ভিসার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য দিতে হবে
ভিসার ক্ষেত্রে নতুন নিয়ম তৈরি করেছে আমেরিকা। নতুন আইন অনুযায়ী, এখন থেকে আমেরিকার ভিসার জন্য আবেদনকারীদের ফেসবুক-হোয়াটসঅ্যাপসহ সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তারিত তথ্য জমা দিতে হবে, যা ৩১ মে ২০১৯ থেকে কার্যকর বলে গণ্য হবে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে মার্কিন ভিসা পাওয়া আরও কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নিয়মে বলা হয়েছে, মার্কিন ভিসা আবেদনের সময় আবেদনকারীকে তার সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহৃত নাম এবং গত পাঁচ বছর ধরে ব্যবহৃত—এমন ই-মেইল ও ফোন নম্বর জমা দিতে হবে। আমেরিকায় ভ্রমণ কিংবা পড়াশোনার জন্য আসতে আগ্রহীদের এসব তথ্য জমা দিতে হবে। তবে, কূটনীতিক ও সরকারি কর্মকর্তাদের ভিসার ক্ষেত্রে সব সময় এ নিয়ম প্রযোজ্য হবে না।
নির্দেশনায় আরও বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম সম্পর্কে কেউ যদি মিথ্যা তথ্য দেয়, তাহলে অভিবাসন-সংক্রান্ত বিষয়ে কঠোর পরিণতি ভোগ করতে হবে। তবে কেউ যদি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার না করে, তাহলে সেটি উল্লেখ করার সুযোগ থাকবে ভিসা আবেদন ফরমে।
নতুন নিয়ম অনুযায়ী পর্যটকসহ সব ভিসা আবেদনকারীকে তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলো সম্পর্কে তথ্য সরবরাহ করতে হবে। সরকারি অনুসন্ধান তালিকা অনুযায়ী সব অ্যাকাউন্ট চেক করা হবে। মার্কিন সরকারের বিরুদ্ধে কোনো চরমপন্থী বা সহিংসতার কনটেন্ট থাকলে তা ধরার জন্যই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর গত বছর এ নিয়মের প্রস্তাব করা হয়েছিল। তখন পররাষ্ট্র মন্ত্রণালয় হিসাব করে দেখেছিল, নতুন এ নিয়ম চালু হলে এর প্রভাব পড়বে ১ কোটি ৪৭ লাখ মানুষের ওপর।
মার্কিন ভিসার নতুন এই নিয়ম নিয়ে বিশ্বজুড়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টের তথ্য জানাতে চান না। কারণ, হ্যাক হয়ে যাওয়ার ভয় থাকে। পাশাপাশি গোপনীয়তা বজায় থাকবে না বলে মনে করেন অনেকে। ব্যক্তিগত গোপনীয়তার বিষয়টি নিয়ে এমনিতেও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে একটি শঙ্কা বিরাজ করে। বিশেষত ফেসবুকের বিরুদ্ধে এ সম্পর্কিত অভিযোগ ওঠার পর থেকে এক ধরনের আস্থার সংকট তৈরি হয়েছে সাধারণ পরিমণ্ডলে। সেখানে এই নতুন নিয়ম ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছে।
ভিসা আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের কর্মকাণ্ড নজরদারিতে রাখতে চায় মার্কিন প্রশাসন। মার্কিন প্রশাসনের কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহৃত হতে দেখা গেছে। ফলে নতুন এ নিয়মের মাধ্যমে সন্ত্রাসীদের শনাক্ত করা সম্ভব হবে বলে মনে করছে প্রশাসন।
২০১৮ সালের মার্চ মাসে ট্রাম্প প্রশাসন নতুন এ নিয়মের প্রস্তাব করলে মার্কিন মানবাধিকার সংস্থা আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন বলেছিল, সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি করে কোনো কার্যকর কিছু হয়েছে—এমন প্রমাণ নেই। সংস্থাটি বলেছে, এর ফলে মানুষ অনলাইনে তাদের মতপ্রকাশের বিষয়টি নিজে থেকেই সীমিত করে ফেলবে। এসব নিয়ম আরোপের ফলে মার্কিন ভিসা পাওয়া আরও কঠিন হয়ে পড়ল।
তবে মার্কিন প্রশাসনের কাছে নিরাপত্তার বিষয়টিই সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের ভাষ্য, ‘আমরা যাচাই-বাছাই পদ্ধতি উন্নত করতে ক্রমাগত কাজ করছি, যাতে মার্কিন নাগরিকদের নিরাপত্তা আরও সুরক্ষিত হয়।’