ভিন্ন চোখে নিউইয়র্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্ঘুম নিউইয়র্কের টাইম স্কয়ার। ছবি: মোমেনুর রশীদ সিদ্দিকী
নির্ঘুম নিউইয়র্কের টাইম স্কয়ার। ছবি: মোমেনুর রশীদ সিদ্দিকী

নিউইয়র্কে কাটানো কয়েকটা দিনে ওখানকার বন্ধুদের বলেছিলাম, নিজে ঘুরে দেখতে চাই যতটুকু পারি। কারও কাছ থেকে আগাম ধারণা নেব না। সবাই তা মেনে নিয়েছিল। বলে রাখি, নিউইয়র্কবাসীর জন্য এ নতুন কিছু নয়। বাইরে থেকে এখানে আসা একজনের চোখেই দেখা। তাই এ লেখায় নতুন প্রসাদগুণ পাওয়ার সম্ভাবনা একেবারেই কম।
জানুয়ারির শীতে বের হলাম জ্যামাইকার পথে। হাঁটলাম প্রায় দুই ঘণ্টা। নজর রাখলাম আশপাশে। সবার আগে মনে হলো, এখানে আমাদের মতো মানুষই বেশি। আফ্রিকা, লাতিন আমেরিকা আর এশিয়ার মানুষের বড় এক মিলনস্থল এটা। যাদের সাদা চামড়ার মানুষ বলা হয়, তারা বুঝি নিউইয়র্কে কম। নিউইয়র্ক আক্ষরিক অর্থেই বিভিন্ন দেশের অভিবাসীদের নিয়ে গড়া। কোনো এক কালে সাদারা এসেছিল এ দেশে, অভিবাসী হয়েই। এখন মানচিত্রের বিভিন্ন স্থান থেকেই আসছে মানুষ। নিউইয়র্ক তাদের অনেকের জন্যই ভরসাস্থল। জ্যামাইকার রাস্তায় নানা ধরনের দোকানের মধ্যে বাঙালিদের দোকান কম নয়। শুধু তা-ই নয়, সেসব দোকানে অন্যদের পাশাপাশি বাঙালিরাও কাজ করছেন। তবে বাঙালি মালিকানার বেশির ভাগ দোকানই হয় মনিহারি অথবা খাবারের। দোকানগুলোর দিকে তাকালে বাংলা ভাষার অনেক সাইনবোর্ড চোখে পড়বে। নিউইয়র্কের বিভিন্ন জায়গা থেকেই ছুটির দিনে বাঙালিদের অনেকে এখন চলে আসেন জ্যামাইকায়, গাড়ি ভরে বাজার করে নিয়ে যান।

এ রাস্তা দিয়ে হাঁটার সময় একটা অ্যাপার্টমেন্ট দেখিয়ে আমার প্রবাসী ভাই সেলিম রেজা নূর বলেছিলেন, এই অ্যাপার্টমেন্টে থাকতেন শহীদ কাদরী। থমকে দাঁড়িয়েছিলাম। ইশ্! ২০১৬ সালের আগস্টের আগে যদি এই দেশে আসতাম, তাহলে দেখা হয়ে যেত প্রিয় কবিকে! ‘সঙ্গতি’, ‘তোমাকে অভিবাদন প্রিয়তমা’সহ তাঁর লেখা কবিতাগুলো ভেসে উঠল মনে। মনজুর এলাহীর বাগানের জোনাকি পোকাগুলো মূর্ত হয়ে উঠল চোখে। আহা! এই সেই বাড়ি, যেখানে কবি কাটিয়ে গেছেন তাঁর জীবনের শেষ সময়টা! কবি নেই, তারপরও বাড়িটির দিকে স্থির তাকিয়ে রইলাম কিছুক্ষণ।
যখন প্রথম গেলাম নিউইয়র্কের জ্যাকসন হাইটস এলাকায়, তখন মনে হচ্ছিল, এ বুঝি এক বাঙালিপাড়া। এ পাড়ার দুটো রোডের পুরোটাই প্রায় বাঙালিদের দখলে। দোকানগুলোয় বাঙালি নাম, কর্মচারীরাও বাঙালি। মনে হলো, যুক্তরাজ্যের লন্ডনের ব্রিক লেনেও দেখেছি কী করে একটি পুরো এলাকা বাংলাদেশ হয়ে আছে। জ্যাকসন হাইটস যেন এক খণ্ড বাংলাদেশ। এখানে এলে ইংরেজি না বলে বাংলায় কথা বললেও কোনো অসুবিধে হওয়ার কথা নয়। চলতি পথে বাংলায় হাঁক দিলেই অন্তত ১০ জন মানুষ আপনার দিকে ফিরে তাকাবে।
নিউইয়র্কের বিভিন্ন এলাকার বড় বড় দোকানে লক্ষ করার মতো ব্যাপার হলো ‘সেল’। কখন কোন দোকানে ‘সেল’ দেওয়া হচ্ছে, তার আগাম ধারণা পাওয়া না গেলেও যদি হঠাৎ পথে তেমন একটি দোকান চোখে পড়ে, তাহলে আনন্দের আর সীমা থাকে না। কালই যে টি-শার্টের দাম ছিল ১০০ ডলার, আজ সেটা ৪৯ ডলার। আজ কেনা না হলে আগামী দিনই তা আবার ১০০ ডলারে কিনতে হবে। একটি দোকানে বডি স্প্রে দেখা গেল পাঁচ ডলার জোড়া বিক্রি হচ্ছে। পরদিন সেখানে খোঁজ নিয়ে জানা গেল, এখন একটিই কিনতে হবে পাঁচ ডলারে। হুগো বস পারফিউমের এমনি দাম ৮০ ডলার। ‘সেল’-এর দিন তা পাওয়া গেল ৩০ ডলারে। এমন নয় যে খুব শিগগির তা মেয়াদোত্তীর্ণ হয়ে যাবে। হঠাৎ ‘সেল’ দিয়ে ক্রেতার সংখ্যা বাড়ানোর একটা প্রক্রিয়া হতে পারে সেটা। মার্কিন জীবনে ‘সেল’ আনন্দের বার্তা বহন করে নিয়ে আসে।
রান্না করতে ভালোবাসি। তাই নজর থাকে গ্রোসারি শপের দিকে। গরুর মাংস তিনভাবে বিক্রি হচ্ছে। হাড়যুক্ত একধরনের মাংস দেখলাম ‘সেল’-এ বিক্রি হচ্ছে ১ ডলার ২০ সেন্টে। এমনিতে এই মাংসের দাম ২ ডলার ৭৫ সেন্ট। আরেকটু উন্নত মানের হাড়যুক্ত মাংস ৩ ডলার ২০ সেন্ট। ৪ ডলারে পাওয়া যাচ্ছে হাড়মুক্ত মাংস। মাছও রয়েছে নানা ধরনের। রুই, মৃগেল, চাঁদা, ইলিশ, পাবদা—কী নেই সেখানে! মাছের দাম আমাদের বাংলাদেশের বড় বড় দোকানের মতোই ওজনের ওপর নির্ভর করে। সবজিও রয়েছে সব ধরনের। ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি, পটোল, বেগুন—আরও আরও সবজি। আলু রয়েছে কত ধরনের!
রান্নাবান্না নিয়ে এ কথা নির্দ্বিধায় বলতে পারি, সব ধরনের মসলা পাওয়া যায় বলে কেউ যদি নিজে রান্না করে খায়, তাহলে নিউইয়র্ক সেই বাবুর্চির জন্য তীর্থস্থান। এ কারণেই হয়তো নিউইয়র্কে বাঙালিদের বাড়িতে কোনো পার্টি থাকলে তাতে দেশি খাবারের অত্যাচারে কাহিল হয়ে যেতে হয়। জীবনটা খুব সহজ নয় সেখানে, সারা দিন পরিশ্রম করার পর বাড়ি ফিরে মানুষ যখন নিজের মতো রান্নাবান্না করেন, তখন তাতে থাকে ভালোবাসা। অন্যকে খাইয়ে নিউইয়র্কের বাঙালিরা আনন্দ পান, সেটা কদিনের সফরেই বুঝেছি।
পাশাপাশি বাড়িতেই পিৎজা, বার্গার, শিঙাড়া ইত্যাদি বানিয়েও খাওয়া যায়। অর্ধপ্রস্তুত খাবার (প্রক্রিয়াজাত) এনে বাড়িতে আপন মনের মাধুরী মিশিয়ে তৈরি করে নেওয়া যায়।
যে কটা বাড়িতে গিয়েছি, তা প্রায় একই রকম। একতলায় বসার ঘর, খাওয়ার ঘর আর রান্নাঘর। দোতলায় বাথরুম আর শোয়ার ঘর। প্রায় সব বাড়িতেই ওপরে শোয়ার ঘর তিনটি। একটির বেশি বাথরুম কোথাও দেখিনি। কেউ কেউ সরকারি সংস্থাকে বাড়তি টাকা দিয়ে নিচতলায় ছোট একটি বাথরুম তৈরি করে নিয়েছেন।
তবে লং আইল্যান্ডের দিকে যাওয়ার সময় গাড়ি যখন একটা মার্কেটে থামল এবং আমরা ‘বার্নস অ্যান্ড নোবেল’ বইয়ের দোকানটা আবিষ্কার করলাম, তখন অন্য রকম এক উত্তেজনায় আমরা কাঁপছিলাম। ঝকঝকে-তকতকে এই দোকানে ঢুকেই আমাদের পরবর্তী প্রজন্মের সবাই যে যার পছন্দের কোণে চলে গেল। লক্ষ করলাম, ডান দিকজুড়ে বইয়ের সেল চলছে। এখনো প্রেসের গন্ধ বুকে লেগে থাকা বইগুলোর কিছু বিক্রি হচ্ছে কম দামে। এই বইগুলোর মধ্যে আছে রন্ধনপ্রণালি, উঠতি লেখকদের উপন্যাস বা গবেষণা, রাজনীতির বই। প্রতিটি সেকশনেরই আলাদা নাম। ‘রাজনীতি’ নামক সেকশনে যুক্তরাষ্ট্র ও পৃথিবীর রাজনীতি নিয়ে নানা ধরনের বই রয়েছে। তাতে ট্রাম্পকে নিয়ে লেখা বইয়ের পাশাপাশি মার্টিন লুথার কিং, ক্লিনটন, আইজেনহাওয়ার, লিংকনকে নিয়ে লেখা বইও দেখলাম। শিশু-কিশোরদের জন্য রয়েছে মনকাড়া বই। বইগুলোর নানা দাম। আমরা যারা দেশ থেকে নিউইয়র্কে বেড়াতে যাই, তাদের হাতে যে পরিমাণ ডলার থাকে, তা দিয়ে বইয়ের নেশা মেটানো যায় না। যা দেখি, তা-ই কিনতে ইচ্ছে করে, কিন্তু বোঝা যায়, নিউইয়র্কবাসীর জন্য এই টাকা খরচ করা যত সহজ, বাংলাদেশ থেকে ঘুরতে আসা মানুষের জন্য তত সহজ নয়।
গাড়ির পাশাপাশি সাবওয়ে আর হাঁটাহাঁটিতে খুব আনন্দ পেয়েছি। পার্কগুলোয় কিছুক্ষণ বসে, প্রায় জমে যাওয়া সরোবর দেখে, সেই সরোবরে হাঁসের আনাগোনা দেখে এবং হলদে-পাটকিলে হয়ে আসা গাছের পাতার ফাঁক দিয়ে নিউইয়র্কের আকাশ দেখে এক অপার্থিব আনন্দ পেয়েছি। আমার এখনো মনে পড়ে, পারসন বুলেভার্ড থেকে ডান দিকে ঘুরে একটু ওপরের দিকে উঠে যাওয়া রাস্তাটার কথা। ওই রাস্তার কথা স্মরণে এলে মনে হয়, এখনো আমি নিউইয়র্কের পথটায় হাঁটছি।