ভিন্নরূপে বড়দিন উদ্যাপনে প্রস্তুত যুক্তরাষ্ট্র
সারা বিশ্বে ২৫ ডিসেম্বর বড়দিন উদ্যাপিত হচ্ছে। যুক্তরাষ্ট্রে এই উৎসব পালিত হয় ধর্মীয় আর সামাজিক ব্যঞ্জনায়। মহামারিতে তিন লাখ ২৩ হাজারের বেশি মানুষের মৃত্যুর দরজায় দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের মানুষ উদ্যাপন করতে যাচ্ছে বছরের সবচেয়ে বড় উৎসবটি। করোনায় স্বজনহারা এ দেশের মানুষের কাছে এবারের বড়দিন উৎসব ভিন্নরূপে এসেছে। চলমান করোনা মহামারিতে সবচেয়ে বড় এই উৎসবে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রের পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে। থ্যাংকসগিভিং উৎসবের পর যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ তীব্র হয়েছে। তাই, বড়দিনের উৎসবের পর পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠবে বলে আশঙ্কা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের সিংহভাগ মানুষ খ্রিষ্ট ধর্মের অনুসারী। ব্যাপক উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে যিশুখ্রিষ্টের জন্মদিন পালন করে তারা। দিনটি সামনে রেখে খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ গির্জা, বাসা, বাগান, ব্যবসাপ্রতিষ্ঠান ক্রিসমাস ট্রি, মোমবাতি ও আলোকসজ্জাসহ নানা সরঞ্জামাদি দিয়ে সাজিয়ে থাকে। এটি জীবন যেন আনন্দঘন ও আলোকিত হয়, তারই বাহ্যিক প্রকাশ। উপহারসামগ্রী নিয়ে সবাই নিজ পরিবারের সদস্য ও বন্ধু-বান্ধবকে দেখতে যান।
দিনটির অন্যতম আকর্ষণ হল, জাঁকালো ভোজনের আয়োজন। এই ভোজে টার্কি মুরগি এবং অন্যান্য উপাদেয় খাদ্য-সামগ্রীর ব্যবস্থা থাকে। এ দিনের হাসির ও কৌতূহলের বিশেষ দিক হলো কিংবদন্তি সান্তাক্লজের আগমন। অদৃশ্য সান্তাক্লজ গোপনে উপহার সামগ্রী দিয়ে আসেন, এমন বিশ্বাস করে আনন্দ পায় শিশুরা।
তবে যুক্তরাষ্ট্রে বড়দিন এখন আর শুধু খ্রিষ্টান সম্প্রদায়ের উৎসবের দিন নয়। অন্য অভিবাসীদের মতো প্রবাসী বাংলাদেশি পরিবারেও বড়দিনের উৎসব দেখা যায়। যুক্তরাষ্ট্রের সমাজে জন্ম ও বেড়ে ওঠা প্রজন্ম অন্যদের সঙ্গে এই উৎসবে যোগ দেয়। বিপণিবিতানগুলোতে হিড়িক পড়ে মূল্য ছাড়ের। ফলে কেনাকাটায় ব্যস্ত থাকেন প্রবাসীরাও। এবারে কেনাকাটার জন্য শপিং মলগুলোতে ভিড় দেখা যায়নি। করোনার সংক্রমণের কারণে অনলাইনে কেনাকাটা হয়েছে বেশি।
বাইবেলে যিশুর জন্মদিনের কোনো সুনির্দিষ্ট দিবসের উল্লেখ করা হয়নি। এটাও স্পষ্ট নয়, ২৫ ডিসেম্বরের সঙ্গে যিশুর জন্মের কোনো সম্পর্ক আছে কিনা। যদিও এই দিবসকেই যিশুর জন্মদিবস হিসেবে গণ্য করা হচ্ছে। মধ্যযুগে ইউরোপে এই দিবস উদ্যাপন একটি রেওয়াজে পরিণত হয়। ১৮৭০ সাল থেকে আমেরিকায় ২৫ ডিসেম্বর ফেডারেল ছুটি হিসেবে পালিত হচ্ছে। এ কারণে দিনটির গুরুত্ব আরও বেড়ে যায়।
বড়দিন উপলক্ষে একে অন্যকে অভিনন্দন জানানোর ঐতিহ্য পশ্চিমা দেশগুলোতে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্প, নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন, নবনির্বাচিত ভাইস কমলা হ্যারিসসহ রাষ্ট্রনেতারা জনগণকে বড়দিনের অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছেন।
ছবি: বড়দিন উপলক্ষে উপহার দেওয়া নেওয়া ও ক্রিসমাস ট্রি সাজানোর কাজটি যুক্তরাষ্ট্রের অধিকাংশ পরিবারের সংস্কৃতিতে মিশে আছে। নিউজার্সির একটি প্রবাসী পরিবারের এমন আয়োজন–ছবি:সংগৃহীত