ভালো তালেবানের তালিকায় মোল্লা ওমর?
যুক্তরাষ্ট্রের প্রতি সরাসরি হুমকি হয়ে না দাঁড়ালে আফগানিস্তানে মোল্লা ওমর বা অন্য তালেবান নেতাদের ২ জানুয়ারি থেকে আর লক্ষ্যবস্তু করবে না ওয়াশিংটন। মার্কিন প্রতিরক্ষা দপ্তর এ কথা বলেছে। খবর ডনের।
প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল জন কিরবি সম্প্রতি ওয়াশিংটনে এক সংবাদ ব্রিফিংয়ে এসব বক্তব্য দেন। এ সময় তিনি বলেন, ‘তালেবানের সদস্য হওয়া মানেই এটা নয় যে যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে অভিযান চালাবে। এই একটি কারণেই আপনার বিরুদ্ধে অভিযান চালানো হবে, বিষয়টি তেমন নয়।’
সংবাদ ব্রিফিংয়ে যোদ্ধা তালেবান ও অযোদ্ধা তালেবানের মধ্যে একটা পার্থক্য রেখা টেনে দেন মুখপাত্র জন কিরবি। যারা জঙ্গিবাদী লড়াই চালিয়ে যাবে, তাদের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না বলেও ঘোষণা দেন তিনি। কিরবি বলেন, ‘যেসব তালেবান সদস্য আমাদের বা আমাদের আফগান অংশীদারদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে, এই একটি কারণেই তারা নিজেদের মার্কিন পদক্ষেপের লক্ষ্যবস্তু বানিয়ে ফেলবে।’
‘তার মানে মোল্লা ওমর বা এ ধরনের নেতাদের পিছু নেওয়া হবে কি না, ২ জানুয়ারি থেকে সেই সিদ্ধান্ত আফগানদের ওপর নির্ভর করবে, বিষয়টি কি এমন?’ জানতে চান একজন সাংবাদিক। জবাবে মুখপাত্র জন কিরবি বলেন, ‘আসলেই তাই।’