ভিনদেশে বাংলাদেশি ব্যবসায়ীদের অগ্রযাত্রা

কোনো বিজ্ঞাপন নেই। কোনো প্রচারণা নেই। কোনো কোনোটির সাইড বোর্ডও নেই। নামও নেই। তথাপি চলছে ব্যবসা। এমন জায়গায় বাংলাদেশিরা ব্যবসা পেতেছেন না দেখলে জানা যাবে না, এটা বাংলাদেশিদের মালিকানাধীন স্টোর। কারণ ওই এলাকায় কোনো বাংলাদেশিও নেই। তথাপি ব্যবসা চলছে ভালোই।
নিউইয়র্ক নগরের বাংলাদেশিদের ব্যবসা প্রধানত জ্যাকসন হাইটস, চার্চ-ম্যাকডোনাল্ড অ্যাভিনিউ, জ্যামাইকা হিলসাইড, ব্রঙ্কস ও ওজনপার্ককেন্দ্রিক। কিন্তু এর বাইরেও বিভিন্ন ধরনের ছোটখাটো বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে তা অনেকেই জানেন না।
জ্যাকসন হাইটসের কাছেই উডসাইড ৭৬ ও ৭৭ স্ট্রিটের মধ্যে পাশাপাশি তিনটি বাংলাদেশি স্টোর। এসব স্টোরের কোনো বিজ্ঞাপন কোনো পত্রিকায় দেওয়া হয় না। প্রচারহীন এসব মালিকেরা ভালো ব্যবসা করছেন। ৭৬-১৪ উডসাইড অ্যাভিনিউতে ফ্রেশ ফুড বাজার এবং ১৫ / ২০ হাত দূরেই ৭৬-১৫ উডসাইড অ্যাভিনিউতে উডসাইড ডেলি অ্যান্ড গ্রোসারির মালিক আখতারুর রহমান মামুন। তিনি ও তাঁর স্ত্রী নাজনীন নাহার দুটি দোকান দেখাশোনা করেন। দুজনেই শিক্ষিত।
আখতারুর রহমান মামুন জানান, তিনি ও তাঁর স্ত্রী—দুজনই ১৯৯৫ সালে ভিজিট ভিসায় আমেরিকায় আসেন। আমেরিকায় এসেই তিনি রেস্টুরেন্ট ডেলিভারিম্যান হিসেবে কাজ করেন। পাশাপাশি একটি কনভিনিয়েন্ট স্টোরে নিজস্ব ব্যবসা শুরু করেন। তাঁর স্ত্রী এই স্টোর চালাতেন এবং তিনি স্ত্রীকে সহযোগিতা করতেন। একপর্যায়ে রেস্টুরেন্টের কাজ ছেড়ে দিয়ে নিজস্ব ব্যবসায় মন দেন।
আখতারুর রহমান মামুন বলেন, এই ব্যবসা থেকেই তিনি নিউইয়র্ক ও নিউজার্সিতে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হন। কিন্তু নাইন ইলেভেন হামলার পর তিনি সবগুলো দোকান ছেড়ে দেন এবং উডসাইডে ১০ বছর আগে উডসাইড ডেইলি অ্যান্ড গ্রোসারির মাধ্যমে আবার ব্যবসা শুরু করেন। দেড় বছর আগে তিনি পাশেই ফ্রেশ ফুড বাজার নামে আরেকটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন। তিনি বলেন, ব্যবসায় সাফল্য আসছে বলেই নতুন দোকান
শুরু করা সম্ভব হচ্ছে। তিনি বলেন, আ ‘মেরিকায় এসে ব্যবসায়ী হিসেবে আমি সাফল্য অর্জন করেছি। এ জন্য আমি গর্বিত।’ তিনি বলেন, আমার দুটি দোকানের গ্রাহকদের মধ্যে পাঁচ থেকে ১০ শতাংশ বাংলাদেশি। বাকি গ্রাহক অন্যান্য কমিউনিটির।
ফ্রেশ ফুড বাজার-এর উল্টোদিকে (৭৬-১৫ উডসাইড অ্যাভিনিউ) ইয়ামিন ফুড মার্কেট। এটি চব্বিশ ঘণ্টাই খোলা থাকে। পাশাপাশি বাংলাদেশি মালিকানাধীন তিনটি দোকানেই বাংলাদেশে তৈরি নুডলস, চানাচুর, বিস্কুটসহ প্রাণ, স্কয়ার, নুর, আহমেদ, ইত্যাদি কোম্পানির সামগ্রী বিক্রি হয়।
বাংলাদেশি কমিউনিটি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন জায়গায় ১৬৩-৪৬ জ্যামাইকা অ্যাভিনিউতে রয়েছে ‘এক্সপ্রেস রিপেয়ার’। নিউইয়র্ক স্টেট থেকে এ+সার্টিফাইড সনদপ্রাপ্ত টেকনিশিয়ান বাংলাদেশি তরুণ মোহাম্মদ ইসলাম রুবাইয়েত এই মেরামতি প্রতিষ্ঠানের মালিক। ২০১১ সনে আমেরিকায় এসে তিনি অন্য কোনো কাজে যোগ দেননি। কম্পিউটার, ল্যাপটপ, সেল ফোন, ইত্যাদি মেরামতের প্রতিষ্ঠান খুলেছেন।
বাংলাদেশিদের পরিচিত এলাকার বাইরে কেন এমন বিচ্ছিন্ন জায়গায় দোকান করলেন এমন প্রশ্নের জবাবে রুবায়েত বললেন, ‘এখানে কোনো দামাদামি নেই। যে ন্যায্য পারিশ্রমিক চাই, তাই আমি পাই। তা ছাড়া এখানে বেশ কাজ রয়েছে। টেলিফোন ধরার সময়ও পাই না। তাই অন্য জায়গার চেয়ে এটাই আমার পছন্দ।’ তাঁর সেবা গ্রহণকারীদের কেউই বাংলাদেশি নন। অল্প সময়ের মধ্যেই আর্থিকভাবে তিনি খুবই সুবিধাজনক অবস্থানে রয়েছেন।
জ্যামাইকা সেন্টার সাবওয়ে স্টেশন থেকে নেমে পারসন ব্লুলেভার্ড ধরে ডানদিকে ৭ / ৮ ব্লক হাঁটলেই ডান পাশে দেখা যাবে বাংলাদেশিদের বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। ৮৯-৫৭ ১৬৪ স্ট্রিটে এনএ সন্স ভ্যারাইটি স্টোর। এ প্রতিষ্ঠানের মালিক বাংলাদেশি নার্গিস পারভীন। তিনি ২০১৩ সনে এ ব্যবসা শুরু করেন। তিনি উপস্থিত না থাকায় তাঁর সঙ্গে কথা বলা যায়নি।
সামান্য দূরেই ৮৯-৩৩ ১৬৪ স্ট্রিটে এনএ সন্স ভ্যারাইটি স্টোর-এর মতোই এক ধরনের দোকান ‘সিটি হেয়ার অ্যাকসেসরিজ’। এখানে বাংলাদেশের তৈরি গেঞ্জি, আন্ডারওয়্যারসহ চীনের তৈরি লাগেজ, স্কুলব্যাগ, মানি ব্যাগ, সেল ফোন চার্জার, সানগ্লাস, হ্যাট, ক্যাপ, ফোন সেল কভার, পরচুলাসহ বিভিন্ন রকমারি জিনিসপত্র পাওয়া যায়। দোকানের শতভাগ গ্রাহকই বিদেশি।
এ দোকানের মালিক বাংলাদেশি দিনাজপুরের হিলির বাসিন্দা মোহাম্মদ মজনুর রশিদ। তিনি জানান ২০০৮ সালে আমেরিকায় এসে একই ধরনের দোকানে দৈনিক ১২ ঘণ্টা কাজ করে ২৫ ডলার হিসেবে ছয় মাস কাজ করেন। পরে বেতন বেড়ে দৈনিক ৫০ ডলার হয়। ছয় মাস পর বেতন হয় দৈনিক ৬০ ডলার। এরপর আর বেতন বাড়েনি। সাড়ে চার বছর কাজ করে অভিজ্ঞতা অর্জনের পর তিনি নিজেই এই দোকান শুরু করেন। তিনি বলেন, ‘এখন ভালো আছি। নিজের দোকান। সঙ্গে একজন সহকারী। তাঁর মাসিক বেতন ১০০০ ডলার। কোনো ধমক নেই। কাজ হারানোর দুশ্চিন্তা নেই। একেবারেই স্বাধীন।’
বাংলাদেশের কথা মনে পড়ে কিনা জানতে চাইলে মজনুর রশিদ বলেন, ‘আমার দেশের মতো দেশ আর হয় না। অল্প শ্রমে আরামে জীবন যাপন করা যায়। দুনিয়াতে এমন দেশ নেই।’
জ্যামাইকার ভ্যানউইচ রেলস্টেশন থেকে মেট্রোপলিটন অ্যাভিনিউ ধরে সামনে গেলে হাতের বামে (১২৩-০২ মেট্রোপলিটন অ্যাভিনিউ) পড়বে সাইফুল ডেইলি গ্রোসারি। নোয়াখালীর বাসিন্দা শাহ আলম ১৯৯৫ সন থেকে এই গ্রোসারির মালিক। তাঁর দোকানের শতভাগ গ্রাহক অ-বাংলাদেশি।
জ্যামাইকা অ্যাভিনিউর ওপর ১২৪ স্ট্রিটে বিশাল এলাকা নিয়ে গড়ে উঠেছে বাংলাদেশি মালিকানাধীন ‘হ্যাভ্স সুপারমার্কেট’। এ সুপারমার্কেটের ৯৯ শতাংশ গ্রাহক অ-বাংলাদেশি। ২০০৭ সাল থেকে এই সুপারমার্কেট ভালো ব্যবসা করে যাচ্ছে।
ব্রুকলিনের অদূরে ফ্ল্যাটবুশ। এখানে কুমিল্লার বাসিন্দা প্রবাসী বাংলাদেশি পরিবারের তিন ভাই মিলে যৌথ ব্যবসা করেন। ২০০৪ সালে দোকান দিয়ে ব্যবসা শুরু করে এখন ছয়টি ডিসকাউন্ট শপের মালিক এই তিন ভাই। এত বড় ব্যবসার কোনো বিজ্ঞাপন নেই কেন, জানতে চাইলে অন্যতম মালিক তুহিন বলেন, ‘বিজ্ঞাপনের প্রয়োজন নেই। তা ছাড়া আমাদের গ্রাহকদের শতভাগই কৃষ্ণাঙ্গ ও শ্বেতাঙ্গ। গ্রাহকেরা তো বাংলাই জানেন না।’ তিনি জানান, এ ব্যবসার লাভ দিয়ে তাঁরা নিউইয়র্ক নগরে ছয়টি এবং পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়াতে ২০টি বাড়ির মালিক হয়েছেন। তাঁরা এখন বাড়ি কেনা-বেচার ব্যবসাও শুরু করেছেন।
ম্যানহাটনের ৭ স্ট্রিট অ্যাভিনিউ বি’তে আনোয়ার গ্রোসারি। আশপাশে কোনো বাংলাদেশি বাসিন্দা নেই। ওপরে নিজের বাসা; নিচে গ্রোসারি চালান হাজি আনোয়ার হোসেন লিটন। তিনি জানালেন সব গ্রাহকই বিদেশি। এ ব্যবসাই তাঁর একমাত্র পেশা।
৩৯-৪০ কুইন্স ব্লুলেভার্ড (সানিসাইড) গ্রোসারি স্টোরের মালিক বাংলাদেশি মামুন। তাঁর দোকানের ৮০ শতাংশ গ্রাহক অন্যান্য কমিউনিটির। ব্যবসার লাভ দিয়ে তিনি ম্যানহাটনে একটি ক্যান্ডি স্টোর কিনেছেন।
বাংলাদেশি অধ্যুষিত এলাকার বাইরে এ ধরনের আরও বহু ধরনের প্রতিষ্ঠানের মালিক বাংলাদেশিরা, যাঁরা হয়তো একজন বাংলাদেশি গ্রাহকও দেখেন না। কিন্তু তাঁরা বেশ ভালো ব্যবসা করছেন।