎকার আয়োজন ও নান্দনিক পরিবেশনার ছোঁয়ায় উপস্থাপিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়াশিংটন প্রবাসী সংস্কৃতি মনস্ক মানুষেরা। স্থপতি আবৃত্তিকার কাজী আরিফ ছিলেন বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলিকা কণা। প্রথম পর্বে ছিল কাজী আরিফের ওপর সংগৃহীত ভিডিও চিত্র—‘তুমি কি কেবলই ছবি?’ তাঁর জীবন, দেশপ্রেম ও কর্মজীবনের ওপর আলোকপাত, আলোচনা-পর্যালোচনা, আবৃত্তি ও কথোপকথন এবং তাঁর ওপর রচিত সরকার কবির উদ্দিনের আবৃত্তি। অংশগ্রহণে ছিলেন আনিস আহমেদ, সরকার কবির উদ্দিন, আসিফ এন্তাজ রবি ও আনোয়ার ইকবাল।
দ্বিতীয় পর্বে ছিল মুক্তকণ্ঠ আবৃত্তি একাডেমির পরিবেশনা- ছিল ‘আমার প্রাণের পরে চলে গেল কে’। অংশগ্রহণে ছিলেন মধুমিতা মৈত্র, সিলিকা কণা, অনুসূয়া এবং নুরজাহান মাহজাবীন। সঙ্গে ছিল প্রয়াত কাজী আরিফের কণ্ঠে ধারণ করা আবৃত্তি। তৃতীয় পর্বে ছিল কাজী আরিফের দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের ওপর আলোকপাত- ‘ফুল ফুটিয়ে গেল শত শত... একাত্তরের বীর সৈনিক কাজী আরিফ’। এ পর্বে ছিল কাজী আরিফের ওপর স্থিরচিত্র প্রদর্শনী এবং তাঁর কণ্ঠে ধারণ করো আবৃত্তি- ‘নম নম নম...’। এ ছাড়া ছিল নাসিম সুলতানের কণ্ঠে দেশাত্মবোধক গান—‘ও আমার দেশের মাটি’, ছিল আতিয়া মাহজাবিন ও এ কে এম আসাদুজ্জামানের কণ্ঠে ‘বাংলাদেশ’ ও ‘রূপসী বাংলা’।
শামীম আহমেদ তাঁর স্মৃতিচারণমূলক বক্তব্যে প্রয়াত কাজী আরিফের সঙ্গে বিগত বছরের অনুষ্ঠানের স্মৃতি তুলে ধরে তাঁর ব্যক্তিত্বের ও প্রতিভার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। রাশিদ হায়দারের কণ্ঠে ছিল আবৃত্তি ‘যে তুমি ফোটাও ফুল’, মোহাম্মাদ নাকিব উদ্দীনের কণ্ঠে ছিল গান ‘কেন বলি সেরা’, সঙ্গে অদিতি সাদিয়া রহমানের কণ্ঠে ছিল একক আবৃত্তি- ‘প্রমত্ত আত্মাহুতি’। এ ছাড়া ছিল নিউইয়র্ক থেকে আগত বাচিক শিল্পী মিজানুর রহমান আবৃত্তি করেন সঞ্জীব চ্যাটার্জির কবিতা ‘জিন্দাবাদ’। এ পর্বে শেষ পরিবেশনা ছিল কাজী আরিফের কণ্ঠে ধারণ করা আবৃত্তি ‘তুমি বাংলা ছাড়ো’।

অনুষ্ঠানের পরের পর্বে স্থপতি কাজী আরিফের পেশাগত জীবনের ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন আনোয়ার ইকবাল। সঙ্গে ছিল কাজী আরিফকে নিয়ে তৈরি কিছু স্থির চিত্র প্রদর্শনী। পরের পর্বে কবিতাপ্রেমী, আবৃত্তিকার কাজী আরিফের ওপর আলোকপাত করা হয়। স্থির চিত্র প্রদর্শনীসহ পরিবেশিত হয় কাজী আরিফের কণ্ঠে ধারণ করা প্রেমের কবিতা আবৃত্তি। এ ছাড়া এই অংশ জুড়ে ছিল অদিতি সাদিয়া রহমান ও জাফর রহমানের দ্বৈতকণ্ঠের চমৎকার আবৃত্তি কবি নির্মলেন্দু গুণের ‘তুমি চলে যাচ্ছো’—যা সবাইকে মুগ্ধ করে। আরও আবৃত্তি করেন প্রভাতি দাস (পরস্পর), এ কে এম আসাদুজ্জামান (ভালোবাসা), সেমন্তী ওয়াহেদ কাজী আরিফের স্মৃতিচারণ করে একটি নাট্যাংশের অভিনয় করেন, যা নিউইয়র্কে মঞ্চায়িত হয়েছিল এবং নাটকের মঞ্চ সজ্জায় ছিলেন স্বয়ং কাজী আরিফ।
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের ডিসিএম মাহবুব হাসান সালেহ আবৃত্তি করেন নিজের লেখা কবিতা ‘অরণ্যে গ্রাস’, আতিয়া মাহজাবীন (ছন্নছাড়া), খান দীপু (শেষের কবিতা), জাফর রহমান (আগামী), আনিস আহমেদ স্বরচিত কবিতা ‘এপার ওপার’, সাবরিনা চৌধুরী ডনা ও শাহাদৎ সবুজ (কচ ও দেবযানী), রওশন আরা লিপি (পরিচয়) আবৃত্তি করেন এবং কাজী আরিফের কণ্ঠে ধারণ করা ‘মায়ের বুকে বিশ্রামের সরাইখানা’ আবৃত্তি বাজানো হয়। সঙ্গে ছিল গানের সুর লহরী। গান পরিবেশন করেন নাসিম সুলতান।
অনুষ্ঠানের আরেক পর্বে ছিলেন গণমাধ্যম ব্যক্তিত্ব কাফি খান। তিনি কাজী আরিফের লেখা ‘বাবা’ থেকে পাঠ করেন। এ ছাড়া প্রয়াত কাজী আরিফের নিউইয়র্ক প্রবাসী মেয়ে অনুসূয়া তার বাবার ওপর ব্যক্তিগত স্মৃতিচারণ করে বাবাকে নিয়ে তার একান্ত উপলব্ধি ও ভাবনার কথা বলেন। স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অনুসূয়া।
এ ছাড়া অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে এসে খান দীপু কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতা ‘যদি আর বাঁশি না বাজে’ আবৃত্তি করেন। কবিতাটির শেষাংশ ছিল কাজী আরিফের কণ্ঠে।
অনুষ্ঠানে কী-বোর্ড বাজিয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিরণ চৌধুরী, শব্দ নিয়ন্ত্রণ ও আলোকসম্পাতে ছিলেন জামিল খান, ফটোগ্রাফিতে ছিলেন দেবাশীষ দাস ও অ্যান্থনি পিউস গোমেজ। ভিডিওগ্রাফিতে ছিলেন অ্যান্থনি পিউস গোমেজ, রায়হান এলাহী ও আরিফুল ইসলাম।