
যুক্তরাষ্ট্রের একুশে চেতনা পরিষদ আয়োজিত ‘ভাষা আন্দোলনঃ ফিরে দেখা’ স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয়ে গেল জ্যামাইকার স্টার কাবাব রেস্টুরেন্টে ১৪ নভেম্বর সন্ধ্যায়। অনুষ্ঠানের একক বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ। এবারের স্মারক বক্তৃতার বিষয় ছিল ‘ভাষা আন্দোলন শ্রেণি ভিত্তি ও রাজনৈতিক প্রবণতাসমূহ’। এম এম আকাশের সঙ্গে মঞ্চে ছিলেন একুশে চেতনা পরিষদের আহ্বায়ক ওবায়দুল্লা মামুন। বক্তব্যের শুরুতে এম এম আকাশ বলেন, ভাষা হচ্ছে একটি জনগোষ্ঠীর স্বাভাবিক মুখের বুলি। পরস্পরের সঙ্গে ভাব বিনিময়ের জন্য পরস্পরের কাছে গ্রহণযোগ্য মাধ্যম। ভাষা তাই সমগ্র সমাজের সৃষ্টি।
এরপর এম এম আকাশ প্রশ্ন তোলেন, ‘এখানে শ্রেণি ইস্যুটি কি অপ্রাসঙ্গিক নয়?’ এ কথার পিঠে তিনিই আবার বলেন, ‘আমরা জানি যে শ্রেণি হচ্ছে একটি সমাজ বা গোষ্ঠীর অভ্যন্তরীণ বিভাজন যার মূল ভিত্তি হচ্ছে বহির্জগতের ওপর নানা মাত্রার মালিকানা বা ক্ষমতার তারতম্য। কিন্তু সমাজস্থিত প্রতিটি শ্রেণিই অপর শ্রেণির সঙ্গে পরস্পর বোধগম্য ভাষায় দৈনন্দিন ভাব বিনিময় করে থাকে। অতএব একেকটি শ্রেণির পৃথক ভাষা থাকলে তা সম্ভব হতো না।’ বক্তব্যের সম্পূর্ণতা দিতে গিয়ে তিনি আরও বলেন, ‘ভাষা প্রশ্নটি তাই মূলত জাতীয় বা রাষ্ট্রীয় ইস্যু’।

একই বিষয়ে দীর্ঘ কাল আগে লেখা তাঁর গবেষণামূলক বইয়ের উল্লেখ করে বক্তব্যের একপর্যায়ে এম এম আকাশ বলেন, ১৯৫০-এর পর কমিউনিস্টদের নবপোলব্ধি ঘটে এবং জাতীয় সংগ্রামে জাতীয় ঐক্যের প্রয়োজন তাঁরা স্বীকার করে নেন। ১৯৫০-৫২ কালপর্বে তাই ভাষাপ্রশ্নে মুসলিম লীগ বিরোধী সব দল ঐক্যবদ্ধ হয়। ফলে সৃষ্টি হয় গণবিষ্ফোরণ। কৃষক সমাজ, উদীয়মান মধ্যবিত্ত ও শ্রমিক শ্রেণির সম্মিলিত শক্তি, ধর্মীয় সাম্যবাদ, বৈজ্ঞানিক সমাজতন্ত্র; বুর্জোয়া গণতন্ত্রে বিশ্বাসী সব শক্তির ঐক্য এবং তমদ্দুন মজলিশ, ইসলামি ভ্রাতৃ সংঘ, কমিউনিস্ট পার্টি, যুবলীগ, আওয়ামী মুসলিম লীগ, পূর্ব পাকিস্তান মুসলিম লীগ প্রভৃতি সব দলের ক্রমবিবর্তন ও মিলিত সংগ্রামের ফলেই ১৯৫২-র গণজাগরণ গড়ে উঠেছিল। এ ছিল এক মিশ্র শ্রেণি, মিশ্র ভাবাদর্শ ও মিশ্র রাজনীতির সম্মিলনে গড়ে ওঠা জাতীয় জাগরণ। বক্তব্যের শেষে উপস্থিত দর্শকদের প্রশ্নের উত্তর দেন এম এম আকাশ। প্রশ্নোত্তর পর্বটি কেবল ভাষা আন্দোলন প্রসঙ্গে সীমিত ছিল না। শেষের দিকে বাংলাদেশের সাম্প্রতিক রজনীতির প্রসঙ্গও উঠে আসে।