ভাড়াটে খুনের দায়ে অভিযুক্ত তিন মার্কিন সেনা

অপরাধী গোষ্ঠীর এক নেতার কাছ থেকে অর্থ নিয়ে ফিলিপাইনের এক রিয়েল এস্টেট এজেন্টকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন তিন মার্কিন সেনা। এঁরা হলেন কেন্টাকির স্পেশাল ফোর্সের সার্জেন্ট জোসেফ হান্টার (৫২), সেনা সদস্য অ্যাডাম স্যামিয়া (৪৫) ও কার্ল ডেভিড স্টিলওয়েল (৫০)।
এ বিষয়ে অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়, ২০১২ সালে ফিলিপাইনে এক নারী রিয়েল স্টেট এজেন্ট খুন হন। এই খুনের দায়ে তিন মার্কিন সেনার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছেন তাঁরা। দীর্ঘ তদন্তের পর তিনজনের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করে পুলিশ। এতে বলা হয়, অর্থের বিনিময়ে ভাড়াটে খুনির মতোই তাঁরা ওই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। অবশেষে ১৮ এপ্রিল তাঁদের দোষী সাব্যস্ত করা হয়।
এ সম্পর্কিত বিবৃতিতে মামলার তদন্তকারী কর্মকর্তা অ্যাটর্নি জিওফ্রে এস বারম্যান বলেন, ‘এই ধরনের হত্যাকাণ্ড সাধারণত অ্যাকশন সিনেমায় দেখা যায়। এটা ভয়াবহ। বিদেশের মানুষকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন তাঁরা, যাদের কখনো দেখেননি।’
অ্যাটর্নি জিওফ্রে এস বারম্যান জানান, ৫২ বছর বয়সী হান্টার অস্ত্র ও মাদক ব্যবসায়ী পল লি রক্সের প্রধান নিরাপত্তা কর্মকর্তা। তিনি স্যামিয়া ও স্টিলওয়েলকে নিযুক্ত করেন এই কাজে। তারপর তাঁদের নর্থ ক্যারোলাইনা থেকে ফিলিপাইনে যেতে বলেন। একই সঙ্গে এই কাজের জন্য তাঁদের ৩৫ হাজার ডলার দেওয়া হবে বলেও জানানো হয়।
স্যামিয়া ও স্টিলওয়েল ম্যানিলায় গিয়ে পয়েন্ট ২২ ক্যালিবার বন্দুক দিয়ে ওই রিয়েল স্টেট এজেন্টকে হত্যা করেন। তাঁরা মোট তিনটি গুলি করেছিলেন। সেখানেই তাঁদের প্রতিশ্রুত অর্থ দেওয়া হয়। পরে স্যামিয়া ও স্টিলওয়েল আমেরিকায় ফিরে এলে সেখানে ২০১৫ সালে তাঁদের গ্রেপ্তার করা হয়। দীর্ঘ শুনানির পর তিন অভিযুক্তই দোষী সাব্যস্ত হয়েছেন। আদালত তাঁদের সাজা এখনো শোনাননি। তবে অভিযুক্তদের আইনজীবী আদালতের কাছে কিছুটা সদয় আচরণের অনুরোধ করেছেন।