ভালোবাসি তোমাকে
ইমরান দু সপ্তাহ আগে ঢাকায় মায়ের পছন্দ অনুযায়ী ইমা নামের এক মেয়ের সঙ্গে বাগদান করে ফিরে এসেছে আমেরিকায়। একটি পারিবারিক জরুরি কাজে ইমরানকে দু সপ্তাহের জন্য ঢাকাতে যেতে হয়েছিল। এই সুযোগে তার মা বাগদানের কাজটি সেরে নিয়েছেন। সবকিছু এত তাড়াহুড়ার মধ্যে হয়েছে যে, ইমরান এখনো স্থির হতে পারেনি। যদিও মায়ের বিরুদ্ধে তার মত ছিল না। ইমাকে দেখে ইমরানের পছন্দ হয়েছিল। বংশ ভালো, শিক্ষা-দীক্ষা অর্থ-সম্পদ সবদিক দিয়ে ফেলার মতো পাত্রী ছিল না ইমা। তবুও সবকিছু কেন জানি একটু এলোমেলো লাগছিল।
আমেরিকা ফেরার পর ইমার সঙ্গে ইমরানের আর যোগাযোগ হয়নি। আজ সকালে হঠাৎ করেই ইমরানের ফোন বেজে উঠল, ইমরানের মা ফোন করেছে। ‘কেমন আছিস বাবা, তোর কী অবস্থা? সবকিছু ঠিক আছে তো?’
-মা আমি ভালো আছি। তুমি কেমন আছ।
-আমি আর ভালো থাকি কী করে। আজ দু সপ্তাহ হয়ে গেল, তুই একবারও ইমার সঙ্গে যোগাযোগ করিসনি। কেন বাবা আমার কি কোনো অন্যায় হয়েছে? ইমাকে কি তোর ভালো লাগেনি? তোর মতামত নিয়েই তো এনগেজমেন্ট হয়েছে; তাহলে এসব কেন?
-না মা সব ঠিক আছে। আসলে ছুটি থেকে আসার পর, কাজের চাপ বেশি ছিল। তাই যোগাযোগ করা হয়নি।
-যা হোক, তুই আজই ফোন করে ইমার সঙ্গে যোগাযোগ করবি।
-আচ্ছা ঠিক আছে।
মায়ের ফোন রেখে ইমরান সঙ্গে সঙ্গে ইমাকে ফোন করল। ইমা ফোন পিক করে উত্তর দিল, ‘আসসালামুয়ালাইকুম, কেমন আছেন আপনি?’
-আমি ভালো আছি। তুমি কেমন আছ?
-জি আমি ভালো।
-আমি অনেক দুঃখিত। আমেরিকা আসার পর থেকো তোমার সাথে যোগাযোগ করা হয়নি।
-অসুবিধা নেই, আপনার কর্মব্যস্ততা থাকতেই পারে।
-এটা হচ্ছে আমাদের দেশি মেয়েদের অনেক বড় একটা গুণ। আমার মা দেখতাম সব সময় আমার বাবাকে সাপোর্ট করত। বাবার কোনো দোষ থাকলেও সেটা দেখা যেত না মায়ের সাপোর্টের কারণে। তোমার সঙ্গে আমার মাত্র এনগেজমেন্ট হয়েছে, তুমি এখন থেকেই আমাকে সাপোর্ট করছ নির্দ্বিধায়। অনেক ভালো লাগল। হালকা হেসে উত্তর দিল ইমরান।
ইমরানের কথাগুলো শুনে ভয়ে, লজ্জায়, সংকোচে যেন হাত-পা কাঁপছিল ইমার। কারণ, প্রথমবারের মতো সে কোনো পুরুষের সঙ্গে কথা বলছিল। ইমরান বলল, ‘কিছু বল।’
-আপনি কেমন আছেন? আপনার শরীর কেমন? আজ এখন কী করছেন? কিছু ভেবে না পেয়ে একগাদা প্রশ্ন করল ইমা।
-ওরে বাবা এত প্রশ্ন একসঙ্গে। কোনটার উত্তর দেব। আচ্ছা একটা একটা করে দিচ্ছি। জি, আমি ভালো আছি, শরীরও ভালো আছে। এখন এখানে সকাল। আজ ছুটি, তাই একটু লেট করে উঠলাম। এখন দেখি যাব কিচেনে, রিমা কিছু ব্রেকফাস্ট বানিয়েছে কিনা দেখতে হবে।
-রিমা, আর সাহের, ওরা সবাই ভালো আছে? ওদেরকে আমার সালাম ও ভালোবাসা দেবেন।
-ওরে বাবা এখন তো দেখে মনে হচ্ছে, আমার চেয়ে আমার ভাইবোনদের জন্য দরদ বেশি দেখানো হচ্ছে।
-জি, এটা হচ্ছে দেশি মেয়েদের আরেকটা বড় গুন।
ইমরান হেসে ফেলল। কিছুক্ষণ কথোপকথনের পর ইমরান বিদায় নিল। কিচেনে গিয়ে দেখল, তার বোন ব্রেকফাস্ট রেডি করেছে। ভাইকে দেখেই বলতে শুরু করল, ভাইয়া তোমার নাশতা রেডি। এসো, খেতে এসো তাড়াতাড়ি। নইলে ঠান্ডা হয়ে যাবে। ইমরান বসে গেল টেবিলে। সাহেরের কথা জিজ্ঞেস করতেই রিমা বলল, ‘ভাইয়া ও কি আর এত সকালে উঠবে? ঘুমাবে বারোটা-একটা পর্যন্ত। আজ উইকেন্ড তাই কাল অনেক রাত অবধি মুভি দেখেছে।’ ইমরান বলল, ‘আচ্ছা ওকে ঘুমোতে দে। বাচ্চা মানুষ কলেজে পড়াশোনার অনেক প্রেশার থাকে। একটু রিলাক্স করে ঘুমাক।’ নাশতা শুরু করল ভাইবোন একসঙ্গে। রিমা বলল, ‘ভাইয়া তোমাকে একটা কথা বলব?’
-বল, শুনি।
-ভাইয়া তোমার স্মোকিংয়ে মাত্রাটা ইদানীং একটু বেশি বেড়ে গেছে। তুমি কেন এমন করছ ভাইয়া? ইমা ভাবি এত কিউট আর লক্ষ্মী যে, কেউ এক দেখাতেই ওর প্রেমে পড়বে। ভাইয়া প্লিজ আমাকে কথা দাও, একটু সময় দিয়ে তার সঙ্গ কথা বল। তাকে বোঝার চেষ্টা কর, ভালোবাসার চেষ্টা কর। তাহলে দেখবে জীবনটা কত সুন্দর। আর ২-৩ মাস পরই তো বিয়ে। এখন থেকে একজনকে একজন বুঝলে বিয়ের পর আন্ডারস্ট্যান্ডিংয়ে অনেক সুবিধা হবে।
-মায়ের মতো তুই দেখি অনেক লেকচার দিতে শিখে গেছিস। তোর কথা শুনে মনে হচ্ছে, তুই যে আমার মা আয়েশা বেগমের মেয়ে, তাতে কোনো সন্দেহ নেই।
রিমা হেসে ফেলল। ভাইবোন হাসতে হাসতে চা কফি খেয়ে ব্রেকফাস্ট শেষ করল। ব্রেকফাস্ট সেরে ইমরান তার বেডরুমে এসেই সিগারেটের প্যাকেটটা হাতে নিল। তখনই তার বোনের কথা মনে পড়ল। ইমরান ভাবে, ঠিকই তো বলেছে রিমা। ইমা সত্যি দেখতে অনেক সুন্দরী, এক পলকে প্রেমে পড়ে যাওয়ার মতো মেয়ে। শুধু তাই নয় অনেক উঁচু খানদানের মেয়ে ইমা। ঢাকায় ইমরানের নানা ও বাপ-দাদাদের আর্থিক ও সামাজিক অবস্থা অনেক ভালো বিধায় ইমাদের পরিবার তাদের সঙ্গে সম্পর্ক করতে আগ্রহী হয়েছে। কিন্তু তারপরও ইমরানের ভেতরে কেন যেন এক অস্থিরতা কাজ করছে। কেন যেন ইমাকে আপন করে নিতে পারছে না। তার বুকের ভেতর যেন প্রশান্ত মহাসাগরের ঢেউয়ের উত্থান-পতনের এক খেলা চলছে। সে তার স্টাডিতে বসে মাথায় হাত দিয়ে চিন্তা করতে থাকল। পরে ভাবল, রিমাই ঠিক। ইমাকে তার আরও সময় দেওয়া দরকার। দেখতে দেখতে, কথা বলতে বলতে হয়তো ভালো লাগা-ভালোবাসা হয়েই যাবে। ঠিক করল, আজ থেকে সে নিয়মিত ইমার সঙ্গে যোগাযোগ করবে।
সেদিন থেকে একটা রুটিন হয়ে গেল ইমরানের। দিনে কয়েকবার করে ইমরান এখন ইমার সঙ্গে কথা বলে। সকালে অফিসে যাওয়ার সময় একবার, তখন বাংলাদেশে সন্ধ্যা। আবার লাঞ্চ টাইমে একবার, তখন বাংলাদেশে রাত। ইমা ঘুমোতে যাওয়ার আগে ইমরানের সঙ্গে কথা বলে। ইমরান বাসায় এসে ডিনারের পর রাতে ঘুমোতে যাওয়ার আগে আবার কথা বলে ইমার সঙ্গে। তখন বাংলাদেশে সকাল। কিছুদিনের ফোনালাপে তাদের মধ্যে অনেক ঘনিষ্ঠতা হয়ে যায়। প্রথম প্রথম অডিও কলেই কথা হতো। কিছুদিনের মধ্যে শুরু হয় ভিডিও কল। সময়ের ব্যবধান তাদের আলাপে, যোগাযোগে কোনো বাধা হয়ে দাঁড়াতে পারল না।
এরই মধ্যে ইমাকে ভালো লাগা শুরু হয়ে গেছে ইমরানের। হয়তো মনে মনে ভালোবাসাও জন্ম নিচ্ছে। সেদিন হঠাৎ করেই অফিসের জন্য কিছু শার্ট কিনতে মলে গেল। বের হওয়ার সময় সামনে পড়ল লেডিস সেকশন। এত দিন দেখেইনি। কিন্তু সেদিন ইমার কথা মনে পড়ল ইমরানের। আর দেরি না করে সেদিকে গেল। দেখল, সেখানে আছে অনেক ধরনের হ্যান্ডব্যাগ। আরেক দিকে ছিল অনেক ধরনের মেকআপ ও পারফিউম। সঙ্গে ছিল জুয়েলারি ডিপার্টমেন্ট। চিন্তা করল কী নেওয়া যায়। ইমার জন্য প্রথমেই সে একটা পারফিউম ও কিছু কসমেটিকস আইটেম নিল। একটা ব্যাগও নিল। সবকিছু কেনার পর সে গাড়িতে এসে ড্রাইভ করে বাসার দিকে যাচ্ছিল। তখন ইমরান মনে মনে ভাবছিল, আমি মনে হয় ইমার প্রেমে পড়ে গেছি। না হলে ওর জন্য কেন এত কিছু কিনে ফেললাম। আজ রাতে ওকে যখন কল করব ওকে বলে দেব যে, ‘আমি ওকে ভালোবেসে ফেলেছি ও নিশ্চয়ই অনেক খুশি হবে।’ এটা ভেবে ইমরান মনে মনে অনেক হ্যাপি ফিল করছিল। এই কয়েক সপ্তাহ ফোনালাপে কাউকে এত ভালোবেসে ফেলা যায়, ইমরানের ভাবতেই অবাক লাগছিল। এত সুশীল সুন্দরী মেয়েকে ভালো না বেসে কী পারা যায়। আজকাল অফিসের কাজের বাইরে ইমার সঙ্গে কথা বলে, নয়তো তার কথা ভাবতে ভাবতেই সময় চলে যায় ইমরানের।