ভিন্নমতাবলম্বীদের তালিকা করছেন ট্রাম্প-সমর্থকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্প এখনো ক্ষমতা গ্রহণ না করলেও এরই মধ্যে ভিন্নমতাবলম্বীদের নামের তালিকা তৈরির কাজ শুরু করেছেন তাঁর সমর্থকেরা। তালিকা তৈরির এই প্রক্রিয়াকে পর্যবেক্ষকেরা পঞ্চাশের দশকে কমিউনিস্ট সন্দেহে লেখক, শিল্পী ও বুদ্ধিজীবীদের ‘কালো তালিকাভুক্ত’ করার অভিযানের সঙ্গে তুলনা করেছেন পর্যবেক্ষকেরা। সিনেটর ম্যাকার্থির শুরু করা ওই অভিযান মার্কিন ইতিহাসে ‘উইচ হান্ট’ নামে পরিচিত।
যেসব কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাসে ট্রাম্পের সমালোচনা করেছেন, তাঁদের একটি তালিকা তৈরি শুরু করেছে ট্রাম্প-সমর্থক বলে পরিচিত টার্নিং পয়েন্ট ইউএসএ নামের একটি সংগঠন। তারা ‘প্রফেসর ওয়াচ লিস্ট’ নামের একটি ওয়েবসাইট চালু করেছে। তাদের কথা অনুযায়ী, রক্ষণশীল ছাত্রদের প্রতি বৈষম্যপূর্ণ মনোভাব পোষণ করেন অথবা বামপন্থী ধ্যান-ধারণা প্রচার করেন, এমন শিক্ষকদের চিহ্নিত করে তাঁদের নাম এই ওয়েবসাইটে রাখা হবে।
‘উইচ হান্ট’-এর প্রথম পদক্ষেপটি এর আগে ট্রাম্প ক্যাম্পেইন থেকেই নেওয়া হয়। জ্বালানি মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে যেসব ব্যক্তি জলবায়ু পরিবর্তন প্রশ্নে ওবামা প্রশাসনের অনুসৃত নীতির পক্ষে কাজ করেছে, ট্রাম্পের পক্ষে তাঁদের তালিকা চাওয়া হয়। প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার পর যুক্তরাষ্ট্রের পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বে ট্রাম্প এমন একজনকে মনোনয়ন দিয়েছেন, যিনি জলবায়ু পরিবর্তনে বিশ্বাস করেন না। এই রাজনৈতিক প্রেক্ষাপটে ট্রাম্প ক্যাম্পেইন থেকে তালিকা চেয়ে পাঠানো চিঠিটি বিভিন্ন মহলে ভীতি ও উদ্বেগ সৃষ্টি করেছে।

এদিকে জ্বালানি মন্ত্রণালয়ের ‘ওবামাপন্থী’ কর্মচারীদের নাম চেয়ে চিঠি পাঠানোর খবরটি প্রচারিত হওয়ার পর চারদিক থেকে তীব্র সমালোচনার মুখে পড়ার পর বলা হয়েছে, যে চিঠিটি গেছে তা প্রেসিডেন্ট নির্বাচিত ট্রাম্প অনুমোদন করেননি। ট্রাম্পের মুখপাত্র শ্যন স্পাইসার বলেছেন, যে ব্যক্তি চিঠিটি পাঠিয়েছিলেন, তাঁকে সতর্ক করে দেওয়া হয়েছে। জ্বালানি দপ্তর এই চিঠি পাওয়ার কথা স্বীকার করলেও বলেছে, এই নির্দেশ অনুযায়ী কোনো তালিকা দেওয়ার ইচ্ছা তাদের নেই।

হোয়াইট হাউস থেকে এই তালিকা তৈরির সমালোচনা করে বলা হয়েছে, সরকারি কর্মচারী ও বিজ্ঞানীদের ‘টার্গেট’ করার উদ্দেশ্যেই এ রকম একটি তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। ডেমোক্রেটিক পার্টির একাধিক সিনেটরও এই চিঠি পাঠানোর তীব্র সমালোচনা করেছেন।