ভিনগ্রহের প্রাণী ট্রাম্প!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রাম্প যেন ভিনগ্রহের প্রাণী। ছবি: রয়টার্স
ট্রাম্প যেন ভিনগ্রহের প্রাণী। ছবি: রয়টার্স

বিলবোর্ডের ছবিতে ঠিক রাখা হয়েছে তাঁর চিরচেনা সোনালি চুল, সাদা শার্ট, নীল কোর্টের সঙ্গে লাল টাই। মুষ্টিবদ্ধ হাত আর পেছনে লাল-নীল-সাদা রঙের মার্কিন পতাকা। ছবির পাশে লেখা তাঁর স্লোগান ‘আমেরিকাকে আবার মহান করো’। বোঝাই যাচ্ছে বিলবোর্ডের ছবিটি কার। তবে সব ঠিক থাকলেও মুখমণ্ডল থেকে লাল ও নীল রঙের মাংস বেরিয়ে পড়েছে ট্রাম্পের।

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির ব্যস্ততম একটি সড়কের বিলবোর্ডে ট্রাম্পের এমনই এক ছবি দেখা গেল। ৪৩ ফুট দৈর্ঘ্য ও ২৩ ফুট প্রস্থের ওই বিলবোর্ডে ট্রাম্পকে একেবারে অ্যালিয়েন বা ভিনগ্রহের প্রাণী বানিয়ে ছেড়েছেন একজন শিল্পী। এর মাধ্যমে তুলে ধরেছেন তাঁর প্রতি মেক্সিকোবাসীর মনোভাব। অবশ্য তাঁদের এই ক্ষোভের কারণও আছে।

মেক্সিকো শহরের মূল সড়কের বিলবোর্ড। ছবি: রয়টার্স
মেক্সিকো শহরের মূল সড়কের বিলবোর্ড। ছবি: রয়টার্স

জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পরপরই নির্বাচনী ইশতেহার অনুযায়ী কাজ শুরু করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বহুল আলোচিত যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল তৈরির নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি। আবার এই দেয়াল তৈরির পুরো খরচ মেক্সিকোকে বহন করতে হবে—এমন কথাও সাফ জানান তিনি। তাই এটা বলার অপেক্ষা রাখে না যে মেক্সিকোতে ট্রাম্পের ভাবমূর্তির হাল এমনই হবে।

এই বিলবোর্ডটি তৈরি করেছেন ট্রাম্পের দেশ যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের চিত্রশিল্পী ও’কনেল। তিনি রয়টার্সকে এক টেলিফোন বার্তায় বলেন, ‘মেক্সিকোবাসী ক্ষিপ্ত কারণ নির্বাচনী প্রচার থেকেই মেক্সিকোর প্রতি নিষ্ঠুর ও নিচু মনোভাব পোষণ করেছেন ট্রাম্প।’

২০১৫ সালে নির্বাচনী ইশতেহারেই ট্রাম্প মেক্সিকো সীমান্তে প্রাচীর দেওয়া কথা বলেন। তখন ও’ কনেল একটি বৈজ্ঞানিক কল্পকাহিনী নির্ভর বিলবোর্ড তৈরি করছিলেন, যেখানে দেখানো হয় ভিনগ্রহের প্রাণী ছদ্মবেশে কীভাবে মানুষের মাঝে বসবাস করছে। আর ওটা থেকেই অনুপ্রাণিত হয়ে ট্রাম্পকে এঁকেছেন তিনি।

তবে এ ব্যাপারে হোয়াইট হাউসের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।