ভার্জিনিয়ায় প্রিয় বাংলার ঐতিহ্যবাহী পথমেলা

বহুজাতিক সংস্কৃতির সংমিশ্রণে আরলিংটনের ওয়াল্টার রিড ড্রাইভের পথে খোলা আকাশের নিচে প্রিয় বাংলা পথমেলা অনুষ্ঠিত হয়েছে।
২১ বৃহত্তর ওয়াশিংটন ডিসির স্বনামধন্য সংগঠন প্রিয় বাংলা বাংলাদেশের ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতিকে বুকে লালন করে এই পথমেলার আয়োজন করে।
অষ্টমবারের মতো অনুষ্ঠিত এই পথমেলায় আনন্দ শোভাযাত্রা যা বিভিন্ন দেশের স্ব স্ব সংস্কৃতির পোশাকে আচ্ছাদিত হয়ে প্রায় এক মাইল পথ প্রদক্ষিণ করে। রিকশা, পালকি আর নৌকা ছিল আনন্দ শোভাযাত্রার কেন্দ্রবিন্দু। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি (বাগডিসি), আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস (আবিয়া), বাংলাদেশি আমেরিকান আইটি প্রফেশনালস অর্গানাইজেশন (বাইটপো), ফিলিপিনো অর্গানাইজেশন নাফাসহ বৃহত্তর ওয়াশিংটন ডিসির বিভিন্ন সংগঠন সাংগঠনিক ব্যানার নিয়ে এই আনন্দ শোভাযাত্রায় অংশ নেয়।
এবারের পথমেলায় বিশেষ আকর্ষণ ছিল বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা, নাট্য অভিনেতা কল্যাণ কোরাইয়া ও বাংলাদেশের জাদুশিল্পী রাজীব বসাকের পরিবেশনা। সঙ্গে ছিল ব্যাকস্টেজের অত্যাধুনিক মনোরম এলইডি স্ক্রিন, পেরুভিয়ান, বলিভিয়ান, আফ্রিকান, ওল্ড ডমিনিয়ন, মেক্সিকান, ইন্ডিয়ান গ্রুপের গান ও নৃত্য পরিবেশনা।

আরও গান পরিবেশন করেন পিউলি ঘোষ, রবি আলম, পরিমল মণ্ডল, মুন্নি দে, হ্যাপি দেবনাথ, অপ্সরা বণিক, মাহিন সুজন, শিমুল ঘোষ, পুলি বালা, পাপি মনা, শিমুল ঘোষ ও মেট্রো বাউলের গান। নৃত্যে ছিলেন জাফর রহমান, শফিকুল ইসলাম, সারা লুদমিলা, তিলক কর ও প্রণব বড়ুয়া। এ ছাড়া ছিল সিনথিয়া ড্যান্স গ্রুপ, রোকেয়া হাসির কোরিওগ্রাফিতে মাহিবা হাসান নিয়ন্তি, মাহদিয়া জাহান এশাল এবং তাথৈর পরিবেশনা অন্তপুরের মেয়ে ও মঞ্জুরী নৃত্যালয়ের বিশেষ পরিবেশনা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরলিংটন কাউন্টি বোর্ড চেয়ার ক্রিশ্চিয়ান ডোরসে। বিশেষ অতিথি আরলিংটন কাউন্টি বোর্ড মেম্বার কেটি ক্রিস্টল, বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার শাহ আলম খোকন, নিউ ভার্জিনিয়া মেজরিটির কো-এক্সিকিউটিভ ডিরেক্টর জন লিস ও ভয়েস অব আমেরিকার আনিস আহমেদ।
প্রিয় বাংলার পৃষ্ঠপোষকেরা বলেন, প্রায় আট হাজার দর্শক সমাগমই প্রমাণ করে এবারের পথমেলা শতভাগ সফল হয়েছে।
মেলার বিভিন্ন স্টলে ছিল শাড়ি, পাঞ্জাবি, চুড়ি, গয়না, দেশীয় কুটিরশিল্প, হালিম, ফুসকা, তেহারি, বিরিয়ানিসহ বিভিন্ন দেশীয় মুখরোচক খাবার। প্রিয় বাংলার স্টলে ছিল ভোটার রেজিস্ট্রেশন বুথ, ইমিগ্রেশন অ্যাডভাইস, ফ্রি মেডিকেয়ার।
প্রিয় বাংলা এমন সুন্দর ও সফল অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য ম্যানেজমেন্ট টিমের পক্ষ থেকে প্রিয়লাল কর্মকার প্রিয় বাংলার কর্মকর্তাদের এবং উপস্থিত দর্শকদের ধন্যবাদ জানান।
প্রিয় বাংলা পথমেলার মিডিয়া পার্টনার ছিল প্রথম আলো উত্তর আমেরিকা।