ভাস্কর রাশার শিল্পকর্ম প্রদর্শনী 'শিল্পে শেকড়'

নিউইয়র্কে বিশিষ্ট ভাস্কর শিল্পী আখতার আহমেদ রাশার ‘শিল্পে শেকড়’ শিরোনামে তৃতীয় শিল্পকর্ম প্রদর্শনী অনুষ্ঠিত হয়ে গেল। হল রুমে ঢুকতেই লাইট ইফেক্ট দেখে অল্প সময়ের জন্য পা ভারী হয়ে গেল, কিছু সময়ের জন্য থমকে গেলাম। মনের ভেতরে শীতল আবহাওয়া বয়ে গেল। গলা উঁচিয়ে সব পরিচিত মুখ দেখে খুশি কিন্তু অবাক লাগছে। সবাই চুপচাপ নীরবতা পালন করে অবাক বিস্ময়ে শিল্পকর্ম খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। আর সেই অভূতপূর্ব দৃশ্য তৈরি করেছে এই প্রজন্মের আমেরিকায় বেড়ে ওঠা দুজন। তাঁরা হলেন শিল্পীর দুই ছেলে সালাম আহমেদ ও সিজান আহমেদ।
হ্যাঁ, শিল্পে শেকড় প্রদর্শনীর কথা বলছি। প্রদর্শনী সব সময় যেমনটা দেখে থাকি এটি তার থেকে ভিন্ন। আপাতদৃষ্টিতে দেখে মনে হবে, এ তো কুড়িয়ে পাওয়া ডালপালা। আমরা পার্কে ঘুরতে গেলেই এমন ডালপালা-কাঠের টুকরো-গাছের ছাল দেখতে পাই, তা পায়ে মাড়িয়েই পথ পেরিয়ে যাই। কিন্তু শিল্পী আখতার আহমেদ রাশা তাঁর তৃতীয় নয়ন দিয়ে দেখতে পেয়েছেন পথে পরে থাকা ডালপালাতে জীবন আছে। তিনি সযতনে সেসব সংগ্রহ করে তৈরি করেছেন জীবনের গল্প, দিয়েছেন প্রাণ। যেসব গল্প আপনি নিমেষেই পড়ে শেষ করতে পারবেন না। আপনার অন্তর আত্মা চলে যাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের কোনায় কোনায়।
শিল্পী এ প্রদর্শনীতে তুলে ধরছেন শিকড়ের সঙ্গে তাঁর নিগূঢ় বন্ধনের গল্প। কবি যেমন কবিতায় সাজান কথামালা, ঠিক তেমনি শেকড়, কুড়িয়ে আনা কাঠ দিয়ে তিনি সৃষ্টি করেন গল্পগুচ্ছ। সে গল্পে আঁকা আছে অবিরাম বাংলার মুখ, গ্রাম বাংলার সহজ-সরল মানুষের জীবন কাহিনি। তিনি তৈরি করেছেন ভাষার দাবিতে মিছিল। তৈরি করেছেন একাত্তরের ধর্ষিতা নারী, কাঠ কেটে ঘরে ফেরা মানুষ, নৌকাসহ মাঝি মাল্লা। অবাক হলাম বাংলাদেশ ভারত বর্ডারে ঝুলে থাকা ফেলানীকে দেখে। গা শিউরে উঠল।
ঐতিহাসিক ৭ মার্চের দিনকে স্মরণ করে সাতটি মোমবাতি জ্বালিয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন সৈয়দ মোহম্মদ উল্লাহ, কাজী রাকিব, মাসুদা কাজী, কৌশিক আহমেদ, প্রতাপ দাস, সাইদুর রব ও মেরিস্টেলা আহমেদ। প্রথম দিন থেকেই নানা বয়সী দর্শকদের পদচারণায় মুখরিত ছিল পুরো হল রুম। প্রদর্শনীর শেষ দিনে আসেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা, কনস্যুলেট জেনারেল সাদিয়া ফয়জুন্নেসাসহ কনস্যুলেটের ব্যক্তিরা। রাবাব ফাতিমা মুগ্ধ হয়ে পুরো প্রদর্শনী ঘুরে দেখেন।
কনসাল জেনারেল বলেন, রাশা বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য ও মুক্তিযুদ্ধ গ্রাম বাংলা সবকিছুই ছোট ছোট কাজের মাধ্যমে নিখুঁত করে তুলে ধরেছেন যা সত্যিই প্রশংসার।
ইংরেজি মাধ্যমে পাস করে তিনি কেন ভাস্কর শিল্পী হলেন? এ প্রসঙ্গে আকতার আহমেদ রাশা বলেন, ২০০২ সালে প্রথম ফেরদৌসী প্রিয়ভাষিণীর প্রদর্শনী দেখে অনুপ্রাণিত হন। তারপর থেকে মাথায় ভাবনারা বাসা বাঁধে। ২০০৭ সাল থেকেই মূলত এসব তৈরি করতে থাকেন। তাঁর স্ত্রী সব সময় অনুপ্রেরণা দিয়েছেন। কোনো স্পনসর ছাড়াই তিনটি একক প্রদর্শনী করেছেন। আরেকটি করবেন জুন মাসে।
ভাস্কর রাশা বলেন, এ দেশে বহু বাংলাদেশি আর্টিস্ট আছেন যারা শিল্পের নানা মাধ্যম নিয়ে কাজ করছেন, সবাই নিজের পকেটের পয়সা দিয়েই এসব করছেন। শিল্পমনা বা সমমনা না হলে তিনি কোনো স্পনসর নিতেও রাজি নন। তবে এসব প্রদর্শনী করতে গেলে যে সমস্যায় বেশি পরতে হয় তা হলো একটি হল রুম। এবারে যেখানে এই আয়োজন সেটি মূলত টেবিল টেনিস খেলার জায়গা। তিনি বাংলাদেশ হাইকমিশনের কাছে শিল্পীদের হয়ে অনুরোধ করতে চান, একটা হল যদি পাওয়া যায় তাহলে আমাদের অনেক সাহায্য হয়। একটা হল রুমে যদি এসব প্রদর্শনী করা যায় তাহলে আমেরিকার মূলধারার মানুষকে এসব দেখানো যাবে এতে করে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য পৃথিবীর মানুষের কাছে ছড়িয়ে দেওয়া সহজ হবে।
খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকলাম শিকড়ের সঙ্গে বন্ধনের গল্প। মুহূর্তেই আপনার চোখ যেমন স্থির হয়ে যাবে বিশ্ব কবির ঋজু দাঁড়ানোর ভঙ্গিটি দেখে, পর মুহূর্তেই হয়তো বিষাদগ্রস্ত হবেন স্বাধীনতা যুদ্ধের লোমহর্ষক কোনো ঘটনার শিল্পকর্ম দেখে। কখনো বা থমকে দাঁড়াবেন সত্য, সুন্দর প্রেমের যুগলবন্দী দেখে। মনের অগোচরেই হয়তো ভ্রম হবে এটা পটে আঁকা কোনো ছবি। গাছের ক্যানভাসে কী দক্ষতায় আখতার আহমেদ রাশা ফুটিয়ে তোলেন চিরায়ত বাঙালি রমণীর মাতৃত্ব, সৌহার্দ্য, বন্ধুতা এবং বাংলার বুকে ঘটে যাওয়া সব আনন্দ বেদনার ইতিহাস।
প্রদর্শনীর পাশাপাশি চা-পর্বসহ সাহিত্য সংগঠক মোশাররফ হোসেনের উপস্থাপনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।