ভিন্ন বছরে জন্ম হলো যমজ কন্যার!
তারা দুজন যমজ বোন। কিন্তু তাদের জন্ম হয়েছে ভিন্ন দুটি বছরে। বিষয়টি অবাক করার মতো হলেও সত্য। কেননা তাদের দুজনের বয়সের পার্থক্য মাত্র চার মিনিট। আর এই চার মিনিটেই পাল্টে গেছে একটি বছরের ক্যালেন্ডারের পাতা।
বিরল এ ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে। সান ডিয়েগোর কেয়ার্নি মেসায় শার্প মেরি বির্চ মা ও শিশু হাসপাতালে শনিবার রাতে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
ওই হাসপাতালের বিপণন ও যোগাযোগ বিভাগের ব্যবস্থাপক লরা হলোওয়ে বলেন, তাঁদের হাসপাতালে একজন নারী দুটি যমজ কন্যার জন্ম দেন। তাদের একজন স্কারলেট অ্যানির জন্ম হয় ৩১ ডিসেম্বর শনিবার রাত ১১টা ৫৬ মিনিটে। অপরজন ভার্জিনিয়া রোজ জন্মগ্রহণ করে ঠিক রাত ১২টায়। কিন্তু তখন পুরোনো বছর বিদায় নিয়ে শুরু হয়ে গেছে নতুন বছর ২০১৭ সাল।
এমন ঘটনা বেশ বিরল। তবে সান ডিয়েগোতে এটি নতুন নয়। আগের বছরও এমন একটি জন্মের ঘটনা ঘটেছিল সেখানে। তখন যমজ দুটি ছেলেমেয়ের জন্ম হয়েছিল তিন মিনিটের ব্যবধানে। মেয়েশিশু জেইলিনের জন্ম হয় ২০১৫ সালের ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে। আর ছেলেশিশু লুইস তিন মিনিট পর অর্থাৎ ২০১৬ সালের ১ জানুয়ারি ১২টা ২ মিনিটে জন্ম নেয়।