ভাড়াটিয়াদের আগস্ট পর্যন্ত উচ্ছেদ করা যাবে না
নিউইয়র্কে বাড়ি ভাড়া দিতে না পারা ভাড়াটিয়াদের উচ্ছেদ প্রক্রিয়া আগামী আগস্ট মাস পর্যন্ত স্থগিত করা হয়েছে। করোনা পরিস্থিতির কারণে দুর্দশায় পড়া ভাড়াটিয়াদের উচ্ছেদ প্রক্রিয়া এর আগে জুন পর্যন্ত স্থগিত রাখা হয়েছিল।
৪ মে রাজ্য গভর্নর অ্যান্ড্রু কুমো কোভিড-১৯ জরুরি উচ্ছেদ ও পূর্বাভাস প্রতিরোধ আইন-২০২০ সম্প্রসারণে স্বাক্ষর করেছেন। এ নির্দেশনার ফলে ভাড়া না দিতে পারলেও আগামী ৩১ আগস্ট পর্যন্ত কোনো আবাসিক ভাড়াটিয়া উচ্ছেদ করা যাবে না।
মহামারির এই সময়ে বিপর্যস্ত অর্থনৈতিক বাস্তবতায় কোনো ভাড়াটিয়াকে যেন উচ্ছেদ করা না হয়, তা নিশ্চিত করতে গভর্নর কুমো সর্বপ্রথম ২০২০ সালের মার্চে আবাসিক ও বাণিজ্যিক উচ্ছেদের বিষয়ে স্থগিতাদেশ ঘোষণা করেছিলেন।
আইনপ্রণেতারা বলছেন, জনসাধারণের জমায়েত ও ব্যবসার ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়ে এই আইনটি নিউইয়র্ক রাজ্যের ভাড়াটিয়া ও বাড়ির মালিকদের অর্থনৈতিক ঝামেলা থেকে রক্ষা করতে সহায়তা করবে।
আইনে স্বাক্ষর করে গভর্নর কুমো বলেন, ‘আমরা কোভিড-১৯ মহামারির শেষ দিকে এসে পৌঁছেছি। পুরো মহামারিজুড়ে সমস্যায় ভোগা নিউইয়র্কের ভাড়াটিয়া এবং ব্যবসায়ীদের রক্ষা করতে আমরা চেষ্টা করেছি। এই আইনটির সময়সীমা বাড়ানোয় সেই সব নিউইয়র্কার ও ব্যবসায়ীদের সাহায্য করতে পারব, যারা বিনা কারণে উচ্ছেদের মুখোমুখি হচ্ছেন। সময়সীমা বাড়ানোয় তাঁরা নিজ নিজ বাসস্থানে থাকতে পারবেন। সেই সঙ্গে আমরা আমাদের অর্থনীতিকে আগের তুলনায় আরও উন্নত করতে পারব বলে মনে করছি।’
তবে সবাই এই আইনটি সমর্থন করেননি। নিউইয়র্ক শহরের সংগঠন ‘দ্য রেন্ট স্ট্যাবিলাইজেশন অ্যাসোসিয়েশন’ ভাড়াটিয়া উচ্ছেদের স্থগিতাদেশের মেয়াদ বাড়ানোর বিরোধিতা করছে।
করোনা মহামারিতে যুক্তরাষ্ট্রের অসংখ্য মানুষ এখনো কর্মহীন। দফায় দফায় নাগরিক প্রণোদনা দেওয়া হলেও অনগ্রসর জনগোষ্ঠীর মধ্যে এখন চলছে চরম টানাপোড়েন। অর্থনৈতিক চাঞ্চল্য এখনো ফেরেনি। বেকার ভাতা ও প্রণোদনার নগদ অর্থের সঙ্গে ফুড স্ট্যাম্প, বিনা মূল্যের স্বাস্থ্য সুবিধা নিয়ে বহু পরিবারকে চলতে হচ্ছে।
এই পরিস্থিতিতে ভাড়াটিয়ারা যেমন বাসা ভাড়া দিতে পারছেন না, তেমনি অনেক বাড়ির মালিকও ভাড়া আদায় করতে না পেরে সমস্যায় পড়েছেন। ব্যাংক থেকে আনা গৃহঋণের কিস্তি বাকি পড়েছে। কোনো কোনো ভাড়াটিয়া উচ্ছেদ স্থগিতাদেশের সুযোগও গ্রহণ করছেন। ইচ্ছা করে ভাড়া দিচ্ছেন না অনেকে। এ নিয়ে ছোট ছোট বাড়ির মালিকেরা বেশি বিপাকে পড়েছেন।
করোনাকালে যুক্তরাষ্ট্রে ভাড়াটিয়াদের উচ্ছেদ স্থগিত করা হয়। প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর মার্চ মাস পর্যন্ত এমন উচ্ছেদ স্থগিত রাখার নির্দেশ দিয়েছিলেন। অর্থনৈতিক কারণে উচ্ছেদের শিকার হয়ে লোকজন যাতে গৃহহীন না হয়ে পড়ে, এ নিয়ে নাগরিক অধিকার সংগঠনগুলো স্থগিতাদেশের সময় বাড়ানোর দাবি জানিয়ে আসছিল।