ভিন্ন প্রক্রিয়ার নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নাগরিকেরা প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিলেও তিনি সরাসরি নাগরিকদের ভোটে নির্বাচিত হন না। নির্বাচিত হন ‘ইলেকটোরাল কলেজ’ প্রক্রিয়ার মাধ্যমে। এ কারণে তুলনায় বেশিসংখ্যক ভোটারের রায় পেলেও কোনো প্রেসিডেন্ট প্রার্থী হেরে যেতে পারেন।
ইলেকটোরাল কলেজ বা নির্বাচকমণ্ডলী গঠিত হয় ৫৩৮ জন ইলেকটর অর্থাৎ নির্বাচক নিয়ে। এই সংখ্যা দেশটির কংগ্রেসের দুই কক্ষ প্রতিনিধি পরিষদ ও সিনেটের মোট আসনসংখ্যার প্রায় সমান। প্রতিনিধি পরিষদের সদস্যসংখ্যা ৪৩৫টি, আর সিনেটের আসনসংখ্যা ১০০টি। বাকি তিন সদস্য ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার জন্য বরাদ্দ।
ইলেকটোরাল কলেজের জন্য নির্বাচিত ব্যক্তিরা আসলে নির্বাচনের লড়াইয়ে থাকা রাজনৈতিক দলগুলোর সদস্য, যাঁরা নিজ নিজ দলের প্রেসিডেন্ট প্রার্থীর প্রতিনিধিত্ব করেন। বিভিন্ন অঙ্গরাজ্যের জনসংখ্যার ভিত্তিতে সেখানকার ইলেকটরের সংখ্যা নির্ধারিত হয়। যেমন বড় অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার জনসংখ্যা সবচেয়ে বেশি হওয়ায় সেখানে ইলেকটর ৫৫ জন। যে প্রেসিডেন্ট প্রার্থী একটি অঙ্গরাজ্যের ভোটারদের বেশি ভোট পাবেন, সে অঙ্গরাজ্যের সবগুলো ইলেকটোরাল ভোট তাঁরই হয়ে যাবে।
আজ মঙ্গলবারের নির্বাচনে যুক্তরাষ্ট্রের ভোটাররা দুই প্রেসিডেন্ট প্রার্থীকে ভোট দেওয়ার পাশাপাশি ইলেকটোরাল কলেজ সদস্যদেরও নির্বাচিত করবেন। আগামী ১৯ ডিসেম্বর এই ইলেকটররাই সরাসরি ভোট দিয়ে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করবেন। যে প্রার্থী ন্যূনতম ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট নিশ্চিত করবেন, তিনিই হবেন প্রেসিডেন্ট।