ভালো নেই নিউইয়র্কের গ্রিন ক্যাবিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিন ডলার ধরবেন বলে যারা নিউইয়র্কের গ্রিন ক্যাবের হাতল ধরেছিলেন, তাদের হাত ফসকে যাচ্ছে। সময়ের সঙ্গে বদলে গেছে নগরীর ক্যাব যাত্রীদের পছন্দ। ফলে নিউইয়র্ক নগরীর গ্রিন ক্যাবিরা আজ আর ভালো নেই।
মনের ভেতর অনেক স্বপ্ন নিয়ে গ্রিন ক্যাব কিনেছিলেন রহমত উল্লাহ। শুরুতে কিছুদিন ভালো আয় হলেও এখন তাতে

ভাটা পড়েছে। প্রযুক্তিনির্ভর উবার, লিফট, জনো, ভিয়া আসার পর থেকেই আয়-রোজগার আগের মতো নেই। তার ওপর আসছে আরও নতুন ছয় হাজার সবুজ ক্যাবের পারমিট। ফলে সুন্দর জীবনের স্বপ্ন এখন সুদূর। কোনো রকমে পারমিট টিকিয়ে রেখেছেন এখন। বিক্রির চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন রহমত উল্লাহ।
অনেকেই ২৫ থেকে ৫০ হাজার ডলার ব্যয় করে রাস্তায় গাড়ি নামিয়েছেন। যাত্রী সংকটের কারণে শত শত ক্যাবি তাদের পারমিট বিক্রির চেষ্টা করছেন। কিন্তু ক্রেতা সংকটের কারণে রহমত উল্লাহর মতোই পারমিট ও গাড়ি বিক্রি করতে পারছেন না ক্যাবিরা। ফলে অনেকেই খরচ কমাতে পারমিটগুলো পুনরায় সিটির কাছে হস্তান্তর করছেন।
সব মিলিয়ে সবুজ ক্যাবিদের এখন চরম দুর্দিন চলছে। ক্যাবি আজিজুল হক জানান, সবুজ ক্যাবিরা নির্দিষ্ট স্থান থেকে যাত্রী ওঠা-নামা করাতে পারে। জেএফকে বিমানবন্দর, লাগডিয়া বিমানবন্দর ও ম্যানহাটন ৯৬ স্ট্রিট থেকে কোনো যাত্রী নিতে পারে না তারা। ফলে তাদের আয় কম। কিন্তু অন্য ক্যাবিরা যেকোনো স্থান থেকে যাত্রী ওঠা-নামা করাতে পারে বলে আয়ও বেশি।
সবুজ ক্যাবিরা অনেক সময় মাইলের পর মাইল রাস্তায় ঘুরেও যাত্রীর দেখা পান না। কারণ তাঁরা নির্দিষ্ট বরোতে গাড়ি চালান। কেউ যদি নির্দিষ্ট বরোর বাইরে যাত্রী তোলেন, তাহলে হাজার ডলারের জরিমানার নোটিশ পৌঁছে যায় বাসায়। ক্যাবিদের গাড়ির মিটারের সঙ্গে টিএলসি কমিশনের সংযুক্ত প্রযুক্তি নির্দিষ্ট এলাকার বাইরে এর অবস্থানের তথ্য সঙ্গে সঙ্গে পৌঁছে দেয়। ফলে চোখ এড়ানো সম্ভব হয় না। এ ছাড়া ক্যাবিরা ট্রাফিক পুলিশ ও পেট্রল পুলিশের রোষানলে পড়েন প্রতিনিয়ত। দিন শেষ আয় রোজগার না করে একটি টিকিটের বোঝা মাথায় নিয়ে অনেক সময় বাসায় ফিরতে হয়।
অন্যদিকে উবার, লিফট, জনো, ভিয়া আসার কারণে সবুজ ক্যাবিদের ব্যবসা অনেকটাই কমে গেছে। প্রযুক্তির কারণে যেকোনো জায়গা থেকে উবার, লিফট যাত্রী তুলতে পারে। সে জন্য তাদের ব্যবসা এখন অনেক ভালো। ক্যাবিরা জানান, ‘আমরা তা করতে পারি না। আমাদের আয় অন্যদের তুলনায় অনেক কম। কিন্তু সব ধরনের গাড়ি সেবার খরচ প্রায় সমান। টিএলসি পরিদর্শনের সময়সীমাও একই।’
প্রতি দিন এবং মাসে তেল, বিমা, গাড়ির ভাড়া নিয়মিত পরিশোধ করতে হয়। এসব বিল দিয়ে সবুজ ক্যাবিদের তেমন একটা জমা থাকে না। আবার কোনো মাসে দেখা যায়, ঋণ করে বিল পরিশোধ করতে হয়। কোনো একটা বিল পরিশোধ করতে দেরি হলে আর গাড়ি চালানো সম্ভব হয় না; উল্টো জরিমানা দিতে হয়। এর মধ্যেও রাস্তায় নামার অপেক্ষায় রয়েছে আরও ৬ হাজার সবুজ ক্যাব। বর্তমানে ৩ হাজার ডলারের বিনিময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবুজ ক্যাবের পারমিট পাওয়া যাচ্ছে। এই অবস্থায় সবুজ ক্যাবিদের আয় আরও কমে যাবে বলে বলে আশঙ্কা করা হচ্ছে।
নতুন গাড়ির অনুমোদন প্রসঙ্গে টিএলসি কমিশনার মিরা জোসি জানান, ‘সাবেক মেয়র ব্লুমবার্গের সময় ক্যাবগুলো অনুমোদন দেওয়া হয়েছিল। এখানে আমাদের করার কিছুই নেই। আর ক্যাবিদের আয় বৃদ্ধির বিষয়ে আমাদের নতুন পরিকল্পনা আছে।’