ভার্জিনিয়ায় বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দিয়েছে প্রিয় বাংলা

প্রবাসী বাংলাদেশিদের বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দেওয়ার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে প্রিয় বাংলা আয়োজন করেছে ফ্রি মেডিকেল অ্যাডভাইস সেন্টার।
১৩ মে ভার্জিনিয়ার ওয়াল্টার রিড কমিউনিটি সেন্টারে ৫ জন চিকিৎসকের সমন্বয়ে গঠিত একটি দল এই স্বাস্থ্যসেবা দেন। যেসব প্রবাসী বাংলাদেশির ইনস্যুরেন্স কাভারেজ নেই মূলত তাঁদের এই স্বাস্থ্যসেবা দেওয়া হয়।
মেট্রো ওয়াশিংটন ডিসির স্বনামধন্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন প্রিয় বাংলা দ্বিতীয়বারের মতো ফ্রি মেডিকেল অ্যাডভাইস সেন্টারের আয়োজন করল। বিনা মূল্যে চিকিৎসা উপদেশ ও প্রেসক্রিপশন, চাকরি ক্ষেত্রে বয়স্কদের অক্ষমতা সুবিধা ও অভিবাসন সহায়তা, ওষুধ ব্যবস্থাপত্রের ডিসকাউন্ট কার্ড, বিনা মূল্যে মানসিক, চক্ষু বিষয়ক ও জেনারেল প্র্যাকটিশনার চিকিৎসার সেবা দেওয়া হয়। প্রবাসী বাংলাদেশিদের অনেকেই প্রিয় বাংলার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
এবারে প্রিয় বাংলার ফ্রি ক্লিনিকে চিকিৎসক সৈয়দ মাহতাব আহমদের পরিচালনায় যারা স্বেচ্ছাসেবী হিসেবে সেবা দিয়েছেন তাঁরা হলেন—চিকিৎসক ইসমাত আসাদ, আসাদ কাশেম, মরিয়ম পারভীন মহুয়া, সোমা বোস ও মেডিকেল টেকনিশিয়ান প্রিয়াঙ্কা বোস।
স্বাস্থ্যসেবা দেওয়া শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় পরবর্তী ফ্রি ক্লিনিক আগস্ট মাসে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।
আয়োজকেরা বলেন, এই মেডিকেল টিম বছরে ৩ থেকে ৪ বার বৃহত্তর ওয়াশিংটন ডিসিতে স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে। এ কারণে প্রবাসী বাংলাদেশিদের সার্বিক সহযোগিতা করতে আহ্বান জানানো হয়।
শেষে প্রিয় বাংলার পরিচালক প্রিয়লাল কর্মকার সব স্বেচ্ছাসেবী, চিকিৎসক ও বাংলাদেশ কমিউনিটির সবাইকে সহযোগিতার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানান। এ সময় নিউজ-বাংলার চিফ এডিটর ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আমেরিকার (বাই) প্রেসিডেন্ট সফি দেলোয়ার কাজল, রেডিও রূপসী বাংলা, মোমেন্ট মাল্টিমিডিয়া গ্রুপ, অ্যাটর্নি সুদীপ বোস, আগামী সাউথইস্ট চ্যাপ্টারের সাবেক প্রেসিডেন্ট ফারজানা সুলতানা ক্লারা, প্রিয় বাংলার উপদেষ্টা বিকাশ সাহা, উই কেয়ার ফাউন্ডেশনের ট্রেজারার খন্দকার জামান খোকন উপস্থিত ছিলেন।
খন্দকার জামান খোকন বলেন, প্রিয় বাংলার এই মহতী উদ্যোগে উই কেয়ার প্রিয় বাংলার সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে। বিনা মূল্যে স্বাস্থ্যসেবা নিয়মিত চালিয়ে যেতে উই কেয়ার প্রিয় বাংলার সঙ্গে একযোগে কাজ করবে।
প্রিয় বাংলার পক্ষ থেকে উপস্থিত ছিলেন—ডামিয়ান ডিয়াস, রাজীব বড়ুয়া, মাহফুজুল ইসলাম ভূঁইয়া, মারুফুল ভূঁইয়া, রফিকুল ইসলাম আকাশ, সুমন কর্মকার, নুসরাত জাহান, তৌহিদ আরিফ, সুমিত মিস্ত্রি, সাইদুর রহমান ফরহাদ, পুলি কর্মকার, ইসরাক কাশেম, মেরি খান প্রমুখ।—বিজ্ঞপ্তি।