ভিন্ন ধাঁচের প্রেসিডেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

আমেরিকার জনগণ একজন ভিন্ন ধাঁচের প্রেসিডেন্ট চেয়েছিল। কোনো সন্দেহ নেই, ডোনাল্ড ট্রাম্প সেই ভিন্ন ধাঁচের প্রেসিডেন্ট। কথাটি বলেছেন সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা সিনেটর মিচ ম্যাককনেল। ওয়াশিংটনের বিজ্ঞ রাজনীতিবিদদের মধ্যে সিনেটর মিচ ম্যাককনেলও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একসময়ের কড়া সমালোচক ছিলেন।
ম্যাককনেলের মুখ থেকে কথাটি এলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা মনে করেন, তাঁরা একজন ভিন্ন ধাঁচের প্রেসিডেন্ট পেয়েছেন, যিনি সব অনুমান ভেঙে দিতে পারেন। যিনি রাজনীতির কায়েমি স্বার্থের সঙ্গে আপস করে নয়, সংঘাত করেই রাষ্ট্র পরিচালনা করতে পারেন। বিপত্তি থাকলেও ক্ষমতা গ্রহণের প্রথম এক শ দিনের মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্প দেখাতে পেরেছেন, তাঁর কাছে আমেরিকাই প্রথম। তাঁর সমর্থকেরা মনে করেন, প্রেসিডেন্ট ট্রাম্প সবকিছু গুছিয়ে দেশকে নিয়ে তাঁর অগ্রযাত্রা চালিয়ে যাবেন দাপটের সঙ্গে। প্রেসিডেন্ট ট্রাম্পের হাত ধরেই আমেরিকা আবার মহান হয়ে ওঠার স্বপ্নে এখনো অনড় ট্রাম্প সমর্থকেরা।
নানা বিতর্কের পথ ধরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসেন। আমেরিকার মিডিয়া জরিপকে যাঁরা বাইবেল জ্ঞান করেন, তাঁদের বোকা বানিয়েই তাঁর ক্ষমতায় আসা। ক্ষমতায় এসে ভোল পাল্টে ফেলেননি ট্রাম্প। অনেকের কাছে অপ্রিয় যেসব কথা বলে নির্বাচনে জিতেছেন, ক্ষমতায় আসার পরও তাই করছেন। রাজনীতির অচলায়তন ভেঙে এগিয়ে যেতে বিপত্তিতে পড়লেও প্রেসিডেন্ট ট্রাম্প দমে যাবেন না—এমন মনে করেন তাঁর সমর্থকেরা।
ক্ষমতা গ্রহণের এক শ দিনের মধ্যে তাঁর জনপ্রিয়তা ছিল সর্বোচ্চ ৫০ শতাংশে। মার্কিন মিডিয়ার জরিপে এ জনপ্রিয়তা নামছে। এখন চল্লিশের কাছাকাছিতে এসে ঠেকেছে। ট্রাম্পের সমর্থক মিয়ামির নাগরিক মাইতি বুনো বলছেন, জনগণকে সজাগ থাকতে হবে। ডোনাল্ড ট্রাম্প সব আমেরিকানের প্রেসিডেন্ট। ট্রাম্পের সমর্থনে এখনো সভা সমিতিতে নিয়মিত যান লুসি রায়েস। লুসি বলেন, সবাই যেমন মনে করেন, প্রেসিডেন্ট ট্রাম্প তেমন ব্যক্তি নন। ট্রাম্পকে একজন ভালো প্রেসিডেন্ট বলে তিনি উল্লেখ করেন।
ক্ষমতা গ্রহণের পরপরই প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ডেমোক্র্যাট দলের গুরুতর সংঘাত প্রকাশ্য হয়ে ওঠে। এ সংঘাত দেখা যায় তাঁর দলের সঙ্গেও। ট্রাম্প বনাম এফবিআই, ট্রাম্প বনাম কেন্দ্রীয় সরকারের নানা বিভাগ, ট্রাম্প বনাম বৈদেশিক রাষ্ট্রনেতারা এবং সর্বোপরি ট্রাম্প বনাম মিডিয়া যুদ্ধে আমেরিকা সরগরম থেকেছে গত তিন মাস। প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা নিয়েই মার্কিন মিডিয়াকে বলেছেন ‘ফেক নিউজ’। সংবাদমাধ্যম সচেতনভাবে সত্য বলছে না, যা আমেরিকার জন্য ভয়ংকর বলে তিনি বারবার উল্লেখ করেন।
নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ এবং ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের পরাজয়ের পেছনে রাশিয়ার হাত আছে—এ নিয়ে মার্কিন মিডিয়া সরগরম ছিল। প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি মিডিয়াকে আক্রমণ করেছেন। বলেছেন, এসব কিছুই ভুয়া মিডিয়ার প্রচারণা। তাঁর কাছে আমেরিকাই প্রধান, আমেরিকাই অগ্রাধিকার।
ওয়াশিংটনের প্রতিষ্ঠিত রাজনীতিতে এমন নেতা আগে কখনো দেখা যায়নি। মার্কিন মিডিয়াও ট্রাম্পকে ছেড়ে কথা বলেনি। হোয়াইট হাউসের অন্দরমহল থেকে শুরু করে ট্রাম্প প্রশাসনের নানা বিপত্তি নিয়ে রসাল সব সংবাদে ভরপুর ছিল গত তিন মাসের প্রধান প্রধান মার্কিন মিডিয়া। ওয়াশিংটন পোস্ট-এর মতো সংবাদপত্র শিরোনাম করেছে, ‘ট্রাম্পের প্রথম এক শ দিন: এক ব্যর্থতার খতিয়ান, নিম্ন জনপ্রিয়তার এক নতুন মাত্রা’। যদিও একই পত্রিকার ভিন্ন জরিপে দেখা যায়, এখনো নির্বাচন হলে হিলারি ক্লিনটনকে হারাতে পারবেন ডোনাল্ড ট্রাম্প।
গত তিন মাসের নানা বিপত্তিতেও ট্রাম্প সমর্থকেরা হতাশ নয়। গত বছর নিউ হ্যাম্পশায়ারের প্রাইমারির পর ফ্রি ট্রাম্প টাট্টু বিতরণ করে প্রচারে এসেছিলেন বব হোমস। সেই বব বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প চমৎকার চালাচ্ছেন। ট্রাম্প আমেরিকার উন্নয়ন এবং কর্মসংস্থানকে অগ্রাধিকার দিচ্ছেন। সরাসরি জনগণের চোখে চোখ রেখে কথা বলছেন। যদিও কিছু বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে বলে তাঁর এ সমর্থক মনে করেন। ওবামা কেয়ার বাতিল করতে না পারলেও ট্রাম্প সমর্থকেরা মনে করেন, তা পুরোপুরিই বাতিল করতে সক্ষম হবেন প্রেসিডেন্ট ট্রাম্প।
ক্যালিফোর্নিয়ার কলেজ অধ্যাপক চার্লস কেসলার প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা গ্রহণের সময় বেশ সংশয়ে ছিলেন। গত তিন মাসের কার্যক্রমের পর বলছেন, তাঁর ধারণা ইতিবাচক এখন প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে। তিনি বলেন, ট্রাম্প তাঁর প্রতিশ্রুতিতে অনড় রয়েছেন। অভিবাসন নিয়ে কাজ করছেন, আমেরিকার বাণিজ্য ঘাটতি দূর করাসহ ব্যবসা-বাণিজ্যে সরকারি নিয়ন্ত্রণ কমিয়ে আনার কাজ করছেন। এ অধ্যাপক মনে করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুধু একজন সফল প্রেসিডেন্টই নন, আগামীর ইতিহাসে একজন আদৃত প্রেসিডেন্ট হিসেবে পরিচিতি পেতে পারেন।
ট্রাম্প সমর্থকেরা মনে করেন, সিরিয়ায় হামলা চালিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বুঝিয়ে দিয়েছেন, তিনি বসে থাকবেন না। তাঁর পূর্বসূরির মতো হামলা চালাতে তিনি দ্বিধাগ্রস্ত নয়। নিউজার্সিতে বসবাসরত ট্রাম্প সমর্থক জর্জ আরকেস এ প্রতিবেদককে বলেন, আফগানিস্তানে পারমাণবিক নয় এমন সবচেয়ে শক্তিশালী বোমা হামলা করে ট্রাম্প আইএসের মতো জঙ্গি সংগঠনকে নির্মূল করার প্রকাশ্য অবস্থান জানান দিয়েছেন। একই এলাকায় বসবাসরত স্টিভেন লিমানিওন এ প্রতিবেদককে বলেন, আমেরিকার কর্মীদের কর্মসংস্থানের জন্য ভিসা নিয়ন্ত্রণ করা হচ্ছে। অবৈধ অভিবাসন কঠিন করা হচ্ছে। সীমান্তে দেয়াল নির্মাণ করা হচ্ছে। সবই প্রেসিডেন্ট ট্রাম্পের আমেরিকা প্রথম নীতির প্রতি অবিচল অবস্থানের কারণেই হচ্ছে বলে তিনি মনে করেন। এসব অনেক কাজই বাইরের দেশের জন্য অপ্রিয় হলেও ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট। আমেরিকার জন্যই অন্যদের বিরূপ প্রচারণায় পড়ছেন ট্রাম্প, এমন মনে করেন তাঁর অনেক সমর্থক।
থিংক ট্যাংক হাডসন ইনস্টিটিউটের সিনিয়র ফেলো আর্থার হারমেন বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সফলতা মিডিয়াতে যা আসছে, তার চেয়ে সম্ভবত বেশি। তিনি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প আমাদের চেনা রাজনীতিবিদ নন। ওয়াশিংটনের রাজনৈতিক ঘরানায় তাঁর জন্ম হয়নি। তারপরও আমেরিকার বিরাজমান বিষয়গুলো নিয়ে তিনি কাজ করছেন।’ হারমেন বলেন, জনগণের কাছে উদ্বেগের বিষয়গুলোকে ধারণ করে আমেরিকার রিপাবলিকান এবং ডেমোক্র্যাটদের এক কাতারে নিয়ে আসার উত্তম পন্থা প্রেসিডেন্ট ট্রাম্পের জানা আছে বলেই এখন মনে হচ্ছে।