ভাড়াটে উচ্ছেদে নিষেধাজ্ঞা শেষ ৩ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দফা বাড়ানোর পর আগামী ৩ সেপ্টেম্বর ভাড়া প্রদানে অক্ষম ভাড়াটেদের উচ্ছেদের ওপর দেওয়া ফেডারেল নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের ৩৬ লাখের বেশি লোকজন জানিয়েছেন, তাঁরা আগামী দুই মাসের মধ্যে ভাড়া বাসা থেকে উচ্ছেদের শিকার হতে পারেন। আর প্রায় ৭৬ লাখ লোকজন জানিয়েছেন, করোনা মহামারির কারণে তাঁরা বাড়ি ভাড়া প্রদানে পিছিয়ে রয়েছেন।

বাড়ি ভাড়া হিসেবে দেওয়া নাগরিক প্রণোদনার অর্থ বিতরণ ধীর গতিতে হচ্ছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রে বাড়ির মালিক ও ভাড়াটেদের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে। ফেডারেল নাগরিক প্রণোদনার অংশ হিসেবে ভাড়া প্রদানে অপারগ লোকজনের জন্য কংগ্রেস সাড়ে ৪৬ মিলিয়ন ডলার বরাদ্দ করেছিল। চলতি বছরের প্রথম সাত মাসে নগর ও রাজ্য সরকারগুলো মাত্র ৪ দশমিক ৮ বিলিয়ন ডলার ভাড়াটে ও বাড়ির মালিকদের মধ্যে বিতরণ করেছে। মার্কিন অর্থ বিভাগের দেওয়া এক তথ্যে এসব কথা জানানো হয়েছে।

২০২০ সালের মার্চে যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ সংক্রমণ শুরু হলে পুরো দেশ লকডাউনে চলে যায়। লোকজনকে কর্মহীন হয়ে পড়ে থাকতে হয় মাসের পর মাস। জনগণকে ইতিহাসের সবচেয়ে বেশি নাগরিক প্রণোদনা প্রদান করেছে মার্কিন সরকার। বর্ধিত বেকার ভাতাসহ বিভিন্ন খাতে প্রণোদনা দেওয়ার পরও বাড়ি ভাড়ার জটিলতা এখনো বিরাজ করছে।

ভাড়া প্রদান না করায় বাড়ির মালিকেরা ভাড়াটেদের উচ্ছেদ করতে পারছে না নিষেধাজ্ঞা না থাকার কারণে। নানা খাতে প্রণোদনা, বেকার ভাতা পেলেও উল্লেখযোগ্য সংখ্যক ভাড়াটে ইচ্ছে করেই ভাড়া না দেওয়ায় বাড়ির মালিকদের সঙ্গে বিরূপ সম্পর্কের সৃষ্টি হয়েছে।

বাড়ি ভাড়ার জন্য ঘোষিত নাগরিক প্রণোদনা বিতরণের জন্য নগর ও রাজ্য সরকারকে দায়িত্ব প্রদান করা হয়েছে। এ প্রণোদনার অর্থ পাওয়ার জন্য বাড়ির মালিক ও ভাড়াটে উভয়কেই আবেদন করতে হচ্ছে। ভাড়াটেদের পারিবারিক আয় কমে যাওয়ায় প্রমাণ উপস্থাপন করতে হচ্ছে। অনেক ক্ষুদ্র বাড়ির মালিকেরা চুক্তি ছাড়াই ভাড়া প্রদান করে থাকেন। এসব ভাড়া আদায়ের তথ্য সব সময় কর বিবরণীতে যথাযথভাবে উপস্থাপন করা হয় না। ফলে প্রণোদনার জন্য আবেদন নিয়ে অনেকেই জটিল অবস্থায় পড়েছেন বলে জানিয়েছেন।

নিউজার্সিতে বসবাসরত বাড়ির মালিক বাংলাদেশি মোহাম্মদ চৌধুরী বলেন, তাঁর চারটি অ্যাপার্টমেন্টের ভাড়াটেরা গত ১৭ মাস থেকে ভাড়া দিচ্ছেন না। নাগরিক প্রণোদনার জন্য নিজে আবেদন করলেও ভাড়াটেরা রাজ্য সরকারের কাছে নিজদের তথ্য প্রদান না করায় আবেদন ঝুলে আছে। ভাড়া না দেওয়া লোকজনকে তিনি উচ্ছেদও করতে পারছেন না। অথচ বাড়ির ট্যাক্স, গৃহঋণের কিস্তি, ইউটিলিটি বিল মালিক হিসেবে তাঁকে পরিশোধ করে যেতে হচ্ছে। এ অচলাবস্থার অবসান হবে কীভাবে, এ নিয়ে নিজের উদ্বেগের কথা জানিয়েছেন বাংলাদেশি-আমেরিকান এ বাড়ির মালিক।

৩ সেপ্টেম্বর ভাড়াটে উচ্ছেদের ওপর ফেডারেল নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। এ নিষেধাজ্ঞা আর না বাড়ানোর জন্য বাড়ি মালিক সংগঠনগুলো মরিয়া হয়ে মাঠে নেমেছে। এ নিয়ে তাঁরা ফেডারেল ও রাজ্যের আদালতে মামলা দায়ের করে আবাসন খাতে নিজেদের বিনিয়োগের সুরক্ষা দাবি করছে।