
এই আমেরিকায় আমরা প্রবাসী। প্রবাস জীবনে সুখ–দুঃখ, হাসি-কান্না, ভালোবাসা নিয়ে চলছে জীবন। কাজ-কর্মে যায় দিন। কেউ কেউ ভালো কাজ করেন। আবার কেউ কেউ করেন কম বেতনে কাজ। এখানে বাসাভাড়া, মেডিকেল খরচ খুব বেশি। তুলনামূলক খাবার খরচ কম। স্বল্প আয়ের মানুষের জন্য আছে মেডিকেল ইনস্যুরেন্সে ডাক্তার ও ওষুধ ফ্রি। এভাবে জীবন কাটে এই প্রবাসে। এখানে গড়ে উঠেছে অনেক সংগঠন। এলাকাভিত্তিক সংগঠনসহ সামাজিক-সাংস্কৃতিক বিভিন্ন সংগঠন। তেমনি একটি সংগঠন বৃহত্তর সিলেটের প্রবাসীদের নিয়ে গড়ে উঠেছে ‘জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইন্ক। এই সংগঠন বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এগিয়ে চলেছে।
এবার সংগঠনের নতুন কমিটি এসেছে। এই কমিটির অভিষেক ১৫ ডিসেম্বর। নতুন কমিটির সভাপতি হিসেবে আছেন এই প্রবাসের জনপ্রিয় মুখ ময়নুল হক চৌধুরী (হেলাল)। তিনি এর আগে দুবার অত্যন্ত বলিষ্ঠতার সঙ্গে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। একজন জনপ্রিয় সংগঠক হিসেবে বেশ খ্যাতি পান। তিনি সিলেট জেলা বারের আইনজীবী আজিজুল মালিক চৌধুরীর একমাত্র মেয়ে জামাই। এবার নতুন কমিটিতে যারা এসেছেন, তারা সবাই প্রবাসের পরিচিত মুখ। তাদের সবার সম্মিলিত কাজে জালালাবাদ অ্যাসোসিয়েশন সুখ্যাতি অর্জন করবে। দীর্ঘদিনের স্বপ্ন, জালালাবাদের নিজস্ব অফিস হবে। সেই স্বপ্ন পূরণ হোক সবার প্রচেষ্টায়। হোক কবরের জন্য জায়গার সুব্যবস্থা। প্রবাসী নতুন প্রজন্মকে বাংলা ভাষায় চর্চায় মনোযোগী করে তুলতে হবে। এ জন্য ছুটির দিনে বাংলা ক্লাসের ব্যবস্থা করা হোক। এমনি আরও কল্যাণমূলক কর্মসূচি হাতে নিয়ে প্রবাসে নিজেদের অবস্থানকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিতে সচেতন হতে হবে।
অনেকের অন্তিম ইচ্ছে থাকে দেশের মাটিতে যেন কবর হয়। আর্থিক কারণে সেটা সম্ভব হয় না। বিষয়টি নিয়ে ভাবতে হবে। দেশে বিমানবন্দরে অনেক যাত্রী অপমানিত ও লাঞ্ছিত হন। সে দিকে খেয়াল রেখে জোরালো ভূমিকা রাখার প্রয়োজনীয় উদ্যোগ নিলে সংগঠন ও বর্তমান নেতৃত্বের সুনাম বাড়বে। বছরে একবার বৃহত্তর সিলেটীদের নিয়ে মিলনমেলার আয়োজন করা যায়। করা যায় পথ মেলা, বনভোজন, ইফতার পার্টি, ঈদ মেলা, সাহিত্য সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বৃহত্তর সিলেটের বরেণ্য ব্যক্তি ও গুণীজনদের নিয়ে বিশেষ আয়োজন করা যায়। অবশ্য এ সবের কিছু কিছু কাজ করে থাকেন জালালাবাদ অ্যাসোসিয়েশন। প্রবাসের কৃতি ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশে বৃত্তির ব্যবস্থা রাখা যায়। নতুন যারা আসেন তাদের কাজের ব্যাপারে সহযোগিতা করার জন্য বিশেষ টিম গঠন করে সহযোগিতা করতে পারেন।
আসলে দেশ থেকে নতুন যারা আসেন, তারা এখানে আসার পর গভীর সাগর দেখেন চারপাশে। চোখে দেখেন অন্ধকার। আলোর জীবনের খোঁজে হন্য হয়ে ছোটেন। এমনি অনেক জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসতে পারে প্রবাসের এই প্রিয় সংগঠন। জালালাবাদ অ্যাসোসিয়েশন সব সিলেটীর ভালো লাগা-ভালোবাসার প্রাণপ্রিয় সংগঠন। সংগঠিত একই ছাতার নিচে প্রিয় বৃহত্তর সিলেটের আপনজনেরা। শুভ হোক আগামীর পথ চলা, আগামীর জীবন। কর্মসংস্থান ও বাসস্থান ভাবনায় আসুক সুন্দর দিন। প্রীতির বন্ধনে বন্ধন হোক সুদৃঢ়। প্রাণের প্রিয় সিলেটকে নিয়ে তাই আমিও লিখে ফেললাম ‘সিলেট আমার’ ও ‘সুরমা নদী’ শীর্ষক দুটি ছড়া—
সিলেট আমার
সিলেট আমার অন্তরে রোজই
দেয় কী যে দোলা
সিলেট আমার প্রাণের শহর
যায় না তারে ভোলা।
সিলেট আমার রঙিন আলো
চোখে ছবি ভাসে
সিলেট আমার ভালোবাসার
দুঃখ সবই নাশে।
সিলেট আমার পাখপাখালি
গায় মিষ্টি গান
সিলেট আমার কত রূপের
ঝলমল বান।
সিলেট আমার আউলিয়ারা
শুয়ে এই মাটি
সিলেট আমার দেশ–বিদেশে
শক্ত নিজ ঘাঁটি।
সিলেট আমার আপন শহর
রাখছে বেঁধে মায়া
সিলেট আমার সকল কাজে
দেয় শান্তি-ছায়া।
সিলেট আমার বঙ্গবীরের
মুক্তি সেনা ঘাঁটি
সিলেট আমার শীতল পাটি
চা-কমলা খাঁটি।
সিলেট আমার গলার মালা
হিরে মুক্তো পান্না
সিলেট আমার প্রিয় অনেক
নয় দুঃখে কান্না।
সুরমা নদী
আমাদের নদী সুরমা যে
রূপে রয় রোজ
নদীটা কাড়ে মনটা কাড়ে
রাখে কী কেউ খোঁজ?
মন নেয়, নদী টেনে নেয়
নদী পাড়ে ওই
কিনব্রিজে ঝাঁকে ঝাঁকে কবুতর
করে হইচই।
শিশু বেলা কোলাহলে যায়
সময়টা খুব
আজ দিনে মনে পড়ে স্মৃতি
ভাবনায় ডুব।
সিলেটের নদী সুরমার
নাম কী যে বেশ
এপার–ওপার সেতু তাই
গড়ে সেতু বেশ।
আলী আমজদের ঘড়ি আছে
সুরমার তীরে আজও
প্রীতি বন্ধনের মায়া নিয়ে
সবে করে কাজও।
উত্তরে সার্কিট হাউস
পশ্চিমে আছে থানা
সারদা হলের স্মৃতিটা
সবার কাছে জানা।
টলোমলো জল বয় আহা
নদী কাড়ে দৃষ্টি
এই নদী সুনামের সাথে
আছে ধরে কৃষ্টি।