ভিডিও প্রকাশে ফার্গুসনে নতুন বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যের ফার্গুসন শহরে কৃষ্ণাঙ্গ তরুণ মাইকেল ব্রাউনকে হত্যার কয়েক ঘণ্টা আগের একটি ভিডিও প্রকাশের জেরে সেখানে নতুন করে বিক্ষোভ হয়েছে। ২০১৪ সালে পুলিশ নিরস্ত্র ব্রাউনকে (১৮) হত্যা করায় ফার্গুসনে ব্যাপক বিক্ষোভ হয়েছিল।
জ্যাসন পোলক নামের একজন চলচ্চিত্রনির্মাতা নতুন ভিডিও ফুটেজটি প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এই ভিডিওতে দেখা যাচ্ছে, পুলিশ দাবি করলেও মাইকেল ব্রাউন দোকানে চুরি করেননি। আসলে তিনি সেখানে চুরুটের জন্য গাঁজা বিনিময় করেছিলেন।
আগে পুলিশ যে ভিডিও প্রকাশ করেছিল, তাতে দেখা যায়, মাইকেল ব্রাউন চুরুট নিয়ে বেরিয়ে আসার সময় দোকানিকে হুমকি-ধামকি দিচ্ছেন। এর কয়েক মুহূর্ত পরই পুলিশ ব্রাউনকে গুলি করে। পুলিশের অভিযোগ ছিল, ব্রাউন ওই দোকান থেকে দাম না দিয়েই জিনিস নিয়ে বেরিয়ে এসেছিলেন।
রোববার রাতে ওই নতুন ভিডিও প্রকাশের পর সেই দোকানটির আশপাশে শ খানেক মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করেন। তবে সেন্ট লুইস কাউন্টির অ্যাটর্নি রবার্ট ম্যাককুলচ এক সংবাদ সম্মেলনে বলেন, তদন্তকারীরা ওই নতুন ভিডিও দেখেছেন। এটি প্রমাণ হিসেবে ‘গ্রহণযোগ্য’ নয়। নতুন কোনো তথ্যও এতে নেই।
নতুন ভিডিওটি অস্পষ্ট হলেও এতে ইঙ্গিত মেলে মাইকেল ব্রাউন সমঝোতার ভিত্তিতেই গাঁজার বদলে চুরুট নিয়েছিলেন।
ব্রাউনকে গুলি করা পুলিশ সদস্য ড্যারেন ব্রাউন ওই ঘটনায় কোনো ভুল করেননি, এমন যুক্তি দেখিয়ে তদন্তকারীরা তাঁকে অব্যাহতি দিয়েছেন। কিন্তু ঘটনাটির প্রতিবাদে বিক্ষোভ সহিংস রূপ নেয় এবং কৃষ্ণাঙ্গ মার্কিন নাগরিকদের ওপর শ্বেতাঙ্গ পুলিশের নির্মমতা নিয়ে দেশজুড়ে বিতর্ক শুরু হয়।