ভাসানীর আদর্শে বাংলাদেশ-ভারত পানি সমস্যার সমাধান করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্যাকসন হাইটসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন লিয়াকত শিকদার
জ্যাকসন হাইটসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন লিয়াকত শিকদার

বাংলাদেশ-ভারত পানি সমস্যার সমাধান করতে হবে মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শ ও চেতনার মধ্য দিয়ে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পথ ধরেই শেখ হাসিনার সরকার ভারতের সঙ্গে পানির সমস্যা সমাধানের চেষ্টা করছে। সরকারের এই প্রচেষ্টাকে আরও জোরদার করতে দেশ ও প্রবাসে জনসচেতনতা দরকার। নিউইয়র্কে ঐতিহাসিক ফারাক্কা দিবসের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। ১৬ মে জ্যাকসন হাইটসে ফারাক্কা দিবস উপলক্ষে মাওলানা আবদুল হামিদ খান ভাসানী ফাউন্ডেশন এ আলোচনা সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন মাওলানা আবদুল হামিদ খান ভাসানী ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ টিপু সুলতান। সভা পরিচালনা করেন ফাউন্ডেশনের সিনিয়র সহসভাপতি সাংবাদিক মঈনুদ্দীন নাসের। বক্তব্য দেন আন্তর্জাতিক ফারাক্কা কমিটির (আইএফসি) চেয়ারম্যান আতিকুর রহমান ইউসুফজাই সালু, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ, বিশিষ্ট কবি ও সাংবাদিক মাহবুব হাসান, সন্তোষ ভাসানী কলেজের সাবেক অধ্যক্ষ আফসার উদ্দিন, আইএফসির ভাইস চেয়ারম্যান আজহারুল হক মিলন, অ্যাডভোকেট মনির হোসেন, কমিউনিটি অ্যাকটিভিস্ট কিউ জামান, আবদুর রাজ্জাক, মানবাধিকারকর্মী কাজী ফৌজিয়া প্রমুখ। সভায় নদী নিয়ে নিজের লেখা কয়েকটি ছড়া পাঠ করেন শাহ আলম দুলাল।
সভায় বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আওলাদ হোসেন খান, বর্তমান সিনিয়র সহসভাপতি আবদুর রহিম হাওলাদার, ওয়েব পোর্টাল হককথা.কম ও নিউইয়র্ক ভিত্তিক বার্তা সংস্থা ইউএনএর সম্পাদক এ বি এম সালাহউদ্দিন আহমেদ, বাংলাদেশ সোসাইটির স্কুল ও শিক্ষাবিষয়ক সম্পাদক আহসান হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শেখ মুজিব সরকারের পর জিয়াউর রহমান সরকার দেশের পানি সমস্যার সমাধানে চেষ্টা করলেও পরবর্তী সরকারগুলো এ ব্যাপারে কার্যকর উদ্যোগ নেয়নি। ফলে সমস্যাটি বাংলাদেশের জন্য মহাসংকটে পরিণত হতে চলেছে। ‘বিশ্ব পানি সম্মেলন’-এর মাধ্যমে বাংলাদেশ-ভারতের পানি সমস্যার সমাধানে শেখ হাসিনার সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বক্তারা।