ভিন্ন পথে আসা প্রবাসী আয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের যুদ্ধের পর বিধ্বস্ত বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল ভেঙে পড়া অর্থনীতির ওপর দাঁড়িয়ে। হেনরি কিসিঞ্জারের ভাষায় ‘তলাবিহীন ঝুড়ি’। সেই তলাবিহীন ঝুড়িতে জোড়া লাগতে সময় লাগেনি। মূলত প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর ভর করে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছিল, যা এখনো অব্যাহত আছে। বর্তমানে বাংলাদেশের জিডিপিতে প্রবাসী আয়ের অবদান ৬ শতাংশের মতো।
কিন্তু আশঙ্কার বিষয় হলো, সাম্প্রতিক বছরগুলোতে প্রবাসী আয়ের প্রবাহ কমে যাচ্ছে, যা গত তিন দশকে দেখা যায়নি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১৬ সালে প্রবাসীরা ১ হাজার ৩৬১ কোটি ডলার দেশে পাঠিয়েছেন। অথচ তার আগের বছর পাঠিয়েছিলেন ১ হাজার ৫৩২ কোটি ডলার। সে হিসাবে রেমিট্যান্স প্রবাহ কমেছে ১১ দশমিক ১৬ শতাংশ। এই সংবাদ দেশের অর্থনীতির জন্য মোটেই শুভ নয়। শুভ নয় দেশের নাগরিকদের জন্যও।
এ বিষয়ে বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত একাধিকবার সংসদে বলেছেন, ব্যাংকিং চ্যানেল ও খোলাবাজারে মার্কিন ডলারের দামের পার্থক্য তিন টাকার বেশি। তাই বেশি লাভের আশায় অনেকে হুন্ডির মাধ্যমে দেশে টাকা পাঠানোর পথ বেছে নিচ্ছেন। যে কারণে রেমিট্যান্স প্রবাহ কমে যাচ্ছে।
সম্প্রতি নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের এক আলোচনায় রূপালী ব্যাংকের চেয়ারম্যান মঞ্জুর হোসেনও একই রকম তথ্য দিয়ে বলেছেন, বাংলাদেশের জন্য হুন্ডি একটি বড় সমস্যা। অর্থমন্ত্রীর বক্তব্য থেকে এটা স্পষ্ট যে হুন্ডির ওপর প্রবাসীদের নির্ভরতা কমাতে পারলে বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহ বাড়বে। এখন প্রশ্ন হলো, হুন্ডির ওপর নির্ভরতা কমানোর উপায় কী?
এ কথা বলার অপেক্ষা রাখে না যে সব প্রবাসীই তাঁদের দেশকে ভালোবাসেন। তাই প্রবাসীদের সচেতন হতে হবে। কারণ, বৈধ পথে টাকা না পাঠালে দেশের প্রবৃদ্ধি বাড়বে না। আর প্রবৃদ্ধি না বাড়লে দেশের উন্নয়নও হবে না। তবে এ ক্ষেত্রে প্রবাসীদের চেয়ে বাংলাদেশ সরকারের দায়িত্ব অনেক বেশি। এটা নিশ্চিত যে, সরকার বিদেশ থেকে মুদ্রা আদান-প্রদানের পদ্ধতি সহজ করলে, মুদ্রার বিনিময় হার ঠিক করলে এবং বৈধ পথে মুদ্রা আদান-প্রদানকারীদের জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থা করলে প্রবাসীরা বৈধ পথেই টাকা পাঠাবেন। কারণ, তাঁরাও দেশকে ভালোবাসেন।