ভাষাসৈনিক আহমেদ আলীর মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাইর শোক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন উত্তর আমেরিকা ইন্ক-এর উপদেষ্টা পরিষদের সদস্য নাজনীন মামুনের বাবা ভাষাসৈনিক আহমেদ আলীর মৃত্যুতে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।
সংগঠনের সভাপতি মুহাম্মদ আবদুল আজিজ নঈমী ও সাধারণ সম্পাদক এস এম ইকবাল ফারুক গভীর শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
১০ জানুয়ারি দিবাগত রাত পৌনে দুইটার দিকে ঢাকায় অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি পাঁচ মেয়ে, চার ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
পেশায় আইনজীবী এই প্রবীণ রাজনীতিক ১৯৭০ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের গণপরিষদ নির্বাচনে বৃহত্তর কুমিল্লা-৫ আসনের (বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া-৫) এমএলএ নির্বাচিত হন। ১৯৫২ থেকে ১৯৭১ সাল পর্যন্ত স্বাধীনতা আন্দোলন এবং স্বাধীনতার পরে স্বৈরাচারবিরোধী প্রতিটি আন্দোলনে সম্পৃক্ত ছিলেন আহমেদ আলী। স্বাধীনতার পর সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।