ভিডিও গেম একটি আচরণগত আসক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) প্রথমবারের মতো ভিডিও গেমিংকে ‘বিহ্যাভেরিয়াল অ্যাডিকশন’ বা ‘আচরণগত আসক্তি’ হিসেবে তালিকাবদ্ধ করেছে। ইন্টারন্যাশনাল ক্ল্যাসিফিকেশন ডিজিজেস বা আইসিডির সর্বশেষ বৈঠকে গেমিং ডিসঅর্ডারকে একটি আচরণগত আসক্তি হিসেবে অন্তর্ভুক্ত করতে একটি আনুষ্ঠানিক ভোট গ্রহণ করা হয়।
ডব্লিউএইচওর মতে, গেমিং ডিসঅর্ডারের নির্ণয়ের জন্য ব্যক্তিগত আচরণ, পরিবার, সমাজ ও সামাজিক আচরণ, শিক্ষাগত, পেশাগত অবস্থানকে বিবেচনায় নেওয়া হয়েছে। গেমিংয়ের কারণে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আচরণগত সমস্যা দেখা যায়। এই সমস্যাগুলো বারো মাস স্থায়ী হলে, তবেই তাকে ভিডিও গেম আসক্তি হিসেবে বিবেচনা করা হবে।
নর্থ শোর চাইল্ড অ্যান্ড ফ্যামিলি গাইডেন্স সেন্টারের অ্যান্ড্রু মালেককফ বলেন, ‘অন্য আসক্তিগুলোর মতো গেমিং ডিসঅর্ডারেও দেখা যায় মাদকদ্রব্য বা অ্যালকোহলের মতো করে “পরবর্তী খেলাটি কবে হবে” ধরনের অপেক্ষা। এই অপেক্ষাই আসক্তির লক্ষণবাহী। অতিরিক্ত সময় ভিডিও গেম খেলে সময় ব্যয় করা কিছু বাচ্চার জন্য ডিজিটাল হেরোইনের মতো।
সাংবাদিক আল জোন্স বিষয়টি নিয়ে অনেকের সঙ্গে কথা বলেছেন। বিতর্কিত বিষয়টি নিয়ে তাঁদের চিন্তাভাবনাগুলো জানা যায় এসব কথাবার্তার মধ্য থেকে। কথা প্রসঙ্গে জেসন নামের এক তরুণ জোন্সকে বলেন, ‘এটা নির্ভর করে একটি বাচ্চার সময়কে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন, তার ওপর। আপনাকে বাচ্চার গেমিংয়ে সময় ব্যয়ে সীমানা টানতে হবে এবং আপনার বাচ্চা সেই সীমানা সম্পর্কে জানে কিনা সেটা নিশ্চিত করতে হবে।’ জেসন জানান, তাঁর এক ভাগনে প্রচুর ভিডিও গেম খেলত। কিন্তু একপর্যায়ে সে স্কুল ও পড়াশোনায় মনোনিবেশ করে এবং ভালো ফলাফল করে। সে ক্ষেত্রে বিষয়টি নিয়ে খুব ভাবনার কিছু আছে বলে তিনি মনে করেন না।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা অবশ্য বলছে, গেমিং ডিসঅর্ডার ও জুয়ায় আসক্তি একরকম নয়। এ দুটির মধ্যে সুস্পষ্ট পার্থক্য রয়েছে। অনেক ভিডিও গেমার রয়েছে, যারা আসক্ত নয়।