ভালোবাসা, প্রেম নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওমানি যুবকের ওপর ইয়েমেনি মেয়ের ক্রাশ খাওয়ার ঘটনার চাক্ষুষ সাক্ষী আমি। কীভাবে তাহলে খুলেই বলি।
ইয়েমেনি ইয়াজিদি তরুণীরা এত দিন জানতাম অনিন্দ্য সুন্দরী হয়। কিন্তু এই মেয়েটা দেখতে তেমন নয়। আমি ছাড়া সেবার পুরো ওমানে কেউ সম্ভবত ওর চেহারা দেখেনি। কিভাবে দেখবে? ও তো সারাক্ষণ মুখ নেকাব দিয়ে ঢেকে রাখে। কী যেন কী মনে করে রাতে ডিনারের সময় ও মুখের পর্দা খুলে চেহারা দেখাল। সেই মুখ দেখে একটু চমকে উঠলাম। যারা সারাক্ষণ মুখ পর্দা দিয়ে ঢেকে রাখে, হঠাৎ তাদের চেহারা দেখলে একটু চমকে উঠতে হয়।
ঘটনাটা ঘটেছিল ২০১২ সালের মে মাসে। আমি বাংলাদেশ থেকে ক্রীড়া সাংবাদিক হিসেবে আমন্ত্রিত হয়েছিলাম ওমানে এক সম্মেলনে। আয়োজনটা ছিল এশিয়ান অলিম্পিক কমিটির। ওমানের রাজধানী মাসকটে শাংরালিরা রিসোর্টে আমাদের থাকার ব্যবস্থা করা হলো। রিসোর্টে গিয়ে মনে হলো, স্বর্গ যেন পৃথিবীতে নেমে এসেছে। এত সুন্দর চারপাশ! নীল পানির সমুদ্র রুমের সামনেই। এত বিলাসবহুল রুমে এর আগে আমি কখনো থাকিনি।
দিনে তিন থেকে চারবার নতুন ড্রেস পরে আমি হাজির হই পাঁচ সপ্তাহের ক্রীড়াবিষয়ক কর্মশালায়। কাতার-কুয়েতের মেয়েরা আমাকে দেখে কিছুটা ঈর্ষা করে। ওরা করুণ স্বরে বলে, কালো বোরকা ছাড়া আর কোনো রঙের পোশাক পরা ওদের নিয়মে নেই। তবুও ওমান-কুয়েত-কাতারের মেয়েরা মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে কিছুটা অগ্রসর। তারা ইরানি নারীদের মতো হিজাব পরেই সর্বত্র দাপটে বেড়ায়।
আমি আসলে ‘হিজাব’-এর পক্ষে নাকি বিপক্ষে বুঝে উঠতে পারছিলাম না। কারণ ছোটবেলা থেকে পরিবারের কাউকে হিজাব পরতে দেখিনি। হঠাৎ ফস করে পাশের একজন বলে উঠল, ‘হিজাব পরা একটা মেয়ের স্বাধীনতা। সে কী করবে, সেটা তার ওপর ছেড়ে দিতে হবে।’ ফিরে দেখি কথাটা যে বলল, সে নিজে খুব আধুনিক পোশাকের। দেখতে ইউরোপীয়দের মতো। জর্ডানের নামকরা ক্রীড়া সাংবাদিক সে। একাধিকবার বিশ্বকাপ ফুটবল, অলিম্পিক গেমস কাভার করেছে। খেলার মাঠে হিজাব পরার বিষয়টিই ছিল সেখানে আমাদের আলোচনার বিষয়, যেটাকে ঝুঁকিপূর্ণ মনে করছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। এই বিষয়ে পক্ষে-বিপক্ষে যুক্তি তুলে ধরে হলো। জর্ডানি এক সাংবাদিক বললেন, মধ্যপ্রাচ্যের বেশির ভাগ দেশে হিজাব পরাটা তাদের ঐতিহ্যের অংশ। তারা আবহাওয়ার কারণে এটা করে।
এশিয়ার সব মুসলিম দেশে নারীদের অবস্থা একরকম নয়। জর্ডান, লেবানন, কাজাখস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তানের মেয়েরা পোশাকে-আশাকে অনেক বেশি খোলামেলা। উল্টো অবস্থা সৌদি আরব ও ইয়েমেনের মেয়েদের। সৌদি আরব থেকে কেউ ছিল না ওই সম্মেলনে। সম্মেলনে আগত বাকিদের মধ্য থেকে ইয়েমেনি মেয়েটিকে আমার সঙ্গে পাঠানো হলো শপিংয়ের জন্য। ওই দিন ছিল সম্মেলনের শেষ দিন। ফলে যে যার মতো ঘুরে বেড়াতে পারবে।
ওমানিরা খুব উৎসবপ্রিয়। তাদের পুরুষেরা লম্বা আলখাল্লা ধরনের পোশাকের সঙ্গে কোমরে খঞ্জর নিয়ে ঘুরে বেড়ায়। তেমন একজন আলখাল্লা পরিহিত, মাথায় পাগড়ি পরা এক তরুণ আমাদের গাড়িতে করে ঘুরতে নিয়ে যেতে এল। দেখতে বেশ সুদর্শন সেই তরুণ। গাড়িতে ওঠার পর আমার ইয়েমেনি তরুণী সঙ্গী ও ওমানি চালক যে আলাপ শুরু করল, তার আর থামে না। দুই পাশের পাহাড়ের মধ্যে গিরিখাদের ভেতর দিয়ে চলল গাড়ি। প্রায় দেড় ঘণ্টা পথ তারা দুজনে বকবক করে গেল। আরবি ভাষায় কথা বলছিল তারা। ফলে কিছুই বুঝতে পারছিলাম না। আমার হাতের মোবাইলে ইন্টারনেট নেই। দুজনের আলাপ শোনা ছাড়া কিছু যে করব, তারও কোনো উপায় নেই। একজন অজানা-অচেনা নারী-পুরুষ যে এত কথা বলতে পারে, তা আমার ধারণায় ছিল না। বিরক্ত হয়ে ঘুমানোর চেষ্টা করলাম। আমি যে একটা মানুষ পাশে আছি ওদের যেন মনেই নেই।
আসলে নারী-পুরুষের পারস্পরিক আকর্ষণ সহজাত। সেটা যতই পোশাকে মুড়িয়ে রাখা হোক না কেন! আবেগের স্রোত আটকে রাখা যায়, কিন্তু যখন বাধ ভেঙে যায়, তখন দুকূল ছাপিয়ে যায়। আমি আর ইয়েমেনি মেয়েটি এক সময় শপিংমলে এলাম। দুজনে কিছুক্ষণ ঘোরার পরে আলাদা হয়ে গেলাম। কিছুক্ষণ পর আমি তাকে হারিয়ে ফেললাম। তাকে যে চেহারা দেখে খুঁজে পাব, তার কোনো উপায় নেই। কারণ, তার মুখ নেকাব দিয়ে ঢাকা। আমি তার চেহারা চিনি না। আর শপিংমলে বহু নারী কালো বোরকা পরে ঘুরে বেড়াচ্ছে। আমাদের দুজনের কারও কাছেই স্থানীয় ফোন নম্বর নেই। অনেকক্ষণ খুঁজে তাকে না পেয়ে অবশেষে বেসমেন্টে গাড়ির কাছে চলে এলাম।
কনফারেন্সের যে লিয়াজোঁ কর্মকর্তা আমাদের এখানে পাঠিয়েছেন, তিনি আগেই বলে দিয়েছিলেন, দুজন দুজনকে না পেলে গাড়ির কাছে চলে আসতে। আমি গাড়িতে উঠে দেখি, ইয়েমেনি মেয়েটি আগেই গাড়িতে বসে আছে। আমেরিকার মতো ওমানে চালকেরা বাম দিকে বসে। তাই যে পেছনের সিটে ডান দিকে বসে, সে কথা বলার সময় চালককে দেখতে পায়। আগেরবার না বুঝে আমি ডান দিকে বসেছিলাম। এখন দেখি ইয়েমেনি তরুণী আগেই গিয়ে ডান দিকে বসে আছে। আমার এত রাগ লাগল যে বলার নয়। তবে এই রাগ দেখার সময় কি তার আছে? আসার পথে দুজনের বকবকানি আগের চেয়ে তুমুল বেগে চলতে লাগল। এর মধ্যে ব্যাগ থেকে বের করে মেয়েটা একটা নতুন মোবাইল দেখাল ওমানি চালককে। শপিংমল থেকে কিনেছে বুঝতে পারলাম।
রাতে ক্যাফেটেরিয়ায় খাচ্ছি, হঠাৎ কোনার চেয়ারে ইয়েমেনি মেয়েটি বুফে থেকে খাবার নিয়ে এসে বসল। এমন একটা সিট সে বেছে নিল, যাতে কেউ তাকে সহজে দেখতে না পারে। এরপর সে মুখের নেকাব খুলে আমার দিকে তাকিয়ে হাসল। মেয়েটার মুখ দেখে একটু চমকে গেলাম। সে দেখতে তেমন সুন্দর নয়। বিদেশে এসে সুদর্শন চালককে দেখে সে প্রথম দর্শনেই প্রেমে পড়ে গেছে। আমার অনুমান যে সঠিক, তা বুঝতে পারলাম দেশে ফেরার পর। ঢাকায় ফেরার একদিন পর অফিসে গিয়ে ইমেইল খুলে দেখি, ইয়েমেনি মেয়েটির একের পর এক ইমেইল। আমি তো অবাক, কি হলো? ইমেইল খুলে দেখি, সে ওমানি ওই চালকের মোবাইল নম্বর জানতে চেয়েছে। আমার কাছে তার নম্বর থাকলে যেন ইমেইলে পাঠাই। সমস্যা হলো আমার কাছে তো ওই চালকের নম্বর নেই। এটা জানিয়েই উত্তর দিলাম। সঙ্গে বললাম, আমার কাছে লিয়াজোঁ কর্মকর্তারা নম্বর আছে। ও সেটা পাঠাতে বলল। পাঠালাম; তারপর কি হলো আর জানি না।
বহু বছর বাদে অ্যাস্টোরিয়ার টোয়েন্টি ফার্স্ট অ্যাভিনিউয়ে দুই আরব তরুণ-তরুণীকে আলিঙ্গনবদ্ধ অবস্থায় দেখে সেই ঘটনার কথা মনে হলো। আগে জ্যাকসন হাইটসে যখন থাকতাম, সেখানে আমরা বাঙালিরা ছিলাম সংখ্যাগরিষ্ঠ। কিন্তু এখানে আমরা সংখ্যালঘু। সংখ্যাগরিষ্ঠ হলো গ্রিকরা। তারপর রোমান ও আরবেরা সংখ্যায় বেশি। এই আরব আবার মধ্যপ্রাচ্যের আরব নয়, মিশর ও মরক্কো থেকে আসা, যাদের চেহারা এশিয়ানদের মতো হলেও আদতে তারা আফ্রিকান। মাথায় হিজাব পরলেও বেশির ভাগ মেয়ে সাধারণ প্যান্ট-শার্টসহ সব ধরনের পোশাক পরে।
এ দেশে চুম্বনরত নানা বয়সী মানুষকে দেখতে পাওয়া ডালভাতের মতো। এমনকি একই লিঙ্গের দুজনে চুম্বন করলেও কেউ ফিরে তাকায় না। কিন্তু চুম্বনরত হিজাব পরা তরুণীকে দেখতে পাওয়া বিরল ঘটনা। ওদের দিকে এক ঝলক তাকিয়ে, হঠাৎ আমার মনে পড়ল, ইয়েমেনি তরুণীটি কি শেষ পর্যন্ত ওমানি পুরুষটির নম্বর পেয়েছিল? যদি পায় তাহলে কি ওদের মধ্যে কোনো সম্পর্ক হয়েছিল?