ভালোবাসা দিবসে সবার জন্য উপহার
স্কাই ভিউ হাইস্কুল নামের শিক্ষাপ্রতিষ্ঠানটিতে মেয়ে শিক্ষার্থীর সংখ্যা ৮৩৪। তবে ভালোবাসা দিবসে (ভ্যালেন্টাইনস ডে) অন্তত একটি উপহার পাওয়া থেকে বঞ্চিত হয় না কেউই। কারণ, প্রতিবছরই বিশেষ এই দিনে সবাইকে একটি করে ফুল উপহার দেয় হেইডেন গডফ্রে। খবর এবিসি নিউজের।
১৭ বছর বয়সী হেইডেন নিজেও যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের স্মিথফিল্ড এলাকায় অবস্থিত ওই স্কুলের শিক্ষার্থী। এত ফুল কিনতে তার খরচ হয় ৪৫০ মার্কিন ডলার। এই অর্থ সে সঞ্চয় করে সারা বছর কাজ করে।
হেইডেন জানায়, ১৪ বছর বয়স থেকে এভাবে ভালোবাসা দিবসে ফুল বিতরণের কাজ করে আসছে সে। প্রথম দিকে বেনামে নিজের বন্ধুদের কাছে এই দিনে ফুল পাঠাত। প্রতিবছর পরিধিটা বাড়তে থাকে। শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত নেয়, যে করেই হোক সবাইকে বিশেষ এই দিনে সুখী করবে সে। এ জন্য যত টাকা উপার্জন দরকার, সে করবে।
অর্থ উপার্জনে হেইডেন প্রথমে বাবুর্চির কাজ শুরু করে স্মিথফিল্ডে অবস্থিত ম্যাকডোনাল্ডে। পরে মেক্সিকান রেস্তোরাঁয় থালাবাসন ধোয়ার কাজও করেছে সে। গত ১০ মাস কাজ করছে স্থানীয় একটি মুদি দোকানে। সেখানে পণ্যসামগ্রী থলেতে ভরার কাজ করতে হয় তাকে।
হেইডেনের এই কাজে দারুণ খুশি তার মা এরিন গডফ্রে। তিনি বলেন, স্কুলের কিছু মেয়ে ভালোবাসা দিবসে কোনো উপহার পায় না দেখে হেইডেন কষ্ট পেত।